তুমি আমার পাশে বন্ধু হে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দের দিন ​বা কষ্টের দিন, সব দিনেই বন্ধুর পাশে বন্ধু থাকে। মডেল: আবির, মৌ ও অরণ্য, ছবি: অধুনা
আনন্দের দিন ​বা কষ্টের দিন, সব দিনেই বন্ধুর পাশে বন্ধু থাকে। মডেল: আবির, মৌ ও অরণ্য, ছবি: অধুনা

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলটা খুব ভালো হয়নি ঢাকার নাফিসা আলমের। মা-বাবা-আত্মীয়, কারও সান্ত্বনাতেই মন মানছিল না। কত স্বপ্ন, পরিকল্পনা—সব বুঝি ভেস্তে গেল। এই হতাশার সময়টাতেই পাশে এসে দাঁড়ালেন বন্ধুরা। কাঁধে হাত রেখে বললেন, ‘দোস্ত এত ভেঙে পড়ছিস কেন? আমরা তো আছি। একসঙ্গে পড়ব, দেখিস, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ঠিকই সুযোগ হয়ে যাবে।’ কথাগুলো কেমন যেন জাদুমন্ত্রের মতো কাজ করেছিল নাফিসার ভেতর। বন্ধুত্বের মজাটাই এখানে। প্রয়োজন যা-ই হোক, একজন ভালো বন্ধু পাশে দাঁড়ালেই যেন বুকের ভেতর একটা অদ্ভুত সাহস ভর করে।
বন্ধুরা সঙ্গে থাকলেই যে জেতা যায় কিংবা বন্ধু ছাড়া জীবনটা ‘ইম্পসিবল’—এই সত্য জানতে টিভিতে বিজ্ঞাপন দেখার দরকার হয় না। বিপদেই বন্ধুর পরিচয়, এই সহজ কথা কে না জানে? পছন্দের মানুষকে মনের কথাটা বলি বলি করেও বলার সাহস হচ্ছে না, বন্ধুরা নিশ্চয়ই একটা না একটা পথ বাতলে দেবে। আবার ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্কটা চুকেবুকে গেছে, এই মন খারাপের সময়টাতেও বন্ধুরাই সহায়। ফেসবুকে রেজওয়ান সিদ্দিকি (ছদ্মনাম) নামের এক তরুণ চাকরিজীবীর লেখা চোখে পড়ল। বন্ধুদের সঙ্গে সেলফি দিয়ে লিখেছেন, ‘ওরাই আমাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে।’ খোঁজ নিয়ে জানা গেল, হৃদয়ঘটিত জটিলতায় মানসিকভাবে খুব অস্থির একটা সময় কাটাচ্ছেন তিনি। তার ওপর অফিসের কাজের চাপে প্রতিদিন সন্ধ্যায় যখন মনে হয় ‘আর পারছি না’, তখন বন্ধুদের সঙ্গে আড্ডাটাই তাকে নতুন করে শক্তি দেয়।
প্রাচীন প্রবাদ বলে, ‘ভালো বন্ধু হলো আকাশের তারার মতো। আপনি সব সময় তাদের দেখতে পাবেন না। কিন্তু জানবেন, তারা নিশ্চয়ই আছে।’ কথাটা পুরোপুরি বিশ্বাস করেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মঞ্জুরুল ইসলাম। কদিন আগেই বিয়ে করেছেন। বলছিলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর বন্ধুরা সবাই যে যার মতো ব্যস্ত হয়ে গেছে। কারও সঙ্গেই দেখা হচ্ছিল না। হঠাৎ আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেল, ভেবেছিলাম ছোটখাটো করেই আয়োজনটা সারতে হবে। বন্ধুদের বললাম। ওরা বলল, ‘তোর কিচ্ছু করতে হবে না। তুই শুধু অনুষ্ঠানের দিন মাথায় পাগড়ি পরে হাজির হয়ে যাবি। বাকি সব আমরা দেখছি।’ মঞ্জুরুলের বিয়ের বিশাল আয়োজন দেখাশোনার দায়িত্ব সত্যিই বন্ধুরা নিয়েছিলেন। হেসে বলছিলেন, ‘আমি অফিস থেকে ছুটি নিতে পারছিলাম না। ওরা ঠিকই ছুটি নিয়ে কেনাকাটা থেকে শুরু করে বাবুর্চি ঠিক করা পর্যন্ত সব ব্যবস্থা করেছে। এমনকি প্রতিদিন সন্ধ্যায় রিহার্সাল করে গায়েহলুদে নেচেছেও!’ দায়িত্ব বন্ধুদের কাঁধে ছেড়ে দিয়ে মঞ্জুরুলও অনেকটাই নির্ভার থেকেছেন।
শুধু যে আনন্দের সময়টাতেই বন্ধুদের পাওয়া যায়, তা নিশ্চয়ই নয়। খারাপ সময়ও সবার আগে পাশে সেই বন্ধুরাই। উদাহরণ পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফরিন সুলতানার কাছে। গত বছর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল তাঁর ছোট ভাই। হন্যে হয়ে খুঁজছিলেন এবি পজিটিভ রক্ত। তারপর? ‘দুজন বন্ধুকে ফোন করলাম। এক ঘণ্টার মধ্যে দেখি ওরা চারজন রক্তদাতা নিয়ে হাজির। সেদিন ওরা না থাকলে কী যে হতো...’
সত্যিই তো! বন্ধুরা না থাকলে...নাহ্, ভাবাই যাচ্ছে না!