স্টেইনম্যান ও হফম্যানের সঙ্গে যোগাযোগ করতে না পারলেও চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী যুক্তরাষ্ট্রের ব্রুস বাটলারকে কিন্তু ঠিকই খুঁজে পেয়েছিলেন নোবেল কমিটির সম্পাদক গোরান হানসন। ‘আমি ঘুমাচ্ছিলাম আমার ঘরে। মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। মুঠোফোনটার দিকে চোখ পড়তেই দেখি, নতুন ই-বার্তা এসেছে। কোনো রকমে চোখ খুলে সরু দৃষ্টিতে তাকিয়ে দেখি, বার্তাটির শিরোনাম নোবেল পুরস্কার। এবার একটু গুরুত্ব দিয়েই বার্তাটি খুললাম, যেটি এসেছিল গোরান হানসনের কাছ থেকে। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না। দ্রুত নিচে নেমে ল্যাপটপ খুলে নোবেলের সাইটে দেখার চেষ্টা করলাম। সাইট এত ব্যস্ত ছিল যে ঢুকতেই পারলাম না। পরে গুগল সংবাদের সাইটে গিয়ে দেখলাম, সত্যি সত্যি আমার নাম এসেছে।’—নোবেল মিডিয়ার সম্পাদকীয় পরিচালক অ্যাডাম স্মিথের কাছে নিজের প্রথম অনুভূতি এভাবেই বর্ণনা করেন এই প্রখ্যাত চিকিৎসক ও জিনতত্ত্ববিদ।ব্রুসের বাবা আরনেস্ট বাটলারও ছিলেন একজন জিনতত্ত্ববিদ এবং ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস গবেষণা সংস্থার অধ্যাপক ও বিভাগীয় প্রধান। এই অসাধারণ ধীশক্তির অধিকারী গবেষক মাত্র ১৮ বছর বয়সে স্নাতক এবং ২৩ বছর বয়সে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানে এমডি ডিগ্রি লাভ করেন। জুলস হফম্যানের টোল জিন আবিষ্কারের দুই বছর পর তিনি তাঁর গবেষণাকর্ম প্রকাশ করেন। যদিও দুজনের আবিষ্কারের বিষয় একই রকম, কিন্তু হফম্যানের গবেষণা সম্পর্কে তেমন কিছুই জানতেন না বাটলার। ‘হফম্যানের মাছি নিয়ে গবেষণার বিষয়টি সম্পর্কে খুব স্পষ্ট ধারণা ছিল না আমার। স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে আমার গবেষণার ফল যখন তাঁর সঙ্গে অনেকটা মিলে গেল, তখন আমি অবাক হয়েছিলাম এই ভেবে যে মাছিদের এবং স্তন্যপায়ী প্রাণীদের শরীরে একই রকম প্রক্রিয়া কী করে থাকতে পারে।’—অ্যাডাম স্মিথকে বলছিলেন বাটলার।বিজ্ঞানীরা বহুকাল ধরেই জানতেন, মানবদেহের রয়েছে রোগ সংক্রমণের বিরুদ্ধে নিজস্ব প্রতিরোধব্যবস্থা। রক্তের শ্বেতকণিকা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে; স্টেইনম্যান কর্তৃক আবিষ্কৃত ডেনড্রাইটিক কোষ জীবাণু শনাক্ত করে এবং ভবিষ্যৎ সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেয়—এ সবই জানা ছিল। কিন্তু জানা ছিল না, কোনো জীবাণুর সংক্রমণ মানবদেহের এই প্রতিরোধব্যবস্থা শনাক্ত করে কী করে। ১৯৯৮ সালে বাটলার প্রমাণ করতে সক্ষম হন, মাছিদের মতোই স্তন্যপায়ী প্রাণীদের শরীরেও টল-সদৃশ একধরনের সংবেদনশীল গ্রাহক আছে, যারা জীবাণুর সংক্রমণ শনাক্ত করতে পারে। বাটলারের এই আবিষ্কারের ফলে বাত-ব্যথা, লুপাসসহ মানবদেহের জন্মগত রোগ প্রতিরোধব্যবস্থার গোলমালজনিত অন্যান্য রোগের প্রতিষেধক আবিষ্কার অনেকটাই এগিয়ে গেছে। তাঁর কাজের ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো হেপাটাইটিসসহ আরও অনেক রোগের বিরুদ্ধে অধিক কার্যকর টিকা তৈরির কাজ খুব দ্রুত এগিয়ে নিচ্ছে।টুকরো জীবনজন্ম: ২৯ ডিসেম্বর, ১৯৫৭; শিকাগো, যুক্তরাষ্ট্রবর্তমান কর্মস্থল: অধ্যাপক ও জিনতত্ত্ব বিভাগীয় প্রধান, স্ক্রিপস গবেষণা সংস্থা, ক্যালিফোর্নিয়া।যে কারণে নোবেল: প্রাণীদেহের জন্মগত নিজস্ব রোগ প্রতিরোধব্যবস্থা সক্রিয়করণ-প্রক্রিয়া প্রসঙ্গে আবিষ্কার।উল্লেখযোগ্য পুরস্কার:শ পুরস্কার (২০১১), উইলিয়াম বি কলি পুরস্কার (২০০৬), রবার্ট কক পুরস্কার (২০০৪) প্রভৃতি।