তুই বুঝলি না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতুল (ছদ্মনাম) আমার ছোটবেলার বন্ধু। আমরা একসঙ্গে স্কুল-কলেজে পড়েছি। একই এলাকায় থাকি। একটা ব্যাপার ছাড়া আমার এমন কোনো কথা নেই ও জানে না।
রাতুলের সঙ্গের সিমির (ছদ্মনাম) সম্পর্কটা প্রায় চার বছরের। কত কাঠখড় পুড়িয়ে রাতুল সিমির মুখ থেকে ‘হ্যাঁ’ শুনেছিল। সে সময় আমিও সাহায্য করেছিলাম খুব। চিঠি পৌঁছে দিয়েছি, বৃষ্টিতে ভিজে রাতুলের সঙ্গে সিমির জন্মদিনের উইশ করতে গেছি, এমনকি বন্ধুর জন্য এলাকার ছেলেপেলের সঙ্গে মারামারিও করতে হয়েছে একবার।
একসময় ওদের দুজনের মধ্যে একটা গন্ডগোল হলো। সিমি রোজ রাতে আমাকে ফোন করত। কাঁদত। আমি ওকে বোঝাতাম। চেষ্টা করতাম দুজনের সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়। শেষ পর্যন্ত ঝগড়া মিটে গেল ঠিকই, কিন্তু আমি কেন যেন সেদিন খুশি হতে পারিনি। তত দিনে সিমির সঙ্গে রোজ রাতে কথা বলাটা অভ্যাস হয়ে গেছে। একই অবস্থা সিমিরও। আমি ফোন না করলেও ও ঠিকই করত।
কোথা থেকে কী হয়ে গেল আমি জানি না। ফেসবুক বলছে রাতুল আর সিমি ‘ইন আ রিলেশনশিপ’। প্রোফাইলে ওদের দুজনের ছবি একসঙ্গে দেখলে আমার কেমন একটা চাপা কষ্ট হয়। সিমিও যে আজকাল একটু অন্য রকম হয়ে গেছে, বুঝতে পারি। রাতুলের প্রতি ওর আগের সেই টান যেন আর নেই। আগে আমার সঙ্গে কথা হলেও সেটা অকপটে রাতুলকে বলত। আজকাল কেন যেন আমার সঙ্গে ওর আলাপের ব্যাপারটা গোপন করতে চায়। রাতে সিমির সঙ্গে কথা হয় ঘণ্টার পর ঘণ্টা। কয়েক দিন ধরে আমাদের আলাপে আর রাতুল নামটা উচ্চারিতও হয় না। আমি আর সিমি দুজন দুজনকে ‘ভালোবাসি’ বলি না, অথচ আমরা একে অপরের প্রতি একটা প্রচণ্ড টান ঠিকই টের পাই। কিন্তু আমাদের আসলে কিছু করার নেই।
আমি সিমির কাছ থেকে সরে আসতে পারছি না। কথাটা বন্ধুদের কাউকে বলতেও পারছি না। সবাই কী ভাববে? বন্ধুর প্রেমিকার সঙ্গে...ছি! কেউ না হয় না-ই বুঝল। ‘রাতুল তুই বুঝবি না? কয়েক দিন ধরে সাহস সঞ্চয় করছি, তোর সঙ্গে খোলামেলাভাবেই কথা বলব। বলছি না তুই সিমিকে ছেড়ে যা। শুধু তোর ছোট্টবেলার বন্ধুটাকে একটু সাহায্য কর। সিমিকে পেলে তোকে ভুলে যাব কি না জানি না। কিন্তু তোর সাহায্য পেলে হয়তো সিমিকে ঠিকই ভুলতে পারব। তুই শুধু খেপে না গিয়ে আমাকে একটু বুঝিস...!’
নাম প্রকাশে অনিচ্ছুক