তুমা চিংয়ের মৃত্যুতে ফুঁসছে পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমা চিং মারমা হত্যাকাণ্ডের পর বিক্ষোভে ফুঁসছে পার্বত্য চট্টগ্রাম। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, টুইটার ও রাজপথে প্রতিবাদে মুখর হয়েছেন আদিবাসী জনগোষ্ঠী। একই সঙ্গে তুমা চিং যেন নতুন করে পাহাড়ের নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল।একাধিক তথ্যসূত্র ঘেটে জানা গেছে, ২০১২ সালে প্রায় প্রতি মাসে ঘটেছে নারী নির্যাতনের ঘটনা। সর্বশেষ গত ২১ ডিসেম্বর রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় তুমা চিং মারমা নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়।মানবাধিকার সংস্থা কাপেং ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নভেম্বর মাস পর্যন্ত তিন পার্বত্য জেলায় আদিবাসী নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন ২০ জন। এর আগে ২০১১ সালে ১০ জন আদিবাসী নারী ধর্ষণের শিকার হয়েছেন। ২০১২ সালে আদিবাসী নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটেছে ৫১টি। ২০১১ সালে ঘটেছে ৩১টি এবং ২০০৮ সালে চারটি। নারীর প্রতি সহিংসতা বাড়লেও এখন পর্যন্ত কোনো ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি হয়নি। তুমা চিং মারমাকে ধর্ষণের পর হত্যার ঘটনা সারা দেশে আলোড়ন না তুললেও প্রতিবাদে মুখর হয়েছেন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা। কয়েক দিন ধরে পাহাড়ের সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ধর্ষক ও হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করা হয়েছে।গত বুধবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনও তুমা চিং মারমার হত্যাকারীদের বিচার দাবি করেছে। নারী অধিকার কর্মীদের মতে, নারীর প্রতি সহিংসতায় জড়িত ব্যক্তিদের শাস্তি না হওয়া, রাজনৈতিক ও সামাজিক সংঘাতসহ বিভিন্ন কারণে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের কর্মকর্তা ঝুমা দেওয়ান বলেন, ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অবশ্যই দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অনেক অভিভাবক বা সাধারণ মানুষ জানেন না ধর্ষণের মতো ঘটনা ঘটলে কোথায় জানাতে হবে। পাশাপাশি চিকিৎসক, নারী অধিকার সংগঠনগুলোকে সংঘবদ্ধ করা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও এ বিষয়ে সংবেদনশীল হতে হবে। পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক সংগঠন উইমেন রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়ক শেফালিকা ত্রিপুরা বলেন, দোষীদের শাস্তির পাশাপাশি নারী ধর্ষণ ও হত্যার ব্যাপারে আদালতে মামলার সূত্রিতা দূর করতে হবে। নারী নির্যাতনের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে ও অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পেলে পরিস্থিতি পাল্টাবে।