কাঞ্চননগরের রাজা দণ্ডধর দেবতার বরে এক পুত্রসন্তান পেয়েছিলেন। তার নাম মদনকুমার। তবে দেবতার আদেশ ছিল মদনকুমারকে ১২ বছর পাতালপুরীতে রাখতে হবে। কিন্তু তাকে আর সেভাবে রাখা হলো না। এ কারণে ঘুমপরী ও স্বপ্নপরী একদিন যুবক মদনকুমারকে স্বপ্নের মধ্যে সন্দ্বীপের রাজকন্যা মধুমালার কাছে নিয়ে যায়। তারা একে অপরকে দেখে মুগ্ধ হয়ে স্বপ্নের ভেতর মালাবদল করে। ভোর হয়ে এলে স্বপ্ন ভেঙে যায়, মধুমালা ও মদনকুমার দুজন দুজনকে হারিয়ে ফেলে। তারপর মধুমালার খোঁজে মদনকুমার সপ্তডিঙা মধুকর নিয়ে বেরিয়ে পড়ে। মাঝে মদনকুমারের জীবনে আসে কাঞ্চনমালা। শেষে স্বপ্নের মধুমালার আত্মাহুতির মধ্য দিয়ে শাশ্বত প্রেমকে মহৎ ও অমর করে তোলে।এ রকম কাহিনি নিয়ে তির্যক নাট্যদল দীর্ঘদিন পর ২০ জানুয়ারি সন্ধ্যায় টিআইসিতে (থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম) মঞ্চস্থ করল মুধুমালা নাটকটি। মধুমালা নাটকটি মূলত লোককাহিনিভিত্তিক গীত প্রধান নাটক। তির্যক নাট্যদলের ৪০তম প্রযোজনা মধুমালা। ১৯৯৯ সালের ২ জুন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্টুডিও থিয়েটারে তির্যক নাটকটি প্রথম মঞ্চস্থ করে।মধুমালার রচনাকাল ১৯৩৮। এর প্রথম মঞ্চায়ন হয় ১৯৪৫ সালে কলকাতার হ্যারিসন রোডে অ্যালফ্রেড রঙ্গমঞ্চে। নির্দেশনায় ছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং সংগীত নির্দেশনায় ছিলেন কাজী নজরুল ইসলাম। তির্যকের আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত মধুমালার অভিনয়ে ছিলেন—মাহবুবুল ইসলাম, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্তী, টুম্পা চৌধুরী, তৃণা বড়ুয়া, লাকী আমিন, শায়লা শারমিন, সুজিত চক্রবর্ত্তী, প্রিয়ংকর দেবনাথ, মিঠুন সিংহ, শ্যামল বড়ুয়া তন্ময়, বিজয় চক্রবর্ত্তী, জুয়েল চাকমা, বিভোর দাশ অপূর্ব, আকবর হোসেন, আহমেদ ইকবাল হায়দার, এ কে এম ইছমাইল, রমিজ আহমেদ, লক্ষ্মীপদ পাল, রোজিনা আকতার, সুমেন দে, জনি দাশ, নাজমুন নাহার সেজুতি, আহসান হাবীব সুইট ও উর্মি বড়ুয়া। মঞ্চ, আলোক ও পোশাক পরিকল্পনায় ছিলেন আহমেদ ইকবাল হায়দার এবং আলোক প্রক্ষেপণে ছিলেন এ কে এম ইসমাইল।