তুরাগ-তীরে গোলাপ গ্রামে
পুরোটা গ্রামকে বলা যায় গোলাপ গ্রাম। উঁচু জমিগুলো ছেয়ে আছে গোলাপে। লাল, হলুদ, সাদা—কত বর্ণের যে গোলাপ তার কোনো ইয়ত্তা নেই। গ্ল্যাডিওলাসের দেখাও মিলবে। এই শীতে মাঠে মাঠে দেখা যায় ধান আর মাচায় মাচায় লাউ। আকাশে পানকৌড়ি, মাছরাঙা, দোয়েলসহ উড়ে যাচ্ছে কত নাম না জানা পাখি। ধানখেতে প্রচুর বক। অতিথি পাখিরও আনাগোনা আছে। ঢাকার খুব কাছেই সাভারের তুরাগ নদীর তীরে সাদুল্লাপুরের অবস্থান। শীতে দল বেঁধে পিকনিক করতে বা একা একাই একটু ঘুরে বেড়াতে চলে আসতে পারেন এখানে। এক দিনেই আবার ফিরে যেতে পারবেন।এটি নবাবদের বাইগুন বাড়ি নামে খ্যাত। এটি ছিল ঢাকার নবাবদের সংরক্ষিত শিকার কানন। বাইগুন বাড়িতে নবাবদের একটি প্রাসাদ ছিল। নবাব আহছানউলাহ নির্মিত একটি মসজিদ ছিল। এখন আর সেসবের কিছুই নেই। শুধু কাছারি ঘরের ধ্বংসাবশেষ রয়েছে। পুরো সাদুল্লাপুর এখনো নবাব এস্টেটের আওতাভুক্ত। তাই গ্রামবাসীর নিজস্ব কোনো জায়গাজমি নেই। এমনকি তাঁদের বসতভিটার মালিকও তাঁরা নন। এস্টেট থেকে জায়গা ইজারা নিয়ে তাঁরা বাস করছেন, আবার চাষবাসও করছেন। এক কথায় বলতে গেলে, সাদুল্লাপুর একটি ভাড়ার গ্রাম। বাংলাদেশে এমন কোনো গ্রাম আছে বলে আমার জানা নেই।একলা চল রে...নতুন বছরের প্রথম দিনেই বেরিয়ে পড়েছিলাম সাদুল্লাপুরের দিকে। সঙ্গী শুধু ক্যামেরা। মিরপুর বেড়িবাঁধের দিয়াবাড়ী বটতলা ঘাটে আসি বেলা ১১টায়। ঘাটে দাঁড়িয়ে জয় গোস্বামীর কবিতার কটি লাইন মুখে মুখে আওড়াই, ‘একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব।’ ঘাট থেকে পারাপারের নিয়মিত শ্যালো নৌকা ছিল। কিন্তু আমি একলা চল নীতি নিয়ে একাই একটি নৌকা ভাড়া করি। গলুইয়ের কাছে ক্যামেরা হাতে দুই পা ছড়িয়ে বসি। পায়ের পাতা ভিজতে থাকে পানিতে। নৌকা এগিয়ে চলে ধীরগতিতে। নদীর ওপর আকাশে অচেনা পাখির আনাগোনা, আর পানিতে ছইওয়ালা বাহারি নৌকার ভেসে যাওয়া। সঙ্গে শীতের সোনাঝরা মিঠে রোদ। সব মিলিয়ে এক উদাসী পরিবেশ। নদীর দুই পাশের জমিতে কৃষকেরা এখন বোরো-ইরির বীজ বপনে ব্যস্ত। কেউ বীজ বুনছে, আবার মই বা লাঙল দিয়ে চাষের জমি তৈরি করছে। তবে এখানে কোনো কলের লাঙল চোখে পড়ল না। মজার বিষয় হচ্ছে, মই বা লাঙল টানছে মহিষ। একেবারে আবহমান বাংলার চাষবাসের চিত্র। নৌকার মাঝিও রসিক বটে। বেসুরো গলায় শুরু করল গান। নদীর পাড় ধরে কিছু মানুষ পানিতে হাতড়ে মাছ ধরছে। কোমরের লম্বা দড়িতে বাঁধা মাছের হাঁড়ি। তা ভাসছে পানিতে।বটের নিচে হাটআমার বাহন কোষা নৌকাটি দুই ঘণ্টা পথ পাড়ি দিয়ে সাদুল্লাপুর ঘাটে এসে থামল। নেমেই চোখে পড়ল বিশাল একটি বটগাছ। শতবর্ষের এই গাছ ঢাকার নবাবদের স্মৃতি বহন করে চলেছে। বটগাছের নিচে বসেছে হাট। চলছে বেচাকেনা। এখানে মাষকলাইয়ের বড়া, মিরচিনি-মুরালি, দই, মিষ্টি অসাধারণ! আবার দামের দিক দিয়েও একেবারেই হাতের নাগালে। সাদুল্লাপুরে এসে কাদের ভাইকে কারও ভোলার কথা নয়। তাঁর দোকানের গরুর দুধের চা ও দুধ মালাইয়ের স্বাদ অনেক দিন মুখে লেগে থাকে। ফিঙের নাচনএকসময় ঢাকার নবাবদের পুরোনো কাছারি ঘর থেকে নেমে যাওয়া ঢালু পথ ধরে চলে যাই তুরাগ নদীর তীরে। এখানে একদল মানুষ চাষবাসে ব্যস্ত। চোখ ধাঁধানো একটি দৃশ্য তখনই চোখে পড়ে। বহু দূর বিস্তৃত লাউখেত, আর লাউয়ের মাচায় বসে আছে অসংখ্য ফিঙে পাখি। এত ফিঙে একসঙ্গে আগে কখনো দেখিনি। আমার পায়ের শব্দে অচেনা কেউ আসছে ভেবেই ফিঙেরা দেয় ছুট। সে এক অভূতপূর্ব দৃশ্য। যেতে হলেযাত্রাবাড়ী, গুলিস্তান, ফার্মগেট হয়ে মিরপুর বেড়িবাঁধে যাওয়ার কাউন্টার বাস সার্ভিস আছে। এ ছাড়া মিরপুর এক নম্বর সেকশন কিংবা গাবতলী থেকে রিকশায় সহজেই যাওয়া যায় দিয়াবাড়ি বটতলা ঘাট। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা অথবা ট্যাক্সিক্যাবেও যাওয়া যায় সেই ঘাটে। তারপর এখান থেকে শ্যালো ইঞ্জিনের নৌকা ১০ মিনিট পরপর ছেড়ে যায় সাদুল্লাপুরের দিকে। স্পিডবোট, কোষা নৌকা, শ্যালো নৌকা চুক্তিতে ভাড়া নিয়েও যাওয়া যায় সাদুল্লাপুর। সে ক্ষেত্রে শুধু যেতে কোষা নৌকার ভাড়া ৩০০ টাকা, শ্যালো নৌকা ২৫০ টাকা, স্পিডবোট ৫০০ টাকা। সাদুল্লাপুর ঘাটের কাছে হোটেল আছে। দল বেঁধে গেলে হোটেলের লোকদের আগেই রান্না করার কথা বলতে হবে। হেঁটেই পুরো সাদুল্লাপুর চক্কর দেওয়া যায়। আবার গ্রামের মাঝ দিয়ে চলে যাওয়া পিচঢালা পথে রিকশা নিয়েও ঘোরা যায়।