আমি এত ভিতু ছিলাম না। ছোটবেলায় দুধ খাওয়া ছাড়ানোর জন্য মা ভয় দেখানো, ভয় বোঝানো শুরু করেছিলেন। ভয় বুঝতে অনেক দিন লেগেছিল, লাগবেই তো। একটা শিশুর পক্ষে এ রকম একটা বায়বীয় বিষয় বুঝতে পারা কি সহজ? তারপর স্কুলে-মক্তবে গিয়ে নানা রকম ভয়ের সঙ্গে পরিচয় হলো। নিয়ম ভাঙা শাস্তির ভয়, পাস-ফেলের ভয়—আরও কত কিছু! বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভয়ের ধরন এবং পরিমাণও বাড়ল। জিন-পরি, ভূত-পেতনি, মাস্তান-সন্ত্রাসী, অসুখবিসুখ, ঝড়-বন্যা-জলের ভয় যোগ হলো।১৪-১৫ বছর বয়সের কথা। রাস্তায় তিন-চারজন মেয়েকে একসঙ্গে আসতে দেখলেও বুকের মধ্যে কেমন জানি ধড়ফড় করত। স্বেচ্ছায় রাস্তার সবটুকু জায়গাই ছেড়ে দিতাম। আমার আড়ষ্টতা দেখে মেয়েগুলো হাসতে হাসতে একে অন্যের গায়ে পড়ত। আহা! সেই মেঘবালিকাদের হাসি! পৃথিবীর সুন্দরতম। অতঃপর একসময় প্রেম এসে কড়া নাড়ল। না, আমি গিয়ে প্রেমের কড়া নাড়তে সাহস পাইনি। ওই যে বললাম, ভয়! সারাক্ষণ শুধু শঙ্কায় থাকতাম, এত প্রেম! থাকবে তো!্রবন্ধুরা যখন তাদের প্রেমিকা সম্পর্কে ‘কেউ যদি দেখে ফেলে’ বা ‘ফেলত’ টাইপ গল্পগুজবে অট্টহাসিতে ফেটে পড়ত, তখন ‘ভিতুর ডিম’ কথাটিই আমার জন্য যথোপযুক্ত। হতাশায় দীর্ঘশ্বাস ফেলে ভাবতাম, জীবনে কোনো একটা কাজই ভালোভাবে করতে পারলাম না। এমনও কত দিন গেছে, রাত গেছে—একা ফাঁকা রুমে, রাতের বেলা ছাদে, নিভৃতে-নিরালায় পেয়েছি তারে। দিনের পর দিন গোছানো কথার অর্ধেক ভুলে গিয়ে, বাকি অর্ধেক এলোমেলোভাবে বলে বুকের মধ্যে আফসোস নিয়ে ফিরে এসেছি। শুধু ভয় হতো, যদি ‘সৎ প্রেমিক’-এর সুখ্যাতিটা চলে যায়! শেষতক যা হওয়ার তা-ই, সৎ প্রেমিক পেল না কিছুই। হঠাৎ জানতে পারলাম, তেঁতুলতলানিবাসী এক নাগরকে সে বিবাহ করেছে। যাকে একনজর দেখার জন্য, একটু কথা বলার জন্য এত প্রতীক্ষায় থাকতাম, তার সঙ্গেই যাতে আর দেখা না হয় সে জন্য কায়মনে প্রার্থনা শুরু করলাম। কিন্তু তা কি আর হয়!্রআলো ঝলমলে এক রোদের দিনে সকাল সাড়ে ১০টার সময়ই আমার বারোটা বেজে গেল। রঙিন শাড়ি-চুড়ি, গয়না পরে স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে হঠাৎ করেই আমার সামনে এসে নামল। বিরাট হাসি দিয়ে বলল, ‘ভালো আছিস?’ এত নিষ্ঠুর রসিকতা আমার জীবনে আর কেউ করেনি। এই প্রথম তার হাসিমুখ অসম্ভব রকমের কুৎসিত লাগল। মুহূর্তেই আমার আলো ঝলমলে দিনটি অন্ধকারে ঢেকে গেল। কোনো কথাই বলতে পারলাম না। জড় পদার্থের মতো নতমুখে ঠায় দাঁড়িয়ে ছিলাম। শুধু একবার চোখ তুলে সেই তেঁতুলতলানিবাসী ভাগ্যবান শত্রুটাকে দেখলাম। অনেক দিন পর আবার তাকে এক শপিং মলে দেখলাম। এক হাত ধরে সামনে টানছে তার উত্তরাধিকার, অন্য হাত ধরে পায়ে পায়ে হাঁটছে তার বৈবাহিক ইজারাদার। হাত বাড়িয়ে ডাকতে ইচ্ছে করেছিল। পারিনি। এখনো আমার ডাকতে গেলে, হাসতে গেলে, বলতে গেলে, চলতে গেলে, জলে নামলে, একলা থাকলে, আঁধার নামলে ভয় করে।্রখুউব ভয় করে। যদি দুঃখ এসে জড়িয়ে ধরে! যদি নিন্দা এসে কামড়ে ধরে...!শাখাওয়াৎ নয়নঅস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। [email protected]