তেজস্বী চিত্রাঙ্গদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনিপুররাজ তাঁর কন্যাসন্তানকে পুত্ররূপে বড় করে তোলেন। ধনুর্বিদ্যা, যুদ্ধবিদ্যায় পারদর্শী সেই মেয়ে। রাজ্যের সকল দুর্গতির সামনে সাহস নিয়ে দাঁড়ায়। বীরদর্পে উচ্চারণ করে, ‘আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্রনন্দিনী!’ সেই সময় ব্রহ্মচারী ব্রত পালনের উদ্দেশ্যে মনিপুরে উপস্থিত হন অর্জুন। কিন্তু পুরুষবেশী চিত্রাঙ্গদা মন জয় করতে পারল না অর্জুনের। দেবতার বর চাইল চিত্রাঙ্গদা। পুরুষের বেশ ছেড়ে অপরূপ নারী হয়ে উঠল বর পেয়ে। নবরূপে আবির্ভূত চিত্রাঙ্গদার প্রেমে মুগ্ধ অর্জুন। তবু সেই সাবলীল, তেজস্বী নারীকেই যেন খুঁজে ফেরেন তিনি। চিত্রাঙ্গদা তার বর ফিরিয়ে দিয়ে হয়ে ওঠে আগের মতো।বাইরের রূপ নয়, মানুষের অন্তরের সৌন্দর্য, ব্যক্তিত্বের মাঝেই লুকিয়ে আছে প্রকৃত সৌন্দর্যবোধ। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক চিত্রাঙ্গদা এমন উপলব্ধি জাগায় দর্শকমনে।রবীন্দ্রনাথের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসংগীত পরিষদ চট্টগ্রামের উদ্যোগে এবং ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) মঞ্চায়িত হলো চিত্রাঙ্গদা। এই নৃত্যনাট্যে রাজকুমারী চিত্রাঙ্গদা এবং অর্জুনের প্রেমগাথার মধ্যে ফুটে উঠেছে নারীর স্বভাবজাত কমনীয় রূপের পাশাপাশি সাহসী প্রতিচ্ছবি।নাটকের শুরুতে বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। সোমনাথ ঘোষ বলেন, ‘কবিগুরু এক শ বছর আগেও যা ছিলেন, আগামী এক শ বছর পরেও মানুষ সমানভাবে তাঁর কীর্তি স্মরণ করবে।’ চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে সংগীতাংশে অর্জুনের কণ্ঠ দেন মিহির নন্দী, মদনের কণ্ঠ দেন কেশব জিপসী, কুরূপা চিত্রাঙ্গদার ভূমিকায় কণ্ঠ দেন কান্তা দে। সুরূপা চিত্রাঙ্গদার কণ্ঠ দেন রূম্পা সেন।নৃত্যাংশে অংশ নেন প্রমা অবন্তী , স্বপন বড়ুয়া, প্রিয়াংকা বড়ুয়া , প্রবীর পাল এবং সখী ও দস্যুর দলে ছিলেন ময়ূরী বড়ুয়া, জয়ীতা দত্ত, পারমিতা দাশ, অনিন্দিতা দাশ প্রমুখ। নৃত্যনাট্যে সংগীত পরিচালনায় ছিলেন ওস্তাদ মিহির নন্দী।