যাত্রার শুরুতেই সাড়া ফেলেছিল ‘এলা প্যাড’। ২০১৮ সালের মাঝামাঝি হাঁটি হাঁটি পা পা করে গার্মেন্টসের ঝুট কাপড় থেকে যে উদ্যোগের যাত্রা শুরু হয়েছিল, তা এখন অনেকটাই দাঁড়িয়ে গেছে। সমাদৃত হয়েছে আন্তর্জাতিকভাবে। এই কার্যক্রমের সঙ্গে এখন দেশের বিভিন্ন প্রান্তের প্রত্যন্ত অঞ্চলের সবচেয়ে অবহেলিত নারীদেরও যুক্ত করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় নড়াইলের তুলারামপুর এলাকার ১১টি গ্রামের ৩০ জন নারীর সঙ্গে এবার প্রশিক্ষণ নিয়েছেন তৃতীয় লিঙ্গের চার সদস্যও। ফেলে দেওয়া কাপড় দিয়ে পেন্টি আর প্যাড বানানোর প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা। বোনাস হিসেবে আরও শেখানো হয়েছে সেলাই মেশিন চালানো, ক্ষুদ্র ও মাঝারি কারুশিল্পের মতো হাতের কাজগুলো। প্রশিক্ষণে পিরিয়ডকালে পরিচ্ছন্নতা নিয়েও পরামর্শ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে এসব নারী দিনের একটা সময় জড়ো হয়ে ফেলনা জিনিস দিয়ে বানান কুশন, ব্যাগ, লুসনি, পাপোশ, জুতা, শোপিসসহ নানা কিছু। সেগুলো কিনে নিয়ে বিতরণের ব্যবস্থা করে ‘এলা প্যাড’। নিজেরাও প্রয়োজনে ব্যবহার করেন নিজেদের বানানো এই বিশেষ প্যাড আর পিরিয়ড পেন্টি।
‘তৃতীয় লিঙ্গের সদস্য হিসেবে আমরা তো সমাজের মূলধারার কোনো কাজ বা উন্নয়নমূলক কাজে যেতে পারি না। কেউ আমাদের ডাকে না, কাজেও নেয় না। তাই এলা প্যাডের সঙ্গে নারীদের জন্য যখন প্যাড বানাচ্ছি, আমার মনে হইছে যে আমিও মানুষ। অন্যদের মতো মানুষ। আমার সম্মান বেড়ে গেছে। অন্যদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি, আলাপ করছি। তাদের সম্পর্কে জানতে পারছি। আমরা সবাই এখানে ট্রেনিং নিতে পেরে আনন্দিত, সম্মানিত,’ এলা প্যাডের উদ্যোক্তা মামুনুর রহমানের মাধ্যমে মুঠোফোনে আলাপ হলো তৃতীয় লিঙ্গের এক সদস্য প্রকাশ কুমার দাসের সঙ্গে।
এই প্রশিক্ষণের নেতৃত্ব দিয়েছেন জোহরা পারভীন। সমন্বয় করেছেন বনানী বিশ্বাস। তাঁরা জানান, সবাই কমবেশি ভালো কাজ করছে। তবে অন্যদের চেয়ে তৃতীয় লিঙ্গের এই সদস্যদের কর্মদক্ষতা বেশি। তৃতীয় লিঙ্গের সদস্যদের প্যাড ব্যবহারের প্রয়োজন নেই, তবু তাঁরা কেন এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিলেন? জানতে চাইলে তৃতীয় লিঙ্গের আরেক সদস্য সাবিলা শ্রুতি বলেন, ‘আমরা নিজেরা ব্যবহার করি না তো কী হয়েছে, অন্যদের সুবিধা–অসুবিধার কথা জানা থাকলে তো আর দোষ নেই। যাদের দরকার, তাদের সাহায্য করতে পারছি, সবাই মিলে কাজ করছি, এতেই আনন্দ।’ এই প্রশিক্ষণে আরও অংশ নেন দলিত গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী আহ্লাদী দাস। তিনি বললেন, ‘আমি তো এত কিছু জানতাম না। এখন প্যাড বানাই। নিজে পরি। অন্যকে দিই। বাড়িতে মেয়ের আর অন্যদের জন্যও নিয়ে যাই।’
নানা কার্যক্রমের ভেতর দিয়ে ‘এলা প্যাডে’র উদ্যোগ ক্রমে বড় হচ্ছে। খুলনার কয়রা উপজেলা বাংলাদেশের সর্ব দক্ষিণের উপকূলের প্রান্তিক অঞ্চল। এ অঞ্চলে প্রতিবছরই ঘূর্ণিঝড়, বন্যা আঘাত হানে। দুর্যোগের সময় নারীরা পিরিয়ড চলাকালে অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করেন। এতে তাঁরা বিভিন্ন রোগে আক্রান্ত হন। এ ছাড়া এই অঞ্চলের অধিকাংশ নারী অর্থনৈতিক সমস্যা, অসচেতনতাসহ নানা কারণে স্যানিটারি প্যাড ব্যবহার করেন না।
কয়রা উপজেলার শতভাগ কিশোরী ও নারীকে নিরাপদ, আরামদায়ক, পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড সরবরাহের উদ্যোগ নিয়েছে এলা প্যাড। এ ছাড়া স্থানীয় স্কুলগুলোতেও কিশোরীরা যাতে নামমাত্র মূল্যে প্যাড কিনে ব্যবহার করতে পারে, এ জন্য ‘প্যাড ব্যাংক’ বসানোর কাজ চলছে। ২৮ মার্চ ‘মেনস্ট্রুয়াল হাইজিন ডে’কে সামনে রেখে এরই মধ্যে বেদকাশী কলেজিয়েট স্কুলে প্যাড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের প্রধান অতিথি কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগে কয়রার কিশোরীরা সংকোচ দূর করে নিজদের নতুন উচ্চতায় নিয়ে যাবে।’