তুমি রবে নীরবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯২ সালের জুন মাস। মেঘলা আকাশ। যেকোনো সময় ঝমঝম করে বৃষ্টি নামবে। কক্সবাজার সমুদ্রসৈকতে হাঁটাহাঁটি করছি। মেঘাহত সূর্যটা হঠাৎ এক পলকের জন্য বেরিয়ে এসেই টুপ করে সমুদ্রের ঢেউয়ের ভেতর নেমে গেল। সঙ্গে সঙ্গেই শাঁ শাঁ করে ঝড় শুরু হলো, সেই সঙ্গে তুমুল বৃষ্টিপাত। তখনকার দিনে বর্ষাকালে সৈকতে তেমন লোকসমাগম হতো না। যে কয়েকজন সমুদ্রপ্রেমিক মানুষ তখনো ছিল, ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে তারা ছুটতে শুরু করে। আমি মশগুল একটি গল্পের প্লট নিয়ে। একসময় ঝড়-বৃষ্টি থেমে যায়। অন্ধকারের চাদর ফুঁড়ে তারার ফুল ফুটতে থাকে। সামনে অবারিত জলরাশি, আকাশে প্রজ্বলিত তারকারাজি, এই সুদীর্ঘ সৈকতে আমি একা মানুষ। নিজেকে এক মহারাজা মনে হচ্ছে। প্রগাঢ় অন্ধকারের ভেতর সমুদ্রের সুরেলা গর্জন ছাপিয়ে কোত্থেকে যেন এক নারীকণ্ঠ ভেসে আসছে। সুরেলা কণ্ঠ। পরের বইমেলায় আমার প্রথম গল্পের বই বের হয়। বইয়ের নাম যেটুকু সময় তুমি থাকো কাছে। এই বইয়ে একটি গল্প আছে, ‘তিনি আসবেন’। গল্পের প্রধান চরিত্রের নাম হুমায়ূন আহমেদ। তাঁর একটি অসাধারণ ক্ষমতা আছে। তিনি যখন-তখন মানুষের মনের ভেতর ঢুকে যেতে পারেন। তারপর সেই মানুষের মনোজগতে অবাধে বিচরণ করেন। একবার অফিসের চিফ অ্যাকাউনটেন্টের মনের ভেতরে ঢুকে দেখেন, খুব নোংরা স্যাঁতসেঁতে একটি স্টোর রুম। সেখানে ফাইলপত্রে ঠাসা। একটি ফাইল খুলে দেখেন ৬৪ লাখ টাকা চুরির পুরো পরিকল্পনা। অথচ এই ঘটনায় জেল হয়েছে অন্য একজনের। শুধু অতীত নয়, মানুষের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোও মনোজগতে ঢুকে তিনি দেখতে পারেন। হঠাৎ তাঁর মনে হয়, ফাইলগুলো কেটেকুটে অসুন্দর পরিকল্পনাগুলো বদলে দিয়ে আমি যদি সব মানুষের মনে সুন্দর পরিকল্পনা লিখে দিই, তা হলে তো পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু কাজটা করতে গিয়ে টের পান, এই ক্ষমতা তাঁকে দেওয়া হয়নি। এই ক্ষমতা যাঁদের আছে, তাঁরা হলেন অতি উন্নত মনগোত্রের মানুষ। তাঁরা হাজার বছরে এক-আধজন আসেন পৃথিবীতে। তবে তিনি টের পাচ্ছেন, সেই রকম একজন খুব শিগগির পৃথিবীতে আসবেন। বইটি প্রকাশের পরদিনই আমি আমার অতি প্রিয় লেখক, যাঁর প্রায় সব বই-ই আমি পড়েছি, হুমায়ূন আহমেদের (প্রয়াত কথাটি আমি তাঁর নামের সঙ্গে কোনোদিনই লিখব না) হাতে দিয়ে বলেছিলাম, স্যার, ‘তিনি আসবেন’ গল্পটি পড়বেন। তিনি আমাকে কথা দিয়েছিলেন, ‘বইটি আলাদা করে রেখেছি, অবশ্যই তোমার গল্পটি পড়ব।’ আমি জানি না, তিনি গল্পটি পড়েছিলেন কি না। গত ২০ বছরে আমি আর কোনোদিন তাঁর সঙ্গে দেখা করিনি। কিন্তু আমার সব সময় মনে হতো, তাঁর সঙ্গে আমার একটি আত্মিক যোগাযোগ আছে। সামনাসামনি দেখা হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা একে অন্যের মনের ভেতর প্রায়শই ঢুকে পড়ি। আমি আরও একটি গল্প লিখেছিলাম, ‘স্তরান্তর’। সেই গল্পের এক চরিত্র মৃত্যু নামক ঘটনার মধ্য দিয়ে এক স্তর থেকে অন্য স্তরে চলে যায়। এরপর সে নিয়মিত বন্ধুদের আড্ডায় যায়, নিজের বাসায় যায়, সবার কথা শোনে, শুধু তার কথা কেউ শোনে না, তাকে কেউ দেখে না। তার জীবনে আরও একটি স্তরান্তর ঘটবে, এরপর সে পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তবে সেই স্তরান্তর সবার ঘটে না, কারও কারও ঘটে। হুমায়ূন আহমেদ এখন দ্বিতীয় স্তরে আছেন। তিনি আমাদের সঙ্গেই আছেন। আমি আশা করছি, তিনি সেই বিশেষ মানুষদের একজন, যাঁদের তৃতীয় স্তরে পৌঁছানোর ক্ষমতা দেওয়া হয়েছে। আরও একটি স্তরান্তরের মধ্য দিয়ে তিনি তৃতীয় স্তরে পৌঁছে যাবেন। তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বেশ কদিন ধরে সারাক্ষণ আমার হূদয়জুড়ে আছেন হুমায়ূন আহমেদ। কাজের ফাঁকে ফাঁকে কেবল তাঁর কথাই মনে পড়ে। আর তখনই গাইতে ইচ্ছে করে, তুমি রবে নীরবে/হূদয়ে মম...কাজী জহিরুল ইসলাম নিউইয়র্ক ২৯-০৭-২০১২লেখক: কবি, কলাম লেখক