তুর্কি গণভোটের আসল তাৎপর্য
তুরস্কের গণভোটে সংবিধান সংস্কার প্রস্তাবে জয়যুক্ত হওয়াকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোগান। তাঁর দলের সহযোগী প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বলেছেন, তুরস্ক নতুন যুগে প্রবেশ করছে।গণভোটের ফলকে সতর্কভাবে স্বাগত জানিয়েছে ইউরোপে তুরস্কের মিত্র দেশগুলো এবং যুক্তরাষ্ট্রও। কিন্তু তুরস্কের জনগণের কাছে আসলেই এর তাৎপর্য কী?সংবিধানের ১৯৮২ সালের সংস্করণে আনা হয়েছে ২৬টি সংশোধনী। এর বেশির ভাগই ছোট হলেও গুরুত্বপূর্ণ। এতে শিশুদের অধিকার সঠিকভাবে সংজ্ঞায়িত করা হয়েছে; ব্যক্তিগত উপাত্ত ও গোপনীয়তা রক্ষার আনুষ্ঠানিক ব্যবস্থা করা হয়েছে; রাষ্ট্র ও নাগরিকদের মধ্যকার দ্বন্দ্ব মধ্যস্থতায় নিরপেক্ষ ন্যায়পালের পদ তৈরি করা হয়েছে; সরকারি কর্মীদের সংগঠনে যোগ দেওয়ার স্বাধীনতা বাড়ানো হয়েছে, যদিও তাঁদের ধর্মঘটে যাওয়ার অধিকার এখনো সীমিতই থাকবে। সংবিধান সংশোধনের পক্ষে ৫৮ শতাংশ ভোট পড়েছে।বেশির ভাগ তুর্কি এমনিতে এসব পরিবর্তনের প্রভাব খেয়ালই করবে না। কিন্তু যখনই কোনো নাগরিক সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়বে, তখনই বিষয়গুলো বিবেচনায় আসবে।বিচারব্যবস্থায় আনা পরিবর্তনগুলো বরং বেশি বিতর্কিত। ‘সাংবিধানিক আদালত’ এবং ‘বিচারক ও কৌঁসুলিদের উচ্চতর পরিষদ’—এ দুটি শক্তিশালী বিচারিক সংস্থাকে সম্প্রসারিত করা হয়েছে। এর সদস্য নির্বাচনের প্রক্রিয়াও পরিবর্তন করা হয়েছে। এ ব্যাপারে পার্লামেন্টের কর্তৃত্ব আরেকটু বাড়ানো হয়েছে। যেসব পেশাজীবী গোষ্ঠী সদস্য মনোনয়ন করতে পারবে, তাদের সংখ্যা বাড়ানো হয়েছে।গণভোট-পূর্ব প্রচারাভিযানে বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) মাধ্যমে সরকার বিচার বিভাগকে ‘ছিনতাই’ করার সুযোগ পাবে বলে যে দাবি করেছিল, তা নিয়ে আইনজ্ঞদের মধ্যে বিতর্ক রয়েছে। তবে প্রধানমন্ত্রী এরদোগানের ভাষায়, ‘রাজনৈতিকীকরণের শিকার’ বিচারব্যবস্থাকে বশে রাখার সংকল্প গোপন করেনি সরকার। ‘বিচারক ও কৌঁসুলিদের উচ্চতর পরিষদ’ থেকে বিচারবিষয়ক মন্ত্রীকেও সরানো হয়নি। বিচারকদের নিয়োগ ও বরখাস্ত করার দায়িত্ব এ পরিষদেরই। ইউরোপীয় ইউনিয়ন বলে আসছে, বিচার বিভাগে সত্যিকার নিরপেক্ষ নিয়োগের জন্য ওই পরিষদ থেকে মন্ত্রীকে সরানো অত্যাবশ্যকীয়। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার শর্ত পূরণে তুরস্ককে এ ধরনের অনেক সংস্কার করতে হচ্ছে।সংবিধান সংশোধনের ফলে এরদোগানের জাস্টিস ও ডেভেলপমেন্ট পার্টি (একেপি) এবং কঠোর ধর্মনিরপেক্ষ জ্যেষ্ঠ বিচারকদের মধ্যে কোনো মতান্তর হয়নি। ২০০৮ সালে সাংবিধানিক আদালত ইসলামপন্থী একেপিকে প্রায় নিষিদ্ধ করেই বসেছিল। তাদের বিরুদ্ধে দেশের ধর্মনিরপেক্ষতার আদর্শ ক্ষুণ্ন করে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল।সরকারি কৌঁসুলিদের বরখাস্ত করার অধিকার কার হাতে থাকবে, এ নিয়ে সরকার ও উচ্চতর পরিষদের মধ্যে বড় ধরনের বিবাদের কিছুদিন পরই জাতির সামনে এ সংস্কার-প্রস্তাব পেশ কাকতালীয় ঘটনা হতে পারে না। কয়েকটি সংশোধনীর মধ্য দিয়ে সামরিক বাহিনীকে আরও দৃঢ়ভাবে বেসামরিক তত্ত্বাবধানে আনা হয়েছে। সামরিক বাহিনীর সদস্যদের এখন আরও সহজে বেসামরিক আদালতে বিচার করা যাবে। একসময়ের প্রবল প্রতাপশালী সামরিক বাহিনী ইতিমধ্যেই নিজেদের রাজনৈতিক ভূমিকার রাশ টেনে ধরেছে। অদূর ভবিষ্যতে তারা যে আরেকটি অভ্যুত্থান ঘটাবে, সে সম্ভাবনা ক্ষীণ। বস্তুত এ গণভোটে লোকে দৃশ্যত সংস্কারের চেয়ে প্রধানমন্ত্রীর ওপর তাদের আস্থা থাকা না থাকার ব্যাপারে রায় দিয়েছে। এর প্রমাণ, সংস্কারের বিষয়গুলো ভোটের আগে তেমন একটা আলোচিতই হয়নি।তুর্কি রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের ওপরই হয়তো এ গণভোট সবচেয়ে বড় প্রভাব ফেলবে। এটা প্রধানমন্ত্রী এরদোগানকে একটি গুরুত্বপূর্ণ প্রতীকী জয় এনে দিয়েছে। গত এক বছরে বড় কোনো সাফল্য দেখাতে না পারার পরও গণভোটে এ বিজয় প্রমাণ করে, ভোট টানায় তিনি এখনো অপ্রতিদ্বন্দ্বী। এরদোগান বলেছেন, ইতিহাসে এ গণভোট ‘তুর্কি গণতন্ত্রের একটি ক্রান্তিলগ্ন’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।গণভোটে পাওয়া জোরালো সমর্থন আগামী সাধারণ নির্বাচনেও এরদোগানের দলকে সাহায্য করতে পারে। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি হবেন আধুনিক তুরস্কের সবচেয়ে সফল রাজনৈতিক নেতা।অথচ এই গণভোট বিরোধী দল সিএইচপিকে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও গণতান্ত্রিক পরিচিতি নিয়ে সংশয় জাগানোর সুযোগ করে দিয়েছিল। বেশ কয়েক বছর ধরে দলটি শুধু সরকারের পদক্ষেপে বাধা দেওয়ার কাজেই নিজেদের সীমাবদ্ধ রেখেছে। ক্ষমতাসীন একেপির অকার্যকর প্রতিপক্ষ হিসেবেই নিজেদের প্রমাণ করেছে তারা। তবে এ বছর অপ্রত্যাশিতভাবে দলটিতে এক অভ্যুত্থান হয়। দলের অভিজ্ঞ নেতা ডেনিস বেকালকে সরিয়ে সেখানে বসানো হয় কেমাল কিলিকদারোগলুকে। তিনি শুধু দেশের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য রক্ষা করে যাওয়ার গৎবাঁধা লক্ষ্যের গণ্ডি ছাড়িয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে জোরদার প্রচারণা চালানো সত্ত্বেও কিলিকদারোগলু দেশের প্রাদেশিক শহরগুলোতে প্রধানমন্ত্রী এরদোগানের শক্ত জনসমর্থনে চিড় ধরাতে ব্যর্থ হয়েছেন।সিএইচপি এখন আগের চেয়ে বেশি ভবিষ্যৎমুখী। কিন্তু আগামী নির্বাচনে তাদের পক্ষে একেপিকে হারানো অসম্ভব বলেই এখনো মনে হচ্ছে। অনেক তুর্কি হয়তো এখন ভাবছেন, এরদোগান গণভোটের এ জয়কে কী উদ্দেশ্যে কাজে লাগাবেন। তিনি কি বিরোধী দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে আজকের তিক্ত বিভেদের অবসান ঘটাতে সচেষ্ট হবেন? গণভোটে বিজয়ের পর দেওয়া ভাষণে সে ইঙ্গিতই দিয়েছেন এরদোগান।রিসেপ তায়িপ এরদোগান স্বভাবত একজন ‘যুদ্ধবাজ’ রাজনীতিক। অতীতে তিনি একাধিকবার কর্তৃত্বপরায়ণতার নজির দেখিয়েছেন। গণভোট নিয়ে প্রচার অভিযানের সময় তিনি দেশের প্রধান কয়েকটি ব্যবসায়ী সংগঠনকে দৃশ্যত হুমকি দেন। এরদোগান সতর্ক করে দিয়ে বলেন, যারা কোনো পক্ষ নেবে না, তাদের শেষ করে দেওয়া হবে।সমালোচনার ক্ষেত্রে এরদোগানের অসহিষ্ণুতা সবার জানা। দলে তাঁকে চ্যালেঞ্জ করার কেউ নেই। এরদোগান আট বছর ধরে শক্তিশালী পার্লামেন্টারি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার পরিচালনা করছেন। কিন্তু এত দিনেও তিনি ধর্মনিরপেক্ষ ও ধার্মিক তুর্কি বা যারা তাঁকে ভালোবাসে ও ঘৃণা করে, তাদের মধ্যকার বিভেদ দূর করার পথ খুঁজে পাননি। গণভোটে এরদোগানের জয় তুর্কি রাজনীতির এই মৌলিক বিষয়টিতে কোনো পরিবর্তন আনতে পারেনি। সূত্র: বিবিসি