তেল-কয়লায় চলছে ফটিকছড়ির চা-বাগানগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগানগুলোতে গ্যাস-সংযোগ দেওয়ার একটি প্রকল্প প্রস্তাব ১৫ বছর ধরে মন্ত্রণালয়ে পড়ে আছে। গ্যাস-সংযোগ না থাকায় ফটিকছড়ির চা-বাগানগুলোতে নিয়মিত ও পর্যাপ্ত চা উৎপাদন সম্ভব হচ্ছে না। কয়লা ও তেল দিয়ে কারখানা চালাতে গিয়ে উৎপাদনপ্রক্রিয়া দীর্ঘায়িত এবং উৎপাদন খরচ বেশি হচ্ছে।
খৈয়াছড়া চা-বাগানের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, তাঁদের বাগানে তেল-কয়লা দিয়ে কারখানা চালিয়ে চা উৎপাদন হয় বার্ষিক পাঁচ লাখ কেজি। অথচ গ্যাস থাকলে উৎপাদন তিন লাখ কেজি বেড়ে আট লাখ কেজি করা সম্ভব হতো। গ্যাসের তুলনায় তেল-কয়লায় উৎপাদন খরচও তিন গুণ বেশি হয় বলে তিনি জানান।
বাগানমালিকদের অভিযোগ, ফটিকছড়ির ১৭টি চা-বাগান রপ্তানিপ্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের বৈদেশিক মুদ্রা আয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। কিন্তু গ্যাসের অভাবে তারা আশানুরূপ উৎপাদন ও লাভের মুখ দেখছে না। এতে তারা হতাশায় ভুগছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ২২টি চা-বাগানের মধ্যে শুধু ফটিকছড়িতেই রয়েছে ১৭টি। দেশের প্রায় ১০ শতাংশ চা জোগান দেয় এসব চা-বাগান। বাংলাদেশ চা-সংসদের পক্ষে ১৯৯৮ সালের ১৬ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে ফটিকছড়ির চা-বাগানগুলোতে প্রাকৃতিক গ্যাস সংযোগ দেওয়ার আবেদন জানানো হয়। এ ব্যাপারে তারা একটি প্রকল্প প্রতিবেদনও তৈরি করে অনুমোদনের জন্য পাঠায় তৎকালীন বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বর্তমানে কর্ণফুলী গ্যাস সিস্টেম অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড) কর্তৃপক্ষের কাছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ওই বছরের ১৭ মে প্রকল্পটির ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়।
সূত্র জানায়, অর্থ বরাদ্দের জন্য প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) ২৩তম সভায় প্রকল্পটি বাদ দেন। তবে সিলেটের চা-বাগানগুলোকে গ্যাসের আওতায় আনার লক্ষ্যে ২০ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেন তিনি। এরপর ফটিকছড়ির বাগানগুলোতে গ্যাস-সংযোগ দেওয়ার প্রকল্পটি আলোর মুখ দেখেনি।
বাগানমালিকেরা জানান, ২০১০ সালে ফটিকছড়ি ও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সীমান্তের সেমুতং গ্যাস কারখানা থেকে গ্যাস তোলার কার্যক্রম শুরু হলে সেখান থেকে ফটিকছড়ির বাগানগুলোতে গ্যাস-সংযোগ দেওয়ার একটি সম্ভাবনা দেখা দেয়। ২০১১ সালের ডিসেম্বর থেকে সেমুতংয়ের গ্যাস উপজেলার নেপচুন চা-বাগান হয়ে ফটিকছড়ির-নাজিরহাট-হাটহাজারীর ফতেয়াবাদের ওপর দিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়। সম্প্রতি নেপচুন চা-বাগানে গ্যাস-সংযোগ দেওয়া হলেও অন্য বাগানগুলো এখনো গ্যাস পায়নি। এতে হতাশ হয়ে পড়েছেন সংশ্লিষ্ট বাগানমালিকেরা।
হালদাভ্যালি চা-বাগানের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘তেল-কয়লা দিয়ে চা-উৎপাদন করে আমাদের ব্যবসার এখন যায় যায় অবস্থা। ভালো মানের চা উৎপাদন করেও আমরা অবহেলিত। জাতীয় উন্নয়নের স্বার্থে এখানকার বাগানগুলোতে গ্যাস-সংযোগ দেওয়া জরুরি।’
বাংলাদেশ চা-সংসদ চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি কাজী ইরফান উল্লাহ বলেন, বাগানগুলোতে গ্যাস-সংযোগ দেওয়ার ব্যাপারে মন্ত্রণালয়ে পড়ে থাকা প্রকল্প প্রস্তাবটি পর্যালোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে সংযোগ দেওয়ার কাজটি সহজ হবে।
জানতে চাইলে কর্ণফুলী গ্যাস সিস্টেমস অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের মহাব্যবস্থাপক মো. শহীদ আলী বলেন, সেমুতংয়ের আরেকটি কূপ থেকে গ্যাস উত্তোলনের কার্যক্রম চলছে। উত্তোলন শুরু হলে এখানকার বাগানগুলোতে সংযোগের বিষয়টি বিবেচনা করা হবে।