তুষারমানব বললেই ইয়েতির কথা ভেবে বসবেন না। আমাদের আলোচ্য তুষারমানব নড়ে না চড়ে না, খায় না ঘুমায় না। শীতে কাঁপে না ঠক ঠক করে! কেবল হাসি হাসি মুখে ঠায় দাঁড়িয়ে থাকে। তুষার দিয়ে মানবমূর্তি তৈরি করা শীতপ্রধান দেশের বাচ্চাদের কাছে খুব প্রিয় একটি খেলা। অনেকটা কাদামাটি দিয়ে পুতুল তৈরির মতোই। এবার পাশের ছবিটি দেখুন। অদ্ভুত সুন্দর এক তুষারমানব। তা দেখে এতক্ষণে আপনার চোখ নিশ্চয়ই বেজায় শান্তি পেয়েছে? কিন্তু আসলে তা যদি সামনাসামনি দেখার চেষ্টা করেন, আপনার চোখ কি তেমন শান্তি পাবে? পাবে কি পাবে না, সেটা নিজেই বিচার করুন। পাশের ছবির এই তুষারমানব চওড়ায় আপনার চুলের পাঁচ ভাগের এক ভাগ মোটে! সেটি তৈরি করা হয়েছিল ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি নামের এক গবেষণাগারে, ২০০৯ সালের ডিসেম্বর মাসে। তুষারমানবটি তৈরি করা হয়েছিল দুটি পুঁতি দিয়ে। পুঁতি দুটি সংগ্রহ করা হয়েছিল আবার একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ থেকে! পরে প্লাটিনাম দিয়ে পুঁতি দুটিকে একসঙ্গে জুড়ে দিয়েই এই কেরামতি। আর সবশেষে আপনি যা দেখছেন, তা আসলে একটি শক্তিশালী ক্যামেরার জোরেই। বলা বাড়তি, দুনিয়ার সবচেয়ে ছোট তুষারমানব পাশের ছবির ভদ্রলোকটিই।