৩০ আগস্টের অতিথি ছিলেন কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর—ইকোনমিক এমপাওয়ারমেন্ট আসিফ ইউ আহমেদ। কথাবন্ধু এবং কয়েকজন অতিথি শ্রোতার সঙ্গে প্রশ্নোত্তরে তিনি জানিয়েছেন পেশাজীবন সম্পর্কে নানা অভিজ্ঞতার কথা। এ আয়োজনে অতিথি শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক, ড্যাফোডিল ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র—ইসলাম আরাফাত, আরিফ হোসেইন ও ইমরান জাহাঙ্গীরকথাবন্ধু: শুরুতে আপনার শিক্ষা ও পেশাজীবনের কথা শুনতে চাই। আসিফ ইউ আহমেদ: আমার পড়ালেখার পুরোটাই বাংলাদেশে। সেন্ট যোসেফ স্কুল ও ঢাকা কলেজে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে আমি বিবিএ করি। এরপর দুই বছর ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডে আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি নিই।সেখান থেকে হার্ভার্ড ইউনিভার্সিটি কেনেডি স্কুল অব গভর্নমেন্টে এনজিও ব্যবস্থাপনার ওপর এক্সিকিউটিভ ডিগ্রি সম্পন্ন করি। আমার পেশাজীবন শুরু বেসরকারি খাতে।এপেক্সে আন্তর্জাতিক বাজারে কাজ শুরু করি। সেখান থেকে বিশ্বব্যাংকে চলে যাই। এরপর আট বছর ইউএসএআইডিতে কাজ করি। এরপর ঢাকায় শিক্ষক হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিই।কথাবন্ধু: আপনার কর্মজীবন কত বছরের?আসিফ ইউ আহমেদ: ১৪ বছরের।কথাবন্ধু: আপনি ইন্টারন্যাশনাল রিসোর্সেস গ্রুপ আইআরজিতে কাজ করেছেন। এই অভিজ্ঞতাটা আপনি শ্রোতাদের জানান।আসিফ ইউ আহমেদ: আইআরজির চাকরিটা আমার এ চাকরির আগের চাকরি। সেখানে দুই বছর কাজ করি। সেই সময় হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে নিজে কিছু করার পাগলামি চাপে। ওরা সেই সময় বাংলাদেশে একটা প্রকল্প করেছিল। সুন্দরবন, লাউয়াছড়াসহ পাঁচটি এলাকায় গাছকাটা বন্ধে কাজ করছিল। সে সময় কিছুদিন তাদের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করি। এরপর তারা আমাকে দুই বছরের জন্য ওয়াশিংটন অফিসে ডাকে। চাকরিটা ছিল ভ্রমণকেন্দ্রিক। ঢাকা, ভিয়েতনাম এবং মোজাম্বিকে কাজ করি। এটা করতে গিয়ে আফ্রিকা ও এশিয়ার তুলনা করতে পেরেছিলাম। ধারণা নিতে পেরেছিলাম ভিন্ন রকম কিছুর। আরাফাত: কেয়ার বাংলাদেশে আপনাদের প্রকল্পে আমরা যারা ছাত্র তাদের যুক্ত হওয়ার কি কোনো সুযোগ আছে?আসিফ ইউ আহমেদ: এটা যে পুরোপুরি পেশাদারদের জন্য তা কিন্তু নয়। কিছু কাজ আছে যেটা বিশেষজ্ঞদের দিয়ে করাতে হয়। কিন্তু সেখানে শিক্ষার্থীদের যুক্ত হওয়ার বেশ সুযোগ আছে। আমরা অনেককে রিসার্চে নিয়েছিলাম। আর সুযোগগুলো অনলাইনে খুঁজলেই পাওয়া যাবে। বিভিন্ন ওয়েবসাইট আছে ডেভেক্স, আইআরজির ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ খুঁজলেই পরিষ্কারভাবে পাওয়া যাবে।আরিফ: ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের উন্নয়ন খাতে কাজ করার সুযোগ আছে কি?আসিফ ইউ আহমেদ: উন্নয়ন খাতের কাজকে তিন ভাগে ভাগ করলে দেখা যাবে, কারিগরি, প্রকল্প ব্যবস্থাপনা এবং গবেষণা বিশেষজ্ঞ লাগে। প্রকল্প ব্যবস্থাপনা এবং গবেষণার ক্ষেত্রে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের অনেক সুযোগ আছে, কারিগরি বিষয়ে হয়তো আমরা অভিজ্ঞতাকে দেখি এবং প্রকৌশলী হতে হয়।ইমরান: বাংলাদেশে কাজ করার সুযোগ কেমন?আসিফ ইউ আহমেদ: বাংলাদেশে এখন ব্যবসায় শিক্ষার প্রচুর ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই উন্নয়ন খাতে আসছে এবং আসার জন্য উদগ্রীব। আমাদের বেসরকারি খাতের সঙ্গে অনেক প্রতিযোগিতা করতে হয়। বেসরকারি খাতে যে রকম গ্ল্যামার আছে উন্নয়ন খাতে তেমনটি নেই। কিন্তু অনেকেই এখন এ ক্ষেত্রে আসছে।কথাবন্ধু: বাংলাদেশের মতো জায়গায় উন্নয়ন খাতের গুরুত্ব কেমন?আসিফ ইউ আহমেদ: বাংলাদেশে অনেক বেশি সুযোগ এবং গুরুত্বপূর্ণও বটে। গুরুত্বের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের এখানে অনেক জায়গা আছে যেখানে উন্নয়নের অনেক সুযোগ। অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির সম্ভাবনা আছে। এখানে কারিগরি বিশেষজ্ঞ হিসেবে কাজ করার, প্রকল্প ব্যবস্থাপনা এবং গবেষণার জন্য কাজ করার ক্ষেত্রে অনেক বড় সুযোগ রয়েছে এ খাতে।কথাবন্ধু: যদি কেউ এই খাতে কাজ করতে চায় তবে যোগ্যতা কী?আসিফ ইউ আহমেদ: বিশেষ করে সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের আমরা আমন্ত্রণ জানাই, বিজনেস শিক্ষা থেকেও প্রচুর নিচ্ছি। বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে যথেষ্ট পরিমাণে প্রকল্প ব্যবস্থাপক নেই। এ জন্য ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের আমরা অনেককে নেই। আবার সাহিত্য, ইতিহাসের ছাত্রও রয়েছে। প্রাকযোগ্যতা যদি বলি, এই খাতে লেখার এবং বিশ্লেষণ ক্ষমতা খুব প্রয়োজনীয়। অনেকে অনেক কিছু করে সময় নষ্ট করে, তবে এ ক্ষেত্রে যদি কারও দেশের বাইরে কাজ করার আগ্রহ থাকে তবে অবশ্যই একটা তৃতীয় ভাষা জানা থাকা উচিত। অনেক ডিগ্রির চেয়ে উন্নয়ন খাতে তৃতীয় ভাষা অনেক গুরুত্বপূর্ণ।কথাবন্ধু: যত চাকরির বিজ্ঞাপন দেখি, প্রথম পর্যায়ে অভিজ্ঞতা চায়। বিষয়টাকে কীভাবে জয় করা যাবে?আসিফ ইউ আহমেদ: এটা আসলে আমাদের এক ধরনের দৈন্য বলা চলে। আমরা যারা চাকরির বিজ্ঞাপন দিই তারা শুরুর পর্যায়েও অভিজ্ঞতা খুঁজি। আমার মনে হয়, একটু সাহস করে আবেদন করা উচিত। আর ছাত্রজীবনেও কিছু কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো হয়। গবেষণার কাজও হতে পারে। যেন সিভিটা একটু ভারী হয়। এ ধরনের কাজকেও আমরা মূল্যায়ন করি।কথাবন্ধু: উন্নয়ন খাতে দেশে এবং দেশের বাইরে কাজ করার পার্থক্য কী?আসিফ ইউ আহমেদ: দেশে কাজ করার ক্ষেত্রে নিজের মাটিতে, নিজের পরিবেশে কাজ করার মজাই আলাদা। বাইরে কাজ করতে গেলে ভাষা এবং সাংস্কৃতিক ধারণাটা বাধা হয়ে কাজ করে। তবে আমি বলব, উন্নয়ন খাতে কাজ করার একপর্যায়ে বাইরে কাজ করে আসা উচিত। এতে নিজের জ্ঞান আরও একটু ঋদ্ধ হয়। তবে এর আগে নিজের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যটাকে ভালোভাবে জানতে হবে।