আচ্ছা, তোমার সেই বৃষ্টির দিনের কথা মনে আছে, যেদিন আমরা ভীষণ ভিজেছিলাম? আমার লাল টুকটুকে সুতির শাড়ি থেকে রং ধুয়ে যাচ্ছিল আর তা দেখে তোমার কী হাসি! মনে আছে, চোখের কাজল লেপ্টে আমাকে ঠিক ডাইনির মতো দেখাচ্ছিল, যে কিনা এক পুকুর রক্তের মধ্যে দাঁড়িয়ে আছে। আবছা আবছা মনে পড়ে, তুমি এমন কিছু বলেছিলে, আর সেটা শুনে আমার সেকি কান্না! মনে আছে?আজও দেখো না আকাশ ভেঙে সেই রকম বৃষ্টি নেমেছে আর আমি জানালায় বসে তোমায় ভাবছি। বৃষ্টিভেজা বিষণ্ন বিকেল। কেউ নেই কোথাও। স্মৃতি ছাড়া কোনো নোটবুক নেই আমার—তা তো তুমি জানো। প্রিয় মুখগুলো খুব যত্ন নিয়ে এঁকেছি সারা জীবন। মাঝেমধ্যে যখন খুব একা লাগে এমন মেঘলা দিনে, প্রিয় মুখগুলো দেখি গভীর মমতায়, গভীর বিষাদে।সেই এক ঝুম বৃষ্টির বিকেলে আমার হাত ধরে কাকভেজা হয়েছিলে তুমি, আর মুগ্ধ গলায় বলেছিলে, ‘আজকের এই বৃষ্টির বিকেলটা ভুলে যাবে না তো, মৌ? আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, ‘কখনো না, কখনো না।’আমি ভুলে যাইনি। আসলে কিছুই ভুলে যেতে পারিনি। সেই বিকেলের প্রতিটি মুহূর্ত মনে করতে পারি। সেদিন আমাদের ভালোবাসাবাসির দশম দিন ছিল আর দেখা হওয়ার প্রথম দিন। কত শখ করে সারা দিন পা ব্যথা করে অনেক মার্কেট ঘুরে লাল টুকটুকে শাড়িটা কিনেছিলাম। শুধু শাড়ি কিনলেই তো হবে না, এর সঙ্গে মিলিয়ে দুল-চুড়িও তো কেনা চাই। মনে পড়ে, আমার টিউশনির সব টাকা শেষ হয়ে গিয়েছিল শুধু শাড়ি কিনতেই। আনুষঙ্গিক জিনিসগুলো কিনেছিলাম ধার করে। এ রকম নাজেহাল হতে হবে কে জানত। আশুলিয়া থেকে ঢাকায় ফেরার সারাটা পথ তুমি আমার হাতটি শক্ত করে ধরে ছিলে।ভেজা শাড়িতে পা বেঁধে যাচ্ছিল বারবার, লজ্জা করছিল তখন। তুমি না-জানি কী ভাবছ আমাকে। গাধা একটা মেয়ে, এ রকম ভরা বর্ষায় শাড়ি পরে নাকি। তা-ও নতুন কেনা কড়কড়ে মাড় দেওয়া শাড়ি। তোমার সঙ্গে কথা বলব কী, সারাক্ষণ তো শাড়ি সামলাতেই হিমশিম খেতে হলো। তুমি গেয়েছিলে, ‘মন হারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা/ মন চায় মন চায় এই হূদয়ও জড়াতে কারও চির ঋণে...।’তুমি জানো না সেই মধুর বিকেলে তুমি কী ঋণেই আটকে ফেলেছিলে আমার হূদয়টাকে। এ জীবনে পারলামই না আর কারও জন্য ভাবনার একটু ফুরসত। কী এক ঘোরের মধ্যে কেটে গেল তিনটি বছর। অসম্ভব আনন্দের অপার ভালো লাগার উদ্দাম প্রেমের মধ্যে যেন ডুবে ছিলাম আকণ্ঠ।‘মৌ, দেরি হয়ে যাচ্ছে তো। তোর গোছানো শেষ হলো?’ মা এসে জোর ধমক লাগালেন।‘করছিস কী তুই এতক্ষণ ধরে? এমনিতেই দেরি হয়ে গেছে, তার ওপর তুই কিছুই গোছাসনি এখনো। কত দূর যেতে হবে, সে চিন্তা আছে তোর!’‘এই তো মা, শেষ হয়ে এল প্রায়।’তাড়াহুড়ো করে কোনো রকমে সব গুছিয়ে ছুট লাগালাম। আজ কোনো কিছুতেই দেরি না হোক। আর দেরি না হোক—মনে মনে এ প্রার্থনা করতে করতে যাত্রা শুরু করলাম।খুব অল্প সময়ের জন্য তুমি এসেছ। খুব তাড়াতাড়ি ফিরে যেতে হবে। এসবই বলেছিলে বারবার, মনে আছে আমার। তাই আমার সব আয়োজন যেন একদম ঠিকঠাক থাকে।টুকটুকে লাল শাড়ি পরেছি অনেক দিন পর। সেই বিকেলের পর আমি আর কখনো লাল শাড়ি পরিনি, শুধু আজকের দিনে পরব বলে। বাইরে ভীষণ ঝড়বৃষ্টি হচ্ছে। খোলা জানালা দিয়ে মাঝেমধ্যে বৃষ্টির ছাট ভিজিয়ে দিচ্ছে আমায়। তোমার জন্য কী ভীষণ অপেক্ষা করছি আমি আজ এই মেঘলা দিনে। অপেক্ষার প্রহর যেন ফুরোতেই চাইছে না। কী করছ তুমি? আজ তোমার এত কী কাজ?কয়েক যুগ পরে যেন শুনলাম।‘দেখি তো, আমার ডাইনিটা আজ কেমন সাজে সেজেছে?’ অবগুণ্ঠন সরিয়ে মুগ্ধ বিস্মিত গলায় বললে, ‘আমার বউটা দেখি আরও সুন্দর হয়েছে।’তুমি কি জানো, কত লক্ষ বছর ধরে অপেক্ষা করে আছি আমি শুধু তোমার এ মুগ্ধতা দেখার জন্য, চোখ ভরে গেল জলে। গভীর মমতায় জল মুছিয়ে দিতে দিতে আমার কানে ফিসফিস করে বললে, ‘ডাইনিটা আজ পরি হলো কেমন করে, বউ?’শ্রাবণী আহমেদ