তেল আর জলের মিশ্রণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এসএসসি পরীক্ষার আগে তিন মাস স্কুলের হোস্টেলে ছিলাম। আমাদের রুমে মামুন নামের এক সহপাঠী ছিল। তার সঙ্গে অনেক মজা করতাম। আমাদের এলাকা সন্দ্বীপ ছিল বিদ্যুৎবিহীন। স্কুলেও জেনারেটর ছিল না। হোস্টেলে সবার একটা একটা করে হারিকেন ছিল। পাশেই ছিল বাজার।
হোস্টেলে খোকা ভাই নামের একজন কেয়ারটেকার ছিলেন। তাঁর কাজ ছিল ছাত্রদের টুকটাক বাজার করে দেওয়া। সন্ধ্যার আগে সবার হারিকেনে তেল ভরে আনাও তাঁর কাজ। বাজার কাছাকাছি থাকায় সরাসরি হারিকেন নিয়ে যেতেন দোকানে। দুই টাকায় ভরে দিত হারিকেনের ট্যাংক। সেদিন সন্ধ্যায় যে যার হারিকেন খোকা ভাইকে দিচ্ছিল তেল ভরে আনার জন্য। মামুন দেখে তার হারিকেনে যা তেল আছে, তাতে সেদিনের মতো চলবে, তাই সে আর তেল আনতে দিল না।
এদিকে, সন্ধ্যা নামতেই সবাই হারিকেনের আলো জ্বালিয়ে পড়তে বসলাম। মামুনের হারিকেন নিয়ে বাধল বিপত্তি। জ্বালাতেই একটু পরপর দপ করে নিভে যায়! কয়েকবার এমন হতেই আরও দু-তিনজন বন্ধু এগিয়ে গেল সমস্যা সমাধানে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমি মিটিমিটি হাসছিলাম আর পড়া নিয়ে ব্যস্ততার ভাব দেখাচ্ছিলাম! ব্যস্ততা না দেখিয়ে উপায় আছে? মামুনের হারিকেনে কেরোসিনের সঙ্গে পানি মিশিয়ে রেখেছিলাম তো আমিই! ঘটনা জানাজানি হওয়ার পর এক সপ্তাহ আমার সঙ্গে কথা বন্ধ রেখেছিল মামুন। এখন এই পরবাসে মামুনকে খুব মনে পড়ে।
জুলেখা হাসপাতাল, সংযুক্ত আরব আমিরাত।