তৃণমূলের জয়ে কংগ্রেসের লাভ-ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের সর্বত্র এখন চলছে মমতাবন্দনা। পাল্টে যাচ্ছে অনেক কিছু। রাতারাতি রাজ্যজুড়ে উড়ছে তৃণমূলের কমলা-সাদা-সবুজ পতাকা।শুধু মমতার ঝোড়ো জয়ই নয়, পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনের আরেকটি বৈশিষ্ট্য হলো মমতার জোটসঙ্গী তাঁর পুরোনো দল কংগ্রেসের সাফল্য। মমতা কংগ্রেসকে মাত্র ৬৫টি আসন ছেড়েছিলেন। এর মধ্যে কংগ্রেস জিতেছে ৪২টিতে। পর্যবেক্ষকেরা মনে করেন, তৃণমূলের সঙ্গে জোট না বাঁধলে তারা হয়তো ১০টির বেশি আসন পেত না। কংগ্রেসের এ সাফল্যের পেছনেও ‘মমতা-ম্যাজিকই’ কাজ করেছে। কংগ্রেস প্রকাশ্যে তা না মানলেও ভেতরে ভেতরে ঠিকই জানে।তবে পর্যবেক্ষকেরা মনে করছেন, কংগ্রেস পশ্চিমবঙ্গে মমতার সঙ্গে জোট করে আপাতত আসনের দিক দিয়ে লাভবান হলেও রাজনৈতিকভাবে বড় লোকসানেরও শিকার হয়েছে।মমতার রাজনৈতিক জীবন শুরু সর্বভারতীয় দল জাতীয় কংগ্রেস থেকেই। বামবিরোধী আন্দোলন নিয়ে তাঁর সঙ্গে রাজ্য কংগ্রেসের অন্য নেতাদের বিরোধ হয়। নব্বইয়ের দশকের শেষের দিকে দুই পক্ষের দ্বন্দ্ব চরম আকার নেয়। তখন অবিভক্ত কংগ্রেসের বিধায়ক ৮২ জন। মমতা এর মধ্যে মাত্র ১২ জনের সমর্থন নিয়ে কংগ্রেস থেকে বেরিয়ে গড়েন তৃণমূল কংগ্রেস। মমতার নিজের রাজনৈতিক অবস্থা এমনিতেই যথেষ্ট শক্ত ছিল বলে এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে তাঁর মূল লাভটা হয়েছে অর্থনৈতিক। কারণ, এখন কেন্দ্রীয় সরকারে কংগ্রেস। মমতা সেই সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য মমতা উদার আর্থিক সহায়তা পাবেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। এতে তাঁর পক্ষে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হবে।কিন্তু এই নির্বাচনী জোট গড়ে কতটুকু লাভবান হয়েছে কংগ্রেস? সবচেয়ে বড় লাভ যা হয়েছে তা হলো, বিধানসভায় আসনসংখ্যা লক্ষণীয়ভাবে বৃদ্ধি। ২০০৬ সালে সর্বশেষ নির্বাচনে কংগ্রেস জিতেছিল ২১টি আসনে। এবার জিতেছে দ্বিগুণ, অর্থাৎ ৪২টি আসনে। দ্বিতীয়ত, কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটকে টিকিয়ে রাখার দ্বিতীয় শক্তি তৃণমূল। আর তাই দলটির সঙ্গে সখ্য কেন্দ্রীয় সরকারকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখায় সাহায্য করবে রাজ্য কংগ্রেসকে।তৃতীয়ত, পশ্চিমবঙ্গে যেখানে কংগ্রেসের একার পক্ষে ক্ষমতায় যাওয়া অধরা স্বপ্নই হয়েছিল এত দিন, সেখানে মমতার হাত ধরে রাজ্য সরকারে অংশীদার হতে পেরেছে তারা। কংগ্রেস থেকে মন্ত্রী হচ্ছেন সাতজন।কিন্তু সাদা চোখে লাভ দেখা গেলেও কংগ্রেসের লোকসানই হয়েছে বেশি। কংগ্রেস সংগঠনের দিক দিয়ে মমতার ধাক্কায় আরও পিছিয়ে পড়বে। এখন মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুর ছাড়া অন্য জেলাগুলোয় কংগ্রেসের সাংগঠনিক ভিত বড়ই নড়বড়ে। এখন কংগ্রেসকে পুরোপুরি চলতে হবে মমতার মর্জির ওপর। পশ্চিমবঙ্গে মমতাকে কংগ্রেসের ওপর নির্ভর করে সরকার গড়তে হলে তিনি কেন্দ্রীয় সরকারের ওপর চাপ দিতে পারতেন না। তাঁকে ভারসাম্য রক্ষা করতে হতো। তৃণমূল কেন্দ্রীয় সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করলে কংগ্রেসও পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিত। মমতার বিপুল বিজয়ে সে সুযোগ আর পাচ্ছে না কংগ্রেস।