তুমি শুধু বৃষ্টিবিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

প্রতীথি বৃষ্টি হলেই ভিজতে চায়। দুহাত তুলে ডানা মেলা প্রজাপ্রতির মতো সারা ছাদ দাপিয়ে বেড়াতে চায়। আমি এসবে এক-আধটু চিন্তিত হয়ে পড়ি। ভাবি, ওর যদি ঠান্ডা লেগে যায়! তবু কোনো বাধা দিই না। কেননা, প্রতীথি বৃষ্টি ভালোবাসে। তার ভালো লাগাতেই আমি আনন্দ খুঁজি। কোনো এক ছুটির দিনে আমাকেও সে সঙ্গী করে নেয়। আমি সানন্দেই রাজি হয়ে যাই। কোনো কোনো দিন বাধা দিলেই তার মুখ ভার হয়ে থাকে। তবে রাজি হলেই এক পৃথিবী আনন্দ নিয়ে সে অন্য রকম সংসার রচনা করে।
সেদিন দুপুর-ফুরানো বিকেল। আমার চোখে ঘুম ভর করছে। বিছানায় নিজেকে জড়াতেই প্রতীথি আমাকে ছাদে যেতে বলে। আমি কোনো কিছু বলার আগেই সে আমার হাত ধরে টেনে টেনে অনেকটা জোর করেই ছাদে নিয়ে যায়। আমি অবাক তাকিয়ে রই। শুধু তার পিছু পিছু চলি। বাইরে কিন্তু ঝুমবৃষ্টি। আমি ছাদের দরজায় দাঁড়িয়ে থাকতে চাই। বলি, প্রতীথি আজ না ভিজলে হয় না? সে কিছু না বলে লক্ষ্মী মেয়ের মতো আমার কাছে আসে। মনে মনে বলি, তুমি সত্যিই অনেক ভালো। কিন্তু কিছু বুঝে উঠার আগেই হঠাৎ সে পেছন থেকে আমাকে ধাক্কা দেয়। আমি ধাক্কা খেয়ে বাইরে যেতেই ভিজে যাই। এমনি করেই সে ছাদের দরজা আটকে দেয়। আমি প্রতীথি প্রতীথি বলে দরজায় কড়া নাড়তে থাকি। দরজার অপর প্রান্তে খিলখিল করে হেসে ওঠে প্রতীথি। তবু দরজা খোলে না সে। শুধু বলে ওঠে, Èতুমি না ঘুমাতে চাও! আমি অসহায় হয়ে ভিজতে থাকি। কিছুক্ষণ পর ভেতর থেকে সে বলে ওঠে, যদি চোখ ১০ মিনিট বন্ধ রাখো, তাহলে আমি দরজা খুলতে পারি। আমি এক বাক্যেই রাজি হই। আমি সত্যিই চোখ বন্ধ রাখি। সে ঠাস করে দরজা খুলেই আমার কাছে আসে। আমার হাত ধরে বলে, এবার চোখ খোলো। আমি চোখ খুলেই বিস্মিত হয়ে যাই। আমার সামনে নীল শাড়ি পরিহিত প্রতীথি দুটি লাল গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার খুশি খুশি চোখ যেন পলক ফেলছেই না! আমি তার হাত চেপে ধরে বলি, তুমি এত তাড়াতাড়ি ক্যামনে কী করলা? সে চুপ হয়ে থাকে। তার ঠোঁট ভেঙে হাসি বের হয়। আমি তাকে ছুঁয়ে নতুন করে আবার পৃথিবীকে জানি। নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখি। তারপর দেরি হয়ে গেলে বলি, বৃষ্টিময় বিকেলটা শুভ হোক আজ। কেননা, দুই বছর আগে এই দিনেই আমরা এক হই। দিনযাপনের স্বপ্নটাকে সত্যি বানাই।
প্রায় এক বছর হয়ে গেল প্রতীথির হাত ধরি না। গেলবার স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে আসি। অনেক দূরে, বরফের দেশে। এখানে বৃষ্টি হলেই আমি প্রতীথিময় হয়ে যাই। বরফখচিত বৃষ্টিতে ভিজতে ছাদে যাই। একলা ভিজতে ভিজতে আকাশের দিকে তাকিয়ে থাকি। প্রতীথির প্রিয় মুখচ্ছবি চোখে ভেসে ওঠে। মনে মনে বলি, প্রতীথি, তুমি বৃষ্টি হয়ে নেমে আসো।