তৃষ্ণা-কৃষ্ণার নতুন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্নের রয়্যাল চিলড্রেনস হাসপাতালে হয়েছিল বাংলাদেশি জোড়া যমজ তৃষ্ণা-কৃষ্ণার অস্ত্রোপচার। শঙ্কা ছিল, জটিল ও দীর্ঘ এই অস্ত্রোপচারের পর দুই বোনের একজনকে নিতে হবে চিরবিদায়। সব শঙ্কা ভুল প্রমাণ করে চিকিৎসকদের ভাষায় ‘অবিশ্বাস্যভাবে ফিরে এসেছে তৃষ্ণা-কৃষ্ণা!’ মেয়েদের দেখতে কদিন আগে মা লাভলী মল্লিক গেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। মেলবোর্ন থেকে নাহিদ খান জানাচ্ছেন বিস্তারিত।দুটি অলৌকিক শিশু কৃষ্ণা আর তৃষ্ণার দুই মা, একজন জন্মদাত্রী মা লাভলী মল্লিক এবং আরেকজন জীবনদাত্রী মা মোয়রা কেলি। কৃষ্ণা-তৃষ্ণাকে পৃথিবীতে এনেছিলেন এক মা এমনই একসঙ্গে, যাদের আলাদা করার কোনো উপায় ছিল না। তাই তাদের নিয়ে সামনে ছিল অন্ধকারের হাতছানি। অনেক দুঃখে এই অপারগ মা একদিন বিধাতার হাতে তুলে দিয়েছিলেন ওদের। যেন দৈবযোগে আরেক মা এসে কৃষ্ণা আর তৃষ্ণাকে দুটি স্বতন্ত্র সমর্থ মানুষের মতো বেঁচে থাকার আলো জ্বালিয়ে দিলেন। এই অসাধারণ মায়ের অনিঃশেষ প্রচেষ্টার ফলে যমে আর সুদক্ষ নিষ্ঠাবান কয়েকজন চিকিৎসকের ৩২ ঘণ্টা টানাটানির পর দুই যমজ-যুগল বোন আলাদা হলো মেলবোর্নের রয়েল চিলড্রেনস হাসপাতালে, গত নভেম্বরে। চিকিৎসাজগতে রচনা হলো এক নতুন ইতিহাস। গত বছর ১৭ নভেম্বর যখন অপারেশন শুরু হয়েছিল, তখন থেকে এখানকার প্রতিটি টিভি চ্যানেলে একটু পরপর খবর আপডেট করছিল। এবারও হইচই কম হয়নি। তৃষ্ণা ও কৃষ্ণার মায়ের মেলবোর্নে আসার কথা জাতীয় খবরে বলা হয়েছে। ‘সিক্সটি মিনিটস’ একটি বিশেষ প্রোগ্রাম করেছে শুধু ওদের নিয়ে। এখানকার শীর্ষস্থানীয় পত্রিকা দ্য এইজ, দ্য অস্ট্রেলিয়ানসহ সব পত্রিকা সংবাদটি প্রচার করেছে গুরুত্ব দিয়ে। মেলবোর্নে বসবাসরত বাংলাদেশিরাও অধীর আগ্রহে মনোযোগ রেখেছেন টিভির পর্দায়, পত্রিকার পাতায়। খুব বেশি কিছু করার অবকাশ ছিল না, কারণ লাভলী মল্লিকের এই সীমিত সময়টুকু তাঁর মেয়েদের জন্য বরাদ্দ। তাঁর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে কঠিনভাবে দর্শনার্থীদের সংযত রাখতে হয়েছে। তবে সাধারণ মানুষজন প্রাণের আবেগে পুরো ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। প্রচুর লোকজন স্বেচ্ছাপ্রণোদিত হয়ে চিলড্রেন্স ফার্স্ব ফাউন্ডেশনে আর্থিক সাহায্য করেছেন। বেশির ভাগ লোকজনই চায় তৃষ্ণা-কৃষ্ণা এ দেশে থেকে যাক, তবেই তাদের উপযুক্ত মঙ্গলসাধন হবে। সবচেয়ে সুন্দর মন্তব্য ছিল জেইন সাইমনের। দি এইজ পত্রিকায় তিনি লিখেছেন, ‘এই অসাধারণ মানবিক গল্প প্রত্যেকের ভেতরের সুন্দরকে বের করে আনে।’ সব দেখেশুনে অভিভূত মা লাভলী বারবার বলছিলেন, ‘মোয়রা আর এটম ভাইয়ের মতো মানুষ হয় না। তাঁরা আমার মেয়েদের দিয়েছেন নতুন জীবন।’এই দুটি স্বর্গীয় চেহারার মেয়ের সামনে রয়েছে এখনো কঠিন জীবনযুদ্ধ। স্বাস্থ্য-অবনতির আশঙ্কা রয়েছে সর্বক্ষণ। এমনকি গতকালও (২৮ জুলাই, ২০১০) রয়াল মেলবোর্ন শিশু হাসপাতালে বসেছে বিশেষ বোর্ড মিটিং শল্য-চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে। তাঁরা করছেন শরীরবৃত্ত-বিষয়ক গবেষণা আর মোয়রা কেলি করে চলেছেন কৃষ্ণা ও তৃষ্ণার মানসবৃত্তি বিকাশের সকল প্রচেষ্টা। সঙ্গে রয়েছেন হতভাগ্য শিশুপ্রেমী অ্যাটম ও রিয়া রহমান দম্পতি, যাঁরা শিশু দুটির স্থানীয় অভিভাবক। অনেক প্রতিকূলতার বিপরীতে গিয়ে তাঁরা বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন লাভলী মল্লিককে। কারণ, শিশুদের বেড়ে ওঠার দিনগুলোতে তাদের মানসিক স্থিতির জন্য প্রয়োজন জন্মদাত্রী মায়ের উপস্থিতি। মোয়রা কেলি জানাচ্ছেন, লাভলীর মনে এই শিশু দুটির জন্মকালের যে করুণ ভীতিকর স্মৃতি বিরাজমান, তা মুছিয়ে দেওয়ার একমাত্র উপায় ওদের আলাদা অবস্থায় হাসতে-খেলতে দেখা, যে সুযোগ এই অসহায় মায়ের হয়নি কোনো দিন। এক অসাধারণ জোরালো মনের মা এই লাভলী মল্লিক। তাঁর সঙ্গে কথোপকথনে কখনো মনে হয়নি তিনি অসহায়। প্রবল তাঁর মনোবল, অসীম আস্থা তাঁর বিধাতার শক্তিতে। সেই গর্ভধারণের সময় থেকে আজ পর্যন্ত তিনি কখনো আশা ছাড়েননি। গর্ভকালীন থেকেই তিনি জানতেন তাঁর জোড়া যমজ শিশু হবে এবং তাদের বাঁচার সম্ভাবনা খুব কম। নিজ পরিবার, চিকিৎসক—সবার নিষেধ সত্ত্বেও তিনি বাচ্চাদের ধারণ করছিলেন পুরোটা সময়। শুধু চেয়েছিলেন ওরা অন্তত পৃথিবীর আলো দেখবে, তারপর যা হবে সেটা বিধাতার অভিপ্রায়। মেলবোর্নে এসে কৃষ্ণা-তৃষ্ণাকে যখন তিনি প্রথম দেখলেন সে অনুভূতি কেমন ছিল সে প্রশ্নের উত্তরে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এমন আনন্দঘন পরিতৃপ্তির সময় তাঁর জীবনে আর আসেনি। এমনকি সবকিছু যে স্বপ্ন নয় সত্যি, সেটা বুঝতেও সময় লেগেছে। লাভলী বললেন, তৃষ্ণা যখন আম্মু বলে ডাকে, তাঁর বুকটা ভরে ওঠে। তৃষ্ণা দারুণ প্রাণবন্ত। কাছে আসে, জড়িয়ে ধরে চুমু খায়, প্রচণ্ড উচ্ছল। সাজগোজ করতে ভালোবাসে, সেজেগুজে আয়নার সামনে অনেক অঙ্গভঙ্গি করে নিজেই হাসতে হাসতে কুটিকুটি। আহা, কৃষ্ণাটাও যদি এমন আম্মু বলে ডাকত, কাছে আসত! কৃষ্ণা কিডনি সমস্যায় ভুগছে, ততটা শক্ত হয়ে ওঠেনি এখনো। মায়ের মনে ভয় হয়, কবে পুরোপুরি সুস্থ হবে তাঁর সন্তানেরা। স্বপ্নের মতো সত্যি দিনগুলো বড় তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এটাই তাঁর একমাত্র দুঃখ। মেয়েদের রেখে ফিরে যেতে হবে, নিয়মের অসংখ্য লাল ফিতে দিয়ে বাঁধা তাঁর থেকে যাওয়ার পথ। কিন্তু মোয়রা কেলি ও অ্যাটম রহমান চেষ্টা চালিয়ে যাচ্ছেন লাভলী যেন আরও আসতে পারেন, মেয়েদের বেড়ে ওঠা দেখতে পারেন। এই মোয়রা কেলি এক অসাধারণ নারী, যিনি চিল্ডরেনস ফার্স্ট ফাউন্ডেশনের প্রধান, পৃথিবীর বিভিন্ন দেশের অসহায় শিশুদের সাহায্য করাই যাঁর জীবনের ব্রত। আদর করে মেয়ে দুটোকে ডাকেন টৃশি আর কৃশি। কতটা ভালোবাসেন তা তাঁর চোখমুখে পরস্ফুিট, অতুলনীয় সে অনুভূতি। তৃষ্ণা আর কৃষ্ণার এই দুই মা শুধু একজন আরেকজনকে জড়িয়ে ধরে কখনো কাঁদেন, কখনো হাসেন। একজন বাংলা জানেন না, আরেকজন ইংরেজি জানেন না। তাঁরা কথা বলেন মাতৃত্বের ভাষায়। সে ভাষা অনন্য, পৃথিবীর যেকোনো প্রান্তে সে ভাষা এক। অ্যাটম ও রিয়া রহমানের নিরলস সহযোগিতায় মোয়রা ব্যবস্থা করছেন লাভলী যেন আবার মা হতে পারেন নিঃশঙ্কচিত্তে। ইংরেজি শেখানোর চেষ্টা করছেন, যেন ভবিষ্যতে এলে মেয়েদের সঙ্গে সহজ-সুন্দর সময় কাটাতে পারেন। তৃষ্ণা আর কৃষ্ণার নতুন জীবনের সামগ্রিক চিত্রটি শুধু তাদেরকে ঘিরে নয়। এখানে রয়েছে আরও অনেকের অনস্বীকার্য অবদান। সব বাধা পেরিয়ে লাভলী মল্লিক ওদের এ পৃথিবীর আলো দেখিয়েছেন। তারপর যখন অসহায়ত্ব ঘিরে ধরেছে তাঁকে, বুঝেছিলেন এই যুক্ত মাথার যমজ যুগলকে বড় করার কোনো সাধ্য তাঁর নেই, তখন তুলে দিয়েছিলেন বাংলাদেশেরই এক এতিমখানার কাছে নাড়িছেঁড়া ধন। সেই এতিমখানা তাদের বড় করেছিল মমতাভরে সেদিন পর্যন্ত, যেদিন এক শুভক্ষণে অ্যাটম রহমান ও মোয়রা কেলি তুলে নিয়েছিলেন সব ভার। তারপর রয়েছে রয়াল মেলবোর্ন শিশু হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের অবিস্মরণীয় মমতা মেশানো কর্মদক্ষতা। আর সবকিছুর পেছনে রয়েছে এক শুভশক্তি, যার কাছে সবাই খোঁজে আশ্রয়। দেখতে দেখতে লাভলী মল্লিকের ফিরে যাওয়ার সময় হয়ে আসছে। জন্মদাত্রী মা কীভাবে তৃষ্ণা আর কৃষ্ণাকে রেখে ফিরে যাবেন ভাবতেও চোখ ভিজে যায়, সে ঘটনা সহ্য করার মতো শক্তি যেন জীবনদাত্রী মা মনের মাঝে খুঁজে পান। লাভলী বড় বাস্তববাদী নারী। বলছিলেন, দারিদ্র্যের কাছে তিনি হার মেনেছেন। তিনি চান ওরা এখানেই বড় হোক, মানুষের মতো মানুষ হোক। অনেক ভালোবাসায় মাতৃত্বের যে জায়গা থেকে একদিন তিনি তৃষ্ণা আর কৃষ্ণাকে এতিমখানায় তুলে দিয়েছিলেন, সে জায়গা থেকে সঞ্চিত শক্তি তাঁকে আবারও সাহায্য করবে ওদের ছেড়ে যেতে। লাভলী জানেন, তৃষ্ণা আর কৃষ্ণার সামনে আছে সত্যিকারের সম্ভাবনা, আছেন মোয়রা।