তুমি কি কেবলই ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনীতে প্রবেশ করতেই রীতিমতো কবির জিজ্ঞাসার মুখে পড়তে হলো, ‘কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহলভরে— আজি হতে শতবর্ষ পরে...’ পাশেই শিল্পীর তুলির আঁচড়ে প্রাণ পাওয়া জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর!যাঁর লেখনীতে দু-চারটি শব্দে প্রকাশ পেয়ে যায় হাজার পৃষ্ঠার ভাবাবেগ, তুলির আঁচড়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো সহজ কর্ম নয়। অন্তরের ভালোবাসা আর গভীর শ্রদ্ধাবোধ উজাড় করে দিয়ে সে কঠিন কাজটিই নিপুণ হাতে করেছেন দেশবরেণ্য চিত্রশিল্পীরা। আর এসব শিল্প ঠাঁই পেয়েছিল ‘রবীন্দ্র চিত্র প্রতিলিপি ও ১৫০ শিল্পীর বিশেষ চিত্রকলা প্রদর্শনী’তে। রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন চিত্রকর্মেরও দেখা মিলল শিল্পকলা একাডেমীর চিত্রশালায় আয়োজিত সাম্প্রতিক এই প্রদর্শনীতে।প্রদর্শনীজুড়েই রবীন্দ্রনাথ আর তাঁর বিভিন্ন সৃষ্টি। পরিচয় হলো বিভিন্ন শিল্পীর অন্তর্দৃষ্টিতে দেখা ‘কৃষ্ণকলি’র সঙ্গে। ‘কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ!’ কৃষ্ণকলির চোখের মায়া কাটিয়ে উঠতে না উঠতেই দেখা হৈমন্তীর সঙ্গে। মুর্তজা বশীরের আঁকা হৈমন্তীর সামনে দাঁড়িয়ে থাকতে হলো দীর্ঘক্ষণ। ‘পোস্টমাস্টার’ গল্পের রতনের কথা মনে আছে? শিল্পী শেখ আফজালের আঁকা রতনকেও দেখলাম তার পোস্টমাস্টার দাদাবাবুর বিদায় ক্ষণে দরজার চৌকাঠ ধরে আকুল হয়ে দাঁড়িয়ে থাকতে। প্রদর্শনী ঘুরে ঘুরে আরও দেখা হলো সুভা, কাদম্বিনী আর মিনিদের সঙ্গে। শুধু রবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্রগুলোই নয়, শিল্পীরা তুলির আঁচড়ে তুলে এনেছেন তাঁর বিভিন্ন কথামালাও। মুস্তাফা মনোয়ার যেমন এঁকেছেন, ‘এমন দিনে তারে বলা যায়’। মোস্তাফিজুল হকের আঁকা সাদা-লাল শাড়ি পরনে মেয়েটি মুখে কিছু না বললেও চোখে চোখেই বলে দিল, ‘আমি হূদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ’। বিপাশা হায়াত এঁকেছেন, ‘অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো’।এমনিভাবে প্রদর্শনীর নামে এ যেন গল্পগুচ্ছ কিংবা সঞ্চয়িতার মধ্যে টুপ করে এক ডুব দিয়ে আসা!