তুষাররাজ্যে দুঃসাহসী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আইসবিয়ার’ নামে খ্যাত লুইস গর্ডন পাফ। উত্তর মেরুতে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৮ মিনিট ৫০ সেকেন্ডে এক কিলোমিটার দূরত্ব সাঁতার কেটে গড়েছেন বিশ্ব রেকর্ড।রাবারের তৈরি ছোট্ট এক ডিঙি নৌকায় বসে আছেন লুইস গর্ডন পাফ। ভয়াবহ শীতে কাবু তাঁর সঙ্গীরা। উত্তর মেরুর এই জায়গাটায় যতদূর চোখ যায়, শুধু হিমশীতল সাদা বরফের হাতছানি। একটানা তাকিয়ে থাকলে চোখ ধাঁধিয়ে যায়। ভয়াবহ যন্ত্রণা শুরু হয় মাথায়। এসব থোড়াই কেয়ার করে সাঁতারের জন্য নিজেকে তৈরি করলেন পাফ। মানসিক প্রস্তুতিটা এখন সবচেয়ে বেশি জরুরি। পরনে তাঁর সাঁতারের পোশাক, মাথায় টুপি আর চোখে সাঁতারের জন্য তৈরি বিশেষ চশমা। পানির তাপমাত্রা এখানে মাইনাস ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে পানিতে নামলেন পাফ। প্রচণ্ড ঠান্ডায় অসাড় হয়ে আসছে হাত-পা। কিছুটা সময় নিয়ে পানির তাপমাত্রার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেন তিনি। তারপর শুরু করলেন সাঁতার কাটা। টের পেলেন ঝাপসা হয়ে গেছে চশমার কাচ। তীব্র শীতে যেন রক্তও জমাট বেঁধে বরফ হওয়ার জোগাড়। চোখে কিছুই দেখতে পাচ্ছেন না পাফ। শুধু শোনা যাচ্ছে ভাঙা বরফের ক্যাচ-কোচ আওয়াজ। এমন চলতে থাকলে তাঁকে শিকার হতে হবে হাইপোথারমিয়ার। মাত্র ১৫ মিনিটের মাথায় হারাতে হবে জীবন। এত সহজে হার মানতে রাজি নন এই সাঁতারু। প্রচণ্ড ইচ্ছাশক্তি, সাহস আর জেদ নিয়ে সাঁতরে সামনের দিকে এগোতে থাকলেন তিনি। যেতে হবে অনেকটা পথ।১.সাঁতারু পাফের শৈশব কেটেছে আফ্রিকায়। ১৭ বছর বয়স থেকে শীতল পানিতে সাঁতার কাটা শুরু করেন। এর আগে এ ব্যাপারটির সঙ্গে তেমন কেউই পরিচিত ছিল না। পাফের ইচ্ছা, তিনি এমন কিছু করবেন, যা এর আগে কেউ করেনি। এরই জের ধরে উত্তাল পানিতে সাঁতার কেটে রবেন আইল্যান্ডের দিকে চার মাইলের বেশি অতিক্রম করেন। ২০০৬ সালে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে সবচেয়ে বেশি সময় থেকে সাঁতার কেটে এক হাজার ২২৫ মিটার দূরত্ব অতিক্রম করার রেকর্ড গড়েন তিনি। নরওয়ের একটি লেকে করা হয় সাঁতারের এই আয়োজন। শীতল পানিতে সাঁতার কাটা সাঁতারুদের একত্র করার জন্য পাফ তৈরি করেন একটি দল। এখানেই পরিচয় হয় নারী সাঁতারু কক্সের সঙ্গে। ২০০৩ সালে প্রথম নারী হিসেবে কক্স অ্যান্টার্কটিকায় মাইল খানেক সাঁতরান। পাফের মাথায় আসে উত্তর মেরুতে অভিযানের পরিকল্পনা। সে লক্ষ্যে প্রতিদিনই চলে অনুশীলন। শীতল পানি সুচের মতো এসে যেন বিঁধে যায় শরীরে। অসাড় হয়ে পড়ে শরীর। হাড়ে গিয়ে পানির শীতল ভাবটা আঘাত করলেই শুরু হয় ভয়ংকর যন্ত্রণা। নিঃশ্বাস পড়তে থাকে দ্রুত। ভারী হয়ে যায় পানি। এমন ঠান্ডায় অনেকেই নিঃশ্বাসের ওপর নিয়ন্ত্রণ হারায়। কেউ কেউ হারিয়ে ফেলে কথা বলার ক্ষমতা। এই তাপমাত্রায় পাফের ২৩ মিনিট ৫০ সেকেন্ড আর কক্সের ২০ মিনিটের মতো পানিতে থেকে সাঁতার কাটার রেকর্ড রয়েছে। ‘পাফ আমার দেখা একমাত্র লোক, যে কি না নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। ’ পাফের সম্পর্কে এভাবেই বলছিলেন কক্স। অনেক অনুশীলনের পর ২০০৭ সালের ১৫ জুলাই উত্তর মেরুর দিকে যাত্রা শুরু করেন পাফ। নতুন এক রেকর্ড গড়ার জন্য শুরু হয় পাফের যাত্রা। ২.৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে শরীরের তাপমাত্রা চলে গেলে হাইপোথারমিয়ার শিকার হতে হয়। দীর্ঘ সময় ধরে শীতল পানিতে থাকার জন্য যা যা করণীয়, সেসব ব্যাপারে সাহায্য করার জন্য এগিয়ে আসেন শিকাগোর বিজ্ঞানী জোনাথন ডুগাস। বিশেষ ধরনের এক সুইমিংপুলে পাফ অনুশীলনের সুযোগ পেয়ে নিজেকে তৈরি করেন এ অভিযানের জন্য। শুরুতে আট ডিগ্রি সেলসিয়াসে তাঁর সাঁতার কাটার অনুশীলন শুরু হতো এবং ধীরে ধীরে নামানো হতো পুলের পানির তাপমাত্রা। উত্তর মেরুতে পাফের যাত্রায় তাঁর সঙ্গী হিসেবে ছিলেন ছয়জন। উত্তর মেরুতে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৮ মিনিট ৫০ সেকেন্ডে এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন লুইস গর্ডন পাফ। তিনিই একমাত্র ব্যক্তি যিনি এ তাপমাত্রায় সাঁতার কেটে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেন। ‘বরফের ছোট ছোট ধারালো টুকরোয় শরীর কেটে যাচ্ছিল আমার। একটা সময় ভোঁতা হয়ে আসছিল অনুভূতি, তবু হাল ছাড়িনি। নতুন এক রেকর্ড গড়ার আশায় লড়াই করে গেছি শেষ মুহূর্ত পর্যন্ত।’ সাঁতার শেষে এভাবেই বলছিলেন আনন্দিত পাফ।—রিডার্স ডাইজেস্ট অবলম্বনে কিঙ্কর আহসান