তুমি রবে পল অনুপল
অনেকেই পল ও উৎপলের কথা জানেন। পল হলো অক্টোপাস, উৎপল হলেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক। দুজনেরই খেলাধুলা নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী করার ক্ষেত্রে সুখ্যাতি আছে। পল চলে গেল। থেকে গেলেন উৎপল। আর থাকলেন ‘শরীপললা’। ভদ্রলোকের নাম আসলে শরীফ উল্লাহ্। কিন্তু গত ফুটবল বিশ্বকাপের সময় পল-বিরোধী অবস্থান নেওয়ায় ক্ষুব্ধ বঙ্গীয় পল-সমর্থক কমিটি তাঁর নাম পাল্টে করে দেন শরীপললা।পুরো পৃথিবী ছিল একদিকে, আধুনিক বিজ্ঞানমনস্ক জনাব শরীফ উল্লাহ্ ছিলেন আরেক দিকে। যুক্তি দিয়ে, অঙ্কের কী সব ‘সম্ভাবিলিটি’র সূত্র কষে বুঝিয়ে দিয়েছিলেন, পল যা করছে তা স্রেফ বুজরুকি, এর পেছনে ওই আটপেয়োর অলৌকিক ক্ষমতা খোঁজা মূর্খামি।ভালো কথা বলার জন্য যুগে যুগে অনেক মহাপুরুষকেও সাধারণ্যের ধিক্কারের পাশাপাশি ছুড়ে মারা পাথরের আঘাত সইতে হয়েছে। তার ওপর আবার তখন বিশ্বকাপের মৌসুম। এমনিতেই পাবলিকের মেজাজ ছিল অস্থিতিশীল, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মতো চড়া। ফলাফল ছিল অনিবার্য—জনাব শরীফ উল্লাহ্ এবং তাঁর বিজ্ঞান জনসমাজে ধিকৃত হলো। জ্ঞান হারিয়ে জ্ঞানী শরীফ উল্লাহ্ হাসপাতালে শয্যাশায়ী হলেন দিন সাতেকের জন্য।পলের মৃত্যুর সংবাদ শোনার পর স্বাভাবিকভাবেই শরীফ উল্লাহ্ আনন্দিত। তবে সবচেয়ে আনন্দিত ডিয়েগো ম্যারাডোনা! এই পলের এক ভবিষ্যদ্বাণীর কাছে তো তাঁর দেবত্ব খসে পড়ার উপক্রম। ফুটবল-ঈশ্বর ছিলেন, দেবতার মতো মানুষ পুজো করত। সেই ম্যারাডোনাকে রক্ত-মাংসের মানুষ বানিয়ে ফেলল পল—কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনার পরাজয় ঘোষণা করে। ম্যারাডোনা তাই যারপরনাই খুশি, ‘তোমার মৃত্যুতে খুশি হয়েছি, পল। তোমার জন্য আমরা বিশ্বকাপে হেরেছি।’যেন মাঠে খেলা নয়, পলের ভবিষ্যদ্বাণীতেই নির্ধারিত হয়েছে জয়-পরাজয়। এ কারণেই পলকে মেরে ফেলার হুমকি দেয় আর্জেন্টাইনরা, দেশ থেকে বিতাড়িত করার হুমকি দেয় জার্মানরা। পল যে নিজ দেশের দু-দুটো পরাজয়ের ভবিষ্যদ্বাণীও করেছিল! এতটাই সে নিরপেক্ষ। পলের এই নিরপেক্ষতা দেখে বাংলার জনৈক গুণীজনকে বলতে শুনেছি, পলকে তত্ত্বাবধায়ক সরকারের ভার দিলেই তো সব ল্যাঠা চুকে যায়।দলীয় পক্ষপাতদুষ্টের তো আশঙ্কা নেই, উল্টো আছে কাঁড়ি কাঁড়ি টাকা বাঁচানোর সম্ভাবনা। নির্বাচন-টির্বাচনের হাঙ্গামা না করে পলের অ্যাকুরিয়ামে দুটো বাক্সে বাংলাদেশের দুই দলের পতাকা রেখে দেওয়া হতো। পল খপাৎ করে যে পতাকা খামচে ধরত, নির্বাচনে বিজয়ী হতো তারাই। অবশ্য শেষ পর্যন্ত পরাজিত দল যে পলকে ‘এক-এগারোর হোতা’ বলত না, সেই নিশ্চয়তা ওই গুণীজন দিতে পারেননি।এটাও যেমন এখন আর নিশ্চিত হওয়ার উপায় নেই, এই অভিনব নির্বাচন পল আদৌ করত কি না। করত মনে হয়। কী কাজটা পল করেনি? ভবিষ্যদ্বাণী করার কাজ থেকে অবসর নেওয়ার পর পল বই লেখার কাজে হাত দিয়েছিল। এখনো ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের শুভেচ্ছাদূত হিসেবে নাম আছে তার। পলের কথা ছিল সিনেমায় অভিনয় করারও। যেভাবে হু হু করে জনপ্রিয়তা বাড়ছিল তার, বোঝাই যাচ্ছে, পলের মৃত্যুতে পৃথিবীর লেখকসমাজ, অভিনেতারা হাঁপ ছেড়ে বেঁচেছেন। যাক বাবা, একটা শক্ত প্রতিদ্বন্দ্বী তো বিদায় নিল।পলের মৃত্যুতে স্বস্তিতে আছে বাজিকরেরা। গত বিশ্বকাপে এই এক পলের জন্যই কোটি কোটি টাকার লোকসান দিতে হয়েছে তাদের। লন্ডনের রাস্তায় রাস্তায় অনেককেই নাকি ভিক্ষা করতেও দেখা গেছে!ভক্তরা হাসিমুখেই তাকে শেষ বিদায় জানিয়েছে। কিন্তু পলের মৃত্যু মেনে নিতে পারছেন না জিয়াং জিয়াও নামের একজন চলচ্চিত্র পরিচালক। তাঁর দাবি, পল নাকি মারা গেছে সেই ৯ জুলাই, বিশ্বকাপ ফাইনালের দুই দিন আগেই! তাঁর এই দাবির পেছনে অবশ্য ব্যবসায়িক ধান্দার গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ জিয়াও একটা থ্রিলার ছবি নাকি বানাচ্ছেন। ছবির নাম ‘পল দি অক্টোপাসকে কে মারল’!পলের বলে বলীয়ান হয়ে টুপাইস কামানোর ধান্দায় আছে এমন অনেকেই। আমাদের ঢাকাই ছবির ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ নামের পরিচালকও নাকি পরিকল্পনা করছেন মারদাঙ্গা একটা ছবি বানানোর। সাম্প্রতিক সব আলোচিত বিষয় নিয়ে ছবি বানানো বলেই এমন নাম তাঁর। যেবার ঢাকায় মশার উৎপাত খুব বেড়ে গিয়েছিল, সে সময়ও ‘মশা কেন কামড়ায়’ নামের একটা ছবি বানিয়েছিলেন।সেই সিনেমা দেখতে ঢল পড়েছিল...না, মনুষ্যদর্শক নয়, মশককুলের।সে যাই হোক। পল আজ আমাদের মাঝে নেই। সেই গিয়েছে চলি, বকুল বিছানো পথে। তবে হতাশ হবেন না। এক পল লোকান্তরে, লক্ষ পল ঘরে ঘরে। না, লক্ষ না হলেও অন্তত আরেক পল আসছে। জার্মানির সেই অ্যাকুরিয়ামেই বেড়ে উঠছে পল নম্বর টু!