তেল যখন অভিশাপ
মেক্সিকো উপসাগরের তেলক্ষেত্রে বিস্ফোরণের পর সাগরে তেল ছড়িয়ে যে দূষণ ঘটে, তাকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম পরিবেশ বিপর্যয়। মার্কিন তো বটেই, বিশ্ব মিডিয়ার একটা বড় মনোযোগের বিষয় ছিল এ দুর্ঘটনা আর তা মোকাবিলা নিয়ে যুক্তরাষ্ট্র সরকার ও তেলক্ষেত্রটি পরিচালনাকারী ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) তত্পরতা।মার্কিন উপকূলে এই দুর্ঘটনা আলোচনায় নিয়ে আসে তেলক্ষেত্রসহ বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত বিপর্যয়গুলোকে। চলতে থাকে তুলনা। তত গুরুত্ব দিয়ে না হলেও একই সঙ্গে আলোচনায় উঠে আসে তৃতীয় বিশ্বের পরিবেশ বিপর্যয়ের কথা। অনুন্নত বিশ্বের তেলক্ষেত্র, কয়লাখনি বা শিল্পকারখানার দুর্ঘটনায় অহরহ মানবিক বিপর্যয় ঘটলেও তা নিয়ে এত হইচই হয় না। সে খবর শুধু লাশের গুনতিতেই শেষ। নাইজেরিয়া এই নির্মম বাস্তবতার এক জাজ্বল্যমান উদাহরণ।বিশ্বে সম্ভবত নাইজেরিয়াই তেলকূপ খনন ও তেল উত্তোলনজনিত দুর্ঘটনার সবচেয়ে বড় শিকার। সেখানে প্রায় প্রতি সপ্তাহেই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। দুর্নীতি, দুর্বল নিয়ন্ত্রণ, জবাবদিহির অভাব—এই দুষ্টচক্রের কারণে নাইজেরিয়ার তেলক্ষেত্রে ১৯৬০ সালের পর থেকে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। নিয়মিত এ ধরনের দুর্ঘটনার কারণে একসময়ের উর্বর জমির ওপর এখন কালো অপরিশোধিত তেলের মোটা আস্তরণ। সেখানকার নদীগুলোর পানিও দূষিত হয়ে পড়েছে। কয়েক দশকজুড়ে এই তেল ছড়িয়ে পড়ার ঘটনাকে ‘ব্ল্যাক টাইড’ নামে অভিহিত করা হয়। বিস্তীর্ণ এলাকায় তেল ছড়িয়ে পড়ার কারণে সেখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।বিশ্বের মোট খনিজ তেলের চার ভাগের এক ভাগই ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এর ১০ শতাংশের জোগান আসে নাইজার নদীর বদ্বীপ অঞ্চল থেকে। মার্কিন সরকার তার দক্ষিণ-পূর্ব উপকূলের তেলক্ষেত্র দুর্ঘটনায় যেভাবে বিপির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করেছে এবং তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে কোম্পানিটিকে বাধ্য করেছে, তা দেখে নাইজেরিয়ার মানুষ বিস্মিত হয়েছে। আফ্রিকার ক্ষেত্রে কোনো দিনই এমনটি ঘটেনি। নিরপেক্ষ একদল বিশেষজ্ঞের মতে, ১৯৫৮ সালে কূপ খননকাজ শুরু হওয়ার পর ৯০০ থেকে এক হাজার ৩০০ কোটি ব্যারেল তেল ছড়িয়ে পড়েছে নাইজেরিয়ায়। তেল অপসারণের কাজ ভালোভাবে শেষ করা হয়নি।নাইজেরীয় সরকারের হিসাব অনুযায়ী, ১৯৭০ থেকে ২০০০ সালের মধ্যে সে দেশে ছোট-বড় সাত হাজার তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের কাছের বাসিন্দারা চোখ জ্বালাপোড়া করা, শ্বাসকষ্ট ও বিভিন্ন ধরনের ত্বকের সমস্যায় ভুগে থাকে। আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার তেল ছড়িয়ে পড়া অঞ্চলের অনেক বাসিন্দাই খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো মৌলিক অধিকার হারিয়েছে। বর্তমানে সেখানে এখনো প্রায় দুই হাজার স্থান থেকে ছড়িয়ে পড়া তেল অপসারণ করা দরকার।নাইজেরিয়ার তেলজনিত সমস্যার পেছনে অনেক কারণ। এর মধ্যে রয়েছে অন্তর্ঘাতমূলক হামলা, ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি, ক্ষয়িষ্ণু অবকাঠামো ইত্যাদি। এগুলো মোকাবিলার আইনগুলো দুর্বল। আর তার প্রয়োগও হয় কদাচিৎ। তেল উত্তোলন, তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ ও ছড়ানো তেল পরিষ্কারের কাজে গাফিলতির কারণে দায়ী কোম্পানির বিরুদ্ধেও কড়া কোনো ব্যবস্থা নেওয়া হয় না।নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন প্রতিশ্রুতি দিয়েছেন, তেল কোম্পানিগুলোকে এ জন্য জবাবদিহি করতে বাধ্য করবেন তিনি। কিন্তু দেশটির সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো নখদন্তহীন। কয়েক দশক ধরে দুর্নীতিবাজ স্বৈরশাসকেরা নিজেদের স্বার্থে অগাধ অর্থ-প্রতিপত্তির অধিকারী বহুজাতিক তেল কোম্পানিগুলোর সঙ্গে সখ্য বজায় রেখেছেন। ফলে নিয়ন্ত্রক সংস্থা এবং এ-সম্পর্কিত আইনগুলো দিন দিন দুর্বল হয়েছে। তেল বিক্রির টাকার বেশির ভাগই গেছে ক্ষুদ্র শাসকগোষ্ঠীর পকেটে। এখনো নাইজেরিয়ার বেশির ভাগ নাগরিক চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।আফ্রিকার দেশগুলোর সার্বিক চিত্র অনেকটাই এ ধরনের। দশকের পর দশক ধরে আফ্রিকার তেল ও অন্য খনিজ সম্পদ ব্যবহার করে পশ্চিমা দেশগুলোয় গাড়ি ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থাসহ বিভিন্ন যন্ত্র চলছে। কিন্তু আফ্রিকার এই সমস্যা নিয়ে তারা কখনই গা করেনি।লুইজিয়ানা উপকূলের দুর্ঘটনা মোকাবিলায় বিপিকে দুই হাজার কোটি ডলারের একটি তহবিল গঠন করতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পর্যবেক্ষকেরা বলছেন, বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্যও একই ধরনের উদ্যোগ নেওয়ার উপযুক্ত সময় এখন। যুক্তরাষ্ট্র যেমন জীবাশ্ম-জ্বালানির বৃহত্তম ভোক্তা, তেমনি সবচেয়ে বড় তেল কোম্পানিগুলোর বেশির ভাগই সে দেশের। এ কারণে অনেকেই মনে করেন, যুক্তরাষ্ট্রের উচিত ভূমি ও সাগরে তেলকূপসংক্রান্ত দুর্ঘটনা রোধে নিরাপত্তা নিশ্চিত করতে তেল কোম্পানিগুলোকে বাধ্য করার আন্দোলনে নেতৃত্ব দেওয়া। আর তেল কোম্পানিগুলোরও উচিত দুর্ঘটনার ক্ষতিপূরণে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।