তুরস্ক কোন পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জানি না, আগামীকাল কপালে কী আছে। তবে খুব ভেতর থেকে মনে হচ্ছে, বিশ্ব নতুন দিকে মোড় নিচ্ছে।’ অবরুদ্ধ গাজা অভিমুখী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি কমান্ডো অভিযানের কয়েক ঘণ্টা আগে এমনটাই লিখেছিলেন তুর্কি সাংবাদিক হাকান আলবায়রাক। নৌবহরে থাকা তুরস্কের জাহাজ মাভি মারমারা থেকে হাকানের লেখা ওই কথা মনে হচ্ছে একভাবে ফলে গিয়েছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় দশকের পর দশক ধরে ইসরায়েল ও তুরস্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল। তবে তুরস্কের ওই জাহাজে হামলার পর সে সম্পর্ক ভেঙে যাওয়ার পথে। তার প্রমাণ মেলে ইরানের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের ভোটাভুটির সময়। যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় তুরস্ক। এর পরদিনই দেশটি মুক্ত বাণিজ্য অঞ্চল সৃষ্টির লক্ষ্যে জর্ডান, সিরিয়া ও লেবাননকে নিয়ে একটি অর্থনৈতিক চুক্তির ঘোষণা দেয়। ত্রাণবহরে হামলার পর তুরস্কের প্রধানমন্ত্রী ও ইসলামি দল একেপির প্রধান রেসেপ তায়িপ এরদোগান এক বিবৃতিতে বলেছিলেন, ‘তুরস্ক আর এ ধরনের কর্মকাণ্ড সহ্য করবে না।’ তাঁর এ বক্তব্যের পর পশ্চিমা দেশগুলোর কূটনীতিকেরা দ্বিধায় পড়ে যান, তাহলে কি বহুদিনের সেই বন্ধন ছিঁড়ে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ও ন্যাটোর দ্বিতীয় জনবহুল দেশ তুরস্ক কি তাহলে প্রাচ্যের দিকে ঝুঁকে পড়ছে? তবে ওয়াশিংটন এমনটা বলতে নারাজ।মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে তুরস্কের ভ্যাটো দেওয়ার ঘটনায় হতাশা ব্যক্ত করলেও দাবি করেন, ‘তুরস্ক আরও বেশি সক্রিয় এবং বহির্মুখী হলে আদৌ আমাদের কোনো সমস্যা নেই।’ তুরস্কের বর্তমান অবস্থান সম্পর্কে সম্যক ধারণা নিতে হলে ফিরে যেতে হবে অটোমান সাম্রাজ্যের পতন-পরবর্তী সময়ে। প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ওই সময়ে তুরস্ককে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়তে সচেষ্ট হন মোস্তফা কামাল আতাতুর্ক। দেশকে পশ্চিমা ধাঁচে গড়ে তোলেন আধুনিক তুরস্কের জনক এই জেনারেল। তিনি গোঁড়ামি শিক্ষা দেওয়া ধর্মীয় স্কুলগুলো বাতিল এবং আরবির পরিবর্তে লাতিন হরফে তুর্কি লেখার প্রচলন করেন। তিনি ঘোষণা করেছিলেন, ‘তুরস্ক সভ্য জাতির কাতারে স্থান করে নেবে।’ কামাল পাশার মৃত্যুর পরও তাঁর বাতলে দেওয়া পথে দীর্ঘদিন হেঁটেছিল তুরস্ক। কিন্তু গত ২০ বছরে কামাল আতাতুর্কের নীতি থেকে সরে এসেছে তুরস্ক। প্রধানমন্ত্রী এরদোগানের দলের সমর্থকেরা নব্য ধনিক ও ধার্মিক মধ্যবিত্ত শ্রেণীর মানুষ।২০০২ সালে ক্ষমতায় আসা এরদোগান অনেক দিন ধরে চলা দুর্বল কোয়ালিশন সরকারের অচলাবস্থা পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এরদোগানের সংস্কার বহির্বিশ্বে প্রশংসিত হয়েছে। সামরিক বাহিনীর কর্তৃত্বের লাগাম টেনে ধরার জন্য সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের সমর্থন দিলেও একেপির একনায়কতান্ত্রিকতা অনেক তুর্কিকে ভাবিয়ে তুলছে। আধুনিক তুরস্কের মূলমন্ত্র ধর্মনিরপেক্ষতার আদর্শের রক্ষকমহলের সঙ্গে আট বছর ধরেই ক্ষমতার দ্বন্দ্ব তাদের।ইস্তাম্বুলের বিলগি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সোলি ওজেল বলেন, বেশ কয়েক দশক ধরে সেনাবাহিনীই ছিল তুরস্কের মেরুদণ্ড। শিক্ষাব্যবস্থা ও আদালতসহ অন্য সব প্রতিষ্ঠানে তাদের মতাদর্শের প্রভাব বিস্তৃত হতো। এখন সেনাবাহিনীর পতন হয়েছে। দেশের সেই মেরুদণ্ডটি আর নেই। কিন্তু ওই জায়গায় আসবে কে?এ প্রশ্নে এরদোগানের সংস্কার সমর্থন করা অনেক উদারপন্থী তুর্কির জবাব, ইউরোপ। তাদের আশা, তুরস্ক একসময় যখন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাবে, তখন তা দেশটির গণতান্ত্রিক অগ্রযাত্রার নিশ্চয়তা দেবে। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মতো কিছু সংশয়বাদী নেতা তুরস্কের সদস্যপদ নিয়ে প্রশ্ন তুলেছেন।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, তুরস্ক যদি সত্যিই প্রাচ্যের দিকে ঝুঁকে পড়ে থাকে, তবে তার পেছনে ছোটখাটো কোনো বিষয় কাজ করেনি। কারণ ইউরোপের কেউ কেউ তুরস্ককে পাশ্চাত্যের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বারবার চেষ্টা চালিয়েছেন; যদিও তুরস্ক চেয়েছিল পাশ্চাত্যের সঙ্গেই গভীর সম্পর্ক স্থাপন করতে।এদিকে মার্কিন প্রশাসনের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা স্বীকার করেছেন, এরদোগান এখন পরিস্থিতি অনুযায়ী আচরণ করছেন। কারণ তুরস্কে এখন নির্বাচনী হাওয়া বইছে। একই সঙ্গে ওয়াশিংটন এ ব্যাপারে সজাগ, যাতে বিষয়টি খুব বাজে দিকে মোড় না নেয়। তিনি আরও বলেন, ‘আপনি সবকিছুই মেনে নেবেন এমনটা তো আমি ভাবতে পারি না। কারণ তুরস্ক সর্বদাই বহুমুখী চরিত্রের অধিকারী। আপনি তাদের কেবল পশ্চিমা স্থিতিশীলতার একটি স্তম্ভ হিসেবে ভাবতে পারেন না। তাদের অন্য বিকল্পও আছে এবং এ কারণেই আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা দেখাতে চাই যে একটি মুসলিম দেশও পাশ্চাত্যের অংশ হতে পারে।’