
মাটিতে ছড়ানো গোলাপের পাপড়ি। তার ওপর সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছেন শিল্পী। মাথা ঢাকা পড়েছে চতুষ্কোণ সাদা বাক্সে। বাক্সের সামনের দিকে একটা ছোট্ট মনিটর। সেখানে পথশিশুদের নিয়ে নির্মিত একটি ভিডিও চলছে।
পারফরম্যান্স ও ভিডিও আর্টের সমন্বয়ে তৃতীয় চেরাগি আর্ট শোতে এভাবে শিল্পকর্ম উপস্থাপন করেন জুবিলি দেওয়ান। তাঁর বিষয় ছিল চেরাগি পাহাড়ের পথশিশু। ১২ ও ১৩ ডিসেম্বর যোগ আর্ট স্পেস আয়োজিত দুই দিনব্যাপী স্থান সুনির্দিষ্ট (সাইট স্পেসিফিক) উন্মুক্ত শিল্প প্রদর্শনীতে জুবিলি দেওয়ানসহ অংশ নেন ১৮ জন শিল্পী।
এ নিয়ে তৃতীয়বারের মতো শিল্পীদের সংগঠন যোগ আর্ট স্পেস এ ধরনের শিল্প প্রদর্শনীর আয়োজন করল। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মে উঠে এসেছে চেরাগি পাহাড় ও এখানকার মানুষজন। স্থাপনা, তেলচিত্র, পারফরম্যান্স ও ভিডিও মাধ্যমে কাজ করেছেন শিল্পীরা।
উন্মুক্ত চত্বরে দর্শকের উপযোগী করে শিল্পকর্ম উপস্থাপন কঠিনই বটে। সেই কঠিন কাজটাই করে দেখিয়েছেন যোগের শিল্পীরা। প্রদর্শনীর কিউরেটর সোহরাব জাহান বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘দর্শকদের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যেই এ আয়োজন। এ জন্য আমরা প্রদর্শনীর নামও দিয়েছি আদান-প্রদান।’
১২ ডিসেম্বর সন্ধ্যায় চেরাগি পাহাড়ের ছোট গলিটা পরিণত হয়েছিল উন্মুক্ত গ্যালারিতে। গলি দিয়ে ঢুকতেই দেখা গেল মাঝের একটি একতলা ভবনের ছাদের বিলবোর্ডে চলছে ভিডিও আর্ট। বাংলা চলচ্চিত্রের কয়েকটি দৃশ্য ঘুরে ফিরে দেখানো হচ্ছিল সেখানে। এ শিল্পকর্ম উপস্থাপন করেন আদর ইউসুফ। প্রদর্শনীতে তাঁর বেশ কয়েকটি ভিডিও আর্ট ও স্থাপনা স্থান পেয়েছে।
পরিভোগ প্রবণতা নিয়ে জয়দেব রোয়াজা ও অভ্যাসের জালে বন্দী মানুষ জাহেদ আলী চৌধুরী পরফরম্যান্স করে দর্শকের নজর কেড়েছেন। সড়কের ওপর প্রায় ২০ গজ লম্বা ছায়া এঁকেছিলেন সুচয়ন পাল। ক্ষমতার অদৃশ্য কালো ছায়া দৃশ্যমান হয়েছে তাঁর স্থাপনাকর্মে।
শায়লা শারমিন ও সোহরাব জাহান কিউট অ্যান্ড সুইট শিরোনামে যৌথ স্থাপনা শিল্পকর্ম উপস্থাপন করেন। প্রদর্শনীতে উল্লেখযোগ্য ছিল শিল্পী জিহান করিমের ভিডিও আর্ট উপস্থাপন। জিন, সুর, ঘুর, মধুর শিরোনামে চারটি ভিডিও আর্ট উপস্থাপন করেন তিনি।
এ ছাড়া সঞ্জীব দত্ত ও ওসমান পাশার বেশ কয়েকটি তেলচিত্র স্থান পয়েছে এ আয়োজনে। প্রদর্শনীতে অংশ নেওয়া অন্য শিল্পীরা হলেন মিশুক এহসান, পলাশ ভট্টাচার্য, মাহবুবুল আলম, তসলিমা আক্তার, হাসনাহেনা ও রায়হান আহমেদ।