দূর থেকে দেখে মনে হয়, হাওরাঞ্চলের কোনো রাজবাড়ির ঘাট। বিকেলের মিষ্টি আলোয় বর্ণিল হয়ে ওঠে ঘাটের সিঁড়ি। ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে তেঁতুলিয়া নদীর নীল জল পর্যন্ত। ঘাটে গেলে চোখে পড়ে চারদিকের অপরূপ, নয়নাভিরাম দৃশ্য। বিকেল থেকে সন্ধ্যা অনায়াসে কেটে যায় নদীর পাড়ে বসে। এই ঘাট ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বঙ্গবন্ধু পার্কে।
আমাদের যাত্রা ভোলা থেকে শুরু হয়েছিল। প্রথমে বাংলাবাজার উপশহরে যাই। এখানে স্বাধীনতা জাদুঘর, অপরূপ মসজিদ, ফাতেমা খানম ডিগ্রি কলেজসহ অনেক কিছু দেখার আছে। বাংলাবাজার থেকে কোড়ালিয়া। বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংসদ তোফায়েল আহমেদের বাড়ির সামনের সড়ক দিয়ে আমরা পৌঁছে যাই তেঁতুলিয়া নদীর পাড়ে বঙ্গবন্ধু পার্কে। তবে কেউ চাইলে ব্যাটারিচালিত অটোরিকশা, মাইক্রোবাসেও যেতে পারেন। রিকশা ৩০০ থেকে ৩৫০ টাকা নেবে। দর করে উঠতে হবে। তবে ভেঙে ভেঙে গেলে খরচ কম পড়বে। সে ক্ষেত্রে ভোলা শহর থেকে বাসস্ট্যান্ড গিয়ে বাসে বাংলাবাজার, বাংলাবাজার থেকে কোড়ালিয়া গাড়িঘাটা। যেতে-আসতে জনপ্রতি সর্বোচ্চ ১০০ টাকা খরচ হবে।
রাস্তা থেকে পার্কে প্রবেশের বিশাল সুন্দর ফটক। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তোফায়েল আহমেদের শত স্মৃতিময় ছবি সাঁটা। ছবি আছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মাঝে বড় হরফে লেখা, ‘তেঁতুলিয়া বঙ্গবন্ধু পার্ক’। নিচে সড়ক থেকে উঁচু বাঁধে উঠে গেছে সমান্তরাল সড়ক। বেড়িবাঁধে উঠে, আবার সিঁড়ি নেমে গেছে নদীর জলসীমানায়। তেঁতুলিয়া নদীর তীরসহ বেড়িবাঁধ পাকা ব্লক মুড়ে দেওয়া হয়েছে। মাঝেমধ্যে জলচৌকির মতো ব্লক উঁচু রাখা হয়েছে বসার জন্য। নানা রং করা।
পার্কের পূর্ব পাশ পরিচিত ‘কান্ট্রিসাইড’ নামে, আর পশ্চিম পাশের নাম ‘রিভারসাইড’। কান্ট্রিসাইডে নানা রকম রাইড আছে শিশুদের জন্য। নৌকা, দোলনা, চরকি, নাগরদোলা। এসব ফ্রি। পার্কে প্রবেশ করতে বা নদীতে সাঁতার কাটতে টাকা লাগে না। বেড়িবাঁধে ওঠার জন্য অনেক সিঁড়ি। বাঁধের ওপর আছে গোলঘর। শানবাঁধানো গোল বেঞ্চ, গোলাকার টেবিল। শানের পাকা চাল। সেখানে মানুষেরা দল বেঁধে আড্ডা দেয়, গল্পগুজব, চলে সাহিত্য আড্ডা।
পর্যটকেরা সাধারণত দুপুরের পর এই বঙ্গবন্ধু পার্কে ভিড় জমায়। পার্কে বসে বিশাল তেঁতুলিয়া নদীর রূপ দেখা যায়। ওপরে বিস্তৃত নীল আকাশ। নিচে নীল জল। নীল ঢেউ। কখনো ছোট, কখনো বড়। ছোট ছোট ডিঙিতে বসে জেলের জাল ফেলা, নদীর মাছ ধরা, রাজহংসের সাঁতার, নদীর মাঝে জেগে ওঠা চরের ধান, হোগলা পাতার দোল, ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে চলা, এরই মধ্যে ভোঁ ভোঁ হর্ন বাজিয়ে ইঞ্জিনচালিত লঞ্চ ছুটছে যাত্রী নিয়ে। ছুটছে জেলেদের ট্রলার। তীর ঘেঁষে গাছের ডালে মাছরাঙা চুপ করে বসে আছে মাছ শিকারের আশায়। গাছের ডগায় ডগায় কখনো বুলবুলি, কখনো ফিঙে উড়ছে। নৌকা বাঁধা আছে সারি সারি, ইচ্ছা হলে নদীতে একচক্কর দেওয়া যায়।
এসব দেখতে দেখতে সামনে নেমে এল দিনের বিদায়ী লাল সূর্য। তেঁতুলিয়ার নীল জল রক্তাভ হয়ে উঠল। মনে হলো মুহূর্তটিকে ধরে রাখি আরও কিছুক্ষণ! কিন্তু তা কি রাখা যায়! সূর্য হারিয়ে গেল। ধীরে ধীরে নদীপাড়ে নেমে এল আঁধার। একটা লক্ষ্মীপ্যাঁচা উড়ে গিয়ে বসল গাছের ডালে। শেষ সময়ে দু-একটি পাখিও ফিরল ঘরে।