তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য আশির দশকে কলেজে পড়ার সময় অ্যাপলের সঙ্গে পরিচয়। ক্লাসিক দিয়ে শুরু আর মধ্য নব্বইয়ে এলসি থ্রিতে আমার ম্যাক যাত্রার বিদায়। সে সময় রঙিন মনিটর আর চার মেগাবাইট র‌্যাম ও ১৬০ মেগাবাইট হার্ডডিক্সই ছিল বিশ্বসেরা পণ্য। দাম লাখ টাকার ওপর। দীর্ঘদিন পর ১৯৯৯-এ আবার ফিরে আসি ম্যাকে। এক এক করে কাজের প্রয়োজনে চলে আসে আই ম্যাক, জি-থ্রি, জি-ফোর, ম্যাকবুক, ম্যাক জিওন। কাজের জন্যই হোক আর নিছক আনন্দের জন্যই হোক ম্যাক হয়ে ওঠে আমার নিত্যদিনের সঙ্গী। ওয়েবে চোখ রাখি, ম্যাক ঘোষণা দিয়েছে আইপড নামের একটা মিউজিক ডিভাইস বের করবে, সময়টা ২০০৬। বন্ধুকে ইউএসএতে ফোন করে বলি বুকিং দেওয়ার জন্য। হাতে আসে কদিনের ভেতরই। অফুরন্ত ডাটা আর গান নিয়ে ঘুরি সারাক্ষণ। অ্যাপল আবার ঘোষণা দিল বাজারে ছাড়বে আইফোন, চলে উন্মাদনা। আবারও বন্ধুর সহযোগিতায় হাতে পাই আইফোন, তবে সেটি টিঅ্যান্ডটির লক করা ফোন। অনেক গবেষণা আর ওয়েব ঘেঁটে সেটি এক সপ্তাহের মধ্যে চালু করি। পৃথিবীর সবকিছু চলে আসে হাতের মুঠোয়। তার পর থেকে সব আইফোনই ব্যবহার করার সুযোগ হয়। আর ম্যাকের গুণকীর্তনে মুগ্ধ এই আমি কখন জানি জবসের বন্ধু হয়ে যাই। এভাবে একের পর এক বাজারে আসতে থাকে আইপড টাচ, আইপ্যাড, ম্যাক বুক এয়ার—আমিও পাগলের মতো সংগ্রহ করি। কখনো মার্কিন যুক্তরাষ্ট্র আবার কখনো কানাডা থেকে। যে কারণে আমার ব্যবহূত পণ্যের কি-প্যাডে বিভ্রান্তি রয়েই যায়। আমার নিত্য পথচলায় ম্যাক জীবনেরই আরেকটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সারা দিন চলে ম্যাকের সঙ্গে, এমনকি বাথরুমে বসেও কাজ সারি, পৃথিবীটাকে দেখতে পাই অপার আনন্দে। অফিস, বাসা কিংবা পথ, রাত অথবা দিন আপনার কল্যাণে সবই আজ একাকার। স্টিভ জবসের চাকরি চলে যাওয়া, আবার ফিরে এসে অ্যাপলের হাল ধরা—ম্যাককে নিয়ে যায় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডে। স্টিভের জন্ম না হলে পৃথিবীর সভ্যতা এত দ্রুত এ পর্যায়ে আসত না। এ কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি। স্টিভের চলে যাওয়া মানে শূন্যতা নয়, তার নকশায় পৃথিবীর আরও বহু প্রজন্ম চলবে বহুদিন—কারও ব্রিফকেসে, কারও হাতে, কারও পকেটে, কারও টেবিলে জবস বেঁচে থাকবেন—অনাদিকাল। স্টিভ, আপনাকে স্যালুট।এস এ শাহরিয়ার