তেল বরাদ্দ নেই, এক দিনের জন্যও চলেনি দুটি জেনারেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর হাসপাতালের জন্য একটি জেনারেটর ৩১ ও আরেকটি ১৬ বছর আগে বরাদ্দ হয়। জেনারেটর এনে বসানোও হয়। কিন্তু চালু হয়নি এক দিনের জন্যও। কারণ, জেনারেটর দেওয়া হলেও চালানোর জন্য তেল বরাদ্দ হয়নি। এভাবে দিনের পর দিনে পড়ে থেকে নষ্ট হচ্ছে জেনারেটর দুটি।
হাসপাতাল সূত্র জানায়, ফেনীর ৩১ শয্যার হাসপাতালটি ১৯৮২ সালে শহরের ডাক্তারপাড়া থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ফলেশ্বর এলাকায় স্থানান্তর করা হয়। এ সময় ৫০ শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি। এরপর ১৯৮৩ সালে ফেনী সদর হাসপাতালে বিকল্প বিদ্যুৎব্যবস্থা হিসেবে একটি জেনারেটর বরাদ্দ দেওয়া হয়। যেটির তখনকার বাজারমূল্য দুই লাখ টাকা। বিদ্যুৎ না থাকলে অপারেশনসহ জরুরি পরিস্থিতিতে এটি বিকল্প হিসেবে ব্যবহার করার কথা ছিল। কিন্তু জেনারেটরটি চালানোর জন্য কোনো তেল বরাদ্দ দেওয়া হয়নি। ফলে এটি হাসপাতাল বা রোগীদের কোনো কাজেই আসেনি। এদিকে ১৯৯৮ সালে ফেনী সদর হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। তখন ওই প্রকল্পের অধীনে আরও বেশি ক্ষমতাসম্পন্ন আরেকটি জেনারেটর দেওয়া হয়। এটির বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। সেটির জন্যও তেল বরাদ্দ দেওয়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বাইরে গ্যারেজ শেডের একটি কক্ষে পাশাপাশি বসানো হয়েছে জেনারেটর দুটি। নিরপত্তার জন্য কলাপসিবল গেটে তালা দিয়ে রাখা হয়েছে। তালাও মরচে ধরেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মচারী জানায়, কয়েক বছর আগে বড় জেনারেটরটি পরীক্ষামূলকভাবে চালানোর চেষ্টা করা হয়। এটি চালাতে হলে ঘণ্টায় তেল (ডিজেল) প্রয়োজন ১৭ লিটার। এত টাকা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে বহন করা সম্ভব নয়। তা ছাড়া জেনারেটর এখন চালাতে গেলে মেরামতের প্রয়োজন হতে পারে।
এ প্রসঙ্গে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, আগে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা জেনারেটর চালানোর জন্য তেল বরাদ্দ পেতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি দিয়েছেন। কিন্তু কোনো ফল হয়নি।
হাসপাতাল সুপারের দায়িত্ব পালনকারী ফেনী জেলা সিভিল সার্জন জাকির হোসেন বলেন, জেনারেটরগুলো চালানো যাবে কি না, পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। তবে এখনো পর্যন্ত তেলের জন্য কোনো বরাদ্দ নেই।
জানতে চাইলে স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের পরিচালক আলাউদ্দিন মজুমদার বলেন, আগে তেল বরাদ্দ না থাকলেও এখন দেওয়া হয়। এ জন্য হাসপাতালের সুপার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিলে হয়। প্রয়োজনে ফোনেও যোগাযোগ করতে পারেন।
এদিকে হাসপাতালের তিনটি নষ্ট অ্যাম্বুলেন্স বাইরে ফেলে রাখা হয়েছে। একটি অ্যাম্বুলেন্সের সামান্য অংশ ছাড়া বাকি অংশ মরচে ধরে মাটির সঙ্গে মিশে গেছে। এগুলো এখন নিলামেও বিক্রির সুযোগ নেই।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আলাউদ্দিন মজুমদার বলেন, সঠিক সময়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে এগুলো নিলামে বিক্রি করা যেত। কেউ এটাকে দায়িত্ব মনে করেননি।