তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্যের নানা স্থাপত্যকীর্তি নিয়ে আহমদুল ইসলাম চৌধুরী রচনা করেছেন অনবদ্য ভ্রমণ কাহিনি ইস্তাম্বুল কোনিয়ার পথে প্রান্তরে। বাংলাদেশে তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাউদ্দিন কাশেম খান এই বইয়ের প্রকাশক। ৩ জানুয়ারি নগরের বাটালি পাহাড়ে অবস্থিত তাঁর বাসভবনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
সালাউদ্দিন কাশেম খানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম উজটার্ক। অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান, তুরস্কের রাষ্ট্রদূতের স্ত্রী ফরহাত খান ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। এ ছাড়া অনুষ্ঠানে জার্মানি, ইতালি ও নিউজিল্যান্ডের অনারারি কনসাল জেনারেল, থাইল্যান্ডের ট্রেড কমিশনারসহ কূটনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক ও নগরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২৯টি পরিচ্ছদ সংবলিত ১৪৪ পৃষ্ঠার এই বইতে তুরস্কের মুসলিম সভ্যতার নানা কীর্তির সঙ্গে লেখক পাঠককে পরিচয় করিয়ে দেন। ইস্তাম্বুল ও কোনিয়া শহরের নানা খুঁটিনাটি বিবরণ তুলে এনেছেন তিনি।
লেখক আহমদুল ইসলাম চৌধুরী তুরস্ক বিষয়ক একজন নিষ্ঠাবান গবেষকও। এ পর্যন্ত দেশের বিভিন্ন পত্রিকা ও গবেষণাপত্রে তিনি দেশটির ওপর ৭০টির ওপর প্রবন্ধ রচনা করেছেন।
অনুষ্ঠানে আহমদুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ ও তুরস্কের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ইতিহাস বহু পুরোনো। ওসমানিয়া সাম্রাজ্যের সময়কাল থেকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দুই দেশের লেনদেন চলছে। এ বইয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ তুরস্ককে নতুনভাবে আবিষ্কার করবে।