মহিষের শিংয়ের মতো বাঁকা কাজলং নদীর জলে ভেসে আসছে ছোট্ট এক মানবশিশু। পাশে ভাসছে মৃত মা মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা কুঙ্কুমির লাশ। পরম মমতায় তাকে নদী থেকে এনে সৎমা জয়ফুলের কাছে তুলে দেয় মঙ্গল। শিশুটি নননপুর গ্রামে জায়েদুল নামে বেড়ে ওঠে দাদির মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে। বড় হলে দেখা যায়, তার শরীরের অন্য গড়ন, অন্য বরণ। শরীরে বইছে পাকিস্তানিদের রক্ত। পরিচয় প্রকাশ হয়ে পড়লে সে ধীরে ধীরে গুটিয়ে নেয় নিজেকে। নানা কটূক্তি শুনতে শুনতে একসময় সে মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং মারা যায়। বাঘরূপে পুনর্জন্ম হয় তার। বাঘরূপী জায়েদুল ফিরে আসে নননপুর গ্রামে। তির্যক নাট্যগোষ্ঠীর ৩২তম প্রযোজনা নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২০ ও ২১ অক্টোবর সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে। নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর ও নির্দেশনা দিয়েছেন শামীম হাসান।