তেল বনাম তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন সপ্তম শ্রেণীতে। গ্রীষ্মের ছুটিতে প্রতিবছর আমরা নানাবাড়ি যাই। কতগুলো দিন খুব আনন্দ-ফুর্তিতে কাটে। আমার মামাতো ভাইবোনদের সঙ্গে সারা বছর পাশের বাড়ির ছেলেমেয়ের ঝগড়া লেগেই থাকে। আমি যখন এখানে আসি তখন সেই ঝগড়া আরও তুঙ্গে ওঠে। আমরা সেদিন ওই ছেলেমেয়েদের শায়েস্তা করার জন্য খুব জবরদস্ত একটা আইডিয়া করেছি। (কে জানত, ওরাও আমাদের ফাঁদে ফেলার ব্যবস্থা করেছে!) আমার নানাবাড়ি ছাড়া গ্রামে আরও অনেকেরই বাড়ি পাকা। চুপিচুপি পাশের বাড়িতে যেতে কোনো অসুবিধা হলো না। প্ল্যান অনুযায়ী ওদের বাড়ির সামনে এক লিটারের একটা তেলের বোতল ঢেলে খালি করে এলাম। আমি এমনিতেই বেশি তাড়াতাড়ি হাঁটতে পারি না। তার ওপর ভাবছিলাম যে, আমাদের হাঁটার আর তেল ঢালায় তো বেশ শব্দ হচ্ছিল, তবু ওরা কেউ বের হলো না কেন? ভাবতে না ভাবতেই কান ফাটানো চিৎকারে ভাবনা বন্ধ হয়ে এল। ভেবে খুশিই হলাম, যাক, কেউ একজন তাহলে আমাদের ফাঁদে পড়ে দড়াম করে পড়ে গিয়েছে। কিন্তু একি! সবাই গেল কই? একের পর এক দড়াম শব্দ আর চিৎকারে বিরক্তিও লাগছিল, আবার খুশিও লাগছিল। দড়াম! আবার কে পড়ল? ওদের বাসায় এত বাচ্চা তো নেই। পরমুহূর্তেই নিজেকে মাটিতে আবিষ্কার করলাম। টুটুল ভাইয়া ছাড়া সবাই নিচে! পড়ে গিয়ে পাওয়া ব্যথা সারতেও দুই দিন লেগেছিল। পরে জানতে পারি, আমরা যেমন ওদের বাড়ির সামনে তেল ঢেলেছিলাম, ওরাও আমাদের বাড়ির সামনে তেল ঢেলেছিল। ইশ, একেই বলে তেল বনাম তেল! ফাইরুজ আনিকানিলটুলী, ফরিদপুর।