তেল চিটচিটে রান্নাঘর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান্না শেষে চুলার আশপাশ পরিস্কার করে নেওয়া ভালো। মডেল: আসিফ, ছবি: নকশা
রান্না শেষে চুলার আশপাশ পরিস্কার করে নেওয়া ভালো। মডেল: আসিফ, ছবি: নকশা

রান্না করার জায়গাটি যদি খোলামেলা ও সুন্দর হয়ে থাকে, রান্না করার আগ্রহ বেড়ে যায় অনেকটাই। হেঁশেলে ঢুকতে তখন ভালোই লাগবে। ছোট আয়তনের ফ্ল্যাটগুলোর রান্নাঘর ছোটই হয়ে থাকে। এরপর যতই সাবধানতা অবলম্বন করুন না কেন, তেল, তরকারির ঝোল, ভাতের মাড়, মসলাবাটা—এটা-সেটা পড়বেই চুলার আশপাশে। রান্নার সময় ধোঁয়া বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে এক হয়ে একধরনের আঠালো ভাবও তৈরি করে ফেলে। এতে রান্নাঘরের দেয়াল ও অন্যান্য জিনিসপত্র তেল চিটচিটে হয়ে যায়। কিছু নিয়ম মেনে চললে তেল চিটচিটে ভাব দূর করে ঝকঝকে করে রাখা যায় আপনার হেঁশেলটা।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা আকতার জানালেন সহজ কিছু উপায়। প্রতিদিনই নিয়ম করে রান্না শেষে চুলার আশপাশ পরিষ্কার করা উচিত। রান্নাঘরের বিভিন্ন স্থান বা জিনিসপত্র তেল চিটচিটে ভাব থেকে মুক্ত রাখতে হলে রান্নাঘরের কাবার্ড, তাক, ক্যাবিনেটের অবশ্যই পাল্লা থাকা প্রয়োজন। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে, রান্নাঘরের জিনিসপত্র যেন চুলার উচ্চতার থেকে নিচু জায়গায় রাখা হয়। কারণ, রান্নার তেলযুক্ত ধোঁয়া ওপরের দিকে ওঠে।

রান্নাঘর নিয়মিত পরিষ্কার না করলে দেয়ালে ও মেঝেতে ময়লা জমে দাগ পরে যেতে পারে
রান্নাঘর নিয়মিত পরিষ্কার না করলে দেয়ালে ও মেঝেতে ময়লা জমে দাগ পরে যেতে পারে

প্রতিদিন হয়তো সময় হয় না রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করার। তবে মাসে অন্তত দু-তিনবার সব জিনিস পরিষ্কার করে ফেলতে পারেন। হালকা গরম পানিতে ডিটারজেন্ট ও একটু লেবুর রস বা কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে ওই পানি দিয়ে পরিষ্কার করলে ঝকঝকে হয়ে যাবে। না হলে রান্না করতে গেলে গায়ে লেগে থাকা আঠালো পদার্থ হাতে লেগে যাবে এবং তৈরি হবে একধরনের অস্বস্তি। রান্নাঘরে যদি ওভেন, ব্লেন্ডার, ফ্রিজ থাকে, তবে প্রতিদিনই এসব যন্ত্রের বাইরের অংশ পরিষ্কার করা উচিত। তা না হলে প্রতিদিনের রান্না থেকে উৎপন্ন ধোঁয়াযুক্ত বাষ্প তেল চিটচিটে আঠালো ভাবটা স্থায়ী হয়ে যাবে। পরে এগুলো পরিষ্কার করা খুব কষ্টসাধ্য বিষয় হয়ে যায়।
রান্নাবিদ সিতারা ফিরদৌস জানালেন, রান্নার কারণে উৎপন্ন ধোঁয়ায় রান্নাঘরের মেঝে, দেয়ালে দাগ পড়ে যায়। নিয়মিত পরিষ্কার না করলে এগুলো জমে শক্ত হয়ে যায়। ফলে ঘরটা নোংরা লাগে। এগুলো তখন পরিষ্কার করাও বেশ ঝামেলার। তাই মাসে দু-তিনবার রান্নাঘরের দেয়াল ও মেঝে পরিষ্কার করা ভালো। আজকাল বাজারেই পাওয়া যায় নানা রকম তরল পরিষ্কারক (লিকুইড ক্লিনার)। সেগুলো দিয়ে বেশ সহজেই পরিষ্কার করার কাজটি সম্পন্ন করা যাবে। সিতারা ফিরদৌসের মতে, ঝামেলামুক্ত রান্নাঘর চাইলে ঘরটি হওয়া চাই খোলামেলা। রান্না করার সময় দরজা-জানালা খুলে রাখতে হবে। যথাসম্ভব রান্নাঘরে জিনিসপত্র কম রাখতে হবে। ফ্রিজ, ওভেন বাইরে রাখা ভালো। যেগুলো রান্নাঘরে না রাখলেই নয়, সেগুলো কেবিনেটের ভেতরে রাখতে হবে।
বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরে কিচেন চিমনি, হুড, এগজস্ট ফ্যান, ভেন্টিলেটর থাকা প্রয়োজন। এতে রান্নার সময় উৎপন্ন হওয়া ধোঁয়া, তেল, বাষ্প বাইরে বের হয়ে যাবে। রান্নাঘর তেল চিটচিটে হবে কম।