দুপুরের পর থেকে তুষারপাত শুরু হয়েছে। গরম কফির কাপ থেকে ধোঁয়া উঠছে। আইপডে বাংলা গান, মাহমুদুজ্জামান বাবু গাইছেন, ‘আমি বাংলার গান গাই’। আমি ল্যাপটপ নিয়ে বসেছি, গুরুত্বপূর্ণ কোনো মেইল আছে কিনা চেক করা দরকার। আমার ডান দিকে, দোতলার জানালা দিয়ে যত দূর চোখ যায় বিশাল গলফ কোর্সের সবুজ মাঠ, ওপরে বিলেতের অবিশ্বস্ত আকাশ। কার্পাস তুলোর মতো শুভ্র তুষারের পালক দুলতে দুলতে নেমে আসছে গলফ কোর্সের সবুজ মাঠে। কিছুক্ষণের মধ্যেই সবুজ মাঠ ধবধবে সাদা হয়ে উঠল। হঠাত্ কলবেল বেজে উঠল। সবুজ কার্পেটে মোড়ানো সিঁড়ি ভেঙে নিচে নেমে এলাম। সারাফ স্কুল থেকে ফিরেছে। ওর হাতে লাল কোর্তা আর টোপর পরা শুভ্র দাড়িগোঁফের সান্তাক্লজ। সারাফের টুপি সাদা, কফি রঙের জ্যাকেট সাদা। বাইরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে পাঁচ ডিগ্রি, আজ ওদের শেষ স্কুল। কাল থেকে বড়দিনের ছুটি। স্কুল থেকে সব বাচ্চাকে একটি করে বড়দিনের উপহার দিয়েছে। সারাফ পেয়েছে বুড়ো সান্তাক্লজ। দরোজা বন্ধ করতে না করতেই আবারও ঘণ্টা বেজে উঠল। খুলে দেখি, এক শ্বেতাঙ্গ বৃদ্ধা। আপনি কে গো খাল্লাম্মা, এই দুর্যোগের দিনে? আমি হেলেন, আপনাদের প্রতিবেশী। ১৬ নম্বর বাড়িটি আমার। আপনারা তো নতুন এসেছেন, তাই পরিচিত হতে এলাম। দরোজা দিয়ে হু হু করে বরফশীতল হাওয়া ঢুকছে ঘরে। এভাবে দরোজা খুলে দাঁড়িয়ে থাকা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। ‘আমি কাজি’ বলেই শ্বেতাঙ্গিনীর দিকে হাত বাড়িয়ে দিলাম। আওয়াজ পেয়ে মুক্তি নীরবে নিচে নেমে এল। হেলেন আমাদের ঘরে এলেন বটে, তবে ওর কুতকুতে চোখ দেখে মনে হচ্ছে আমার আচরণে খানিকটা ঘাবড়ে গেছেন। হেলেনের হ্যাটের কার্নিশে লেগে থাকা তুষারের কণা ঝড়ে পড়ছে ড্রয়িং রুমের কার্পেটের ওপর। ওর গায়ে ফারের কালো ওভারকোট। ঘরের ভেতরে হিটার চলছে। হিটারের তাপে ওভারকোটের গায়ে লেগে থাকা তুষারের পালক গলতে শুরু করলেও এখনো বুটিকের মতো সাদা সাদা দানা লেগে আছে। ভদ্রমহিলা জানালেন, তিনি এই বাড়িতে ১১ বছর ধরে থাকেন। আর কে কে আছেন? জানতে চাইলে তিন বলেন, সে কথা বলতেই আসলে এসেছি। আমরা তিনজন থাকি। আমি আর আমার দুটি বিড়াল। ওরা মাঝেমধ্যেই তোমাদের গার্ডেনে এসে খেলাধুলা করতে পারে, তোমরা কিছু মনে করবে না তো? না, না, মনে করব কেন? ওরা অবশ্যই খেলাধুলা করবে।বিড়ালমাতা বিদায় নিলে আমি আর মুক্তি ওপরে উঠে এলাম। আমার ছেলে অগ্নি খুবই উত্তেজিত। গত কদিন ধরেই ও শুধু আবহাওয়া পূর্বাভাস শুনছিল। জানত আজ তুষারপাত হবে। সাড়ে তিনটায় সন্ধ্যা হয়ে যায়। এখন ছয়টা বাজে। লন্ডন শহরে গভীর রাত। তুষারপাত এখনো চলছে। তুষারের সৌন্দর্যটাকে আরও বেশি করে উপলব্ধির গভীরে তুলে আনতে আমরা ঘরের সব বাতি নিভিয়ে দিলাম। আর কী আশ্চর্য! তখন এক অপার্থিব নীলাভ আলো একটা লাফ দিয়ে আমাদের ঘরের ভেতর ঢুকে পড়ে। বাইরে তাকিয়ে দেখি যত দূর চোখ যায় ধু ধু সাদা বরফের মাঠ থেকে এক অলৌকিক আলোর আভা উঠছে। আমরা দিনের আলোর মতোই সব পরিষ্কার দেখতে পাই। শুধু পার্থক্যটা হলো, তুষারের মাঠ থেকে উঠে আসা এই আলোটা এক মায়াবী স্নিগ্ধতায় মাখা। এর কোনো তেজ নেই, উত্তাপ নেই, আছে কেবল স্নিগ্ধতা আর কোমল শুভ্রতায় মোড়ানো এক অপার্থিব ভালোবাসার হাতছানি। কাজী জহিরুল ইসলাম লন্ডন, ইংল্যান্ড থেকে