তেল সম্পদের নতুন ভরকেন্দ্র
ঝোপঝাড় ও ঘাসে ছাওয়া মরুভূমির মতো একটি এলাকা। সেখানে অনুসন্ধানের কাজ করছে কয়েকটি তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান। পশ্চিম গোলার্ধে তেল ও গ্যাসের সবচেয়ে বড় মজুদের সন্ধান করছে তারা। খনিজ সন্ধানের এই কাজটি চলছে আর্জেন্টিনার পাতাগোনিয়ায়। প্রত্যাশিত সাফল্য পেলে ফুটবল, গরুর মাংস ও ট্যাংগো নাচের জন্য বিখ্যাত আর্জেন্টিনা হয়তো জ্বালানি খাতেও গুরুত্বপূর্ণ স্থান অর্জন করবে। পশ্চিম গোলার্ধের কয়েকটি দেশে জ্বালানি উৎপাদনের তেমন ঐতিহ্য না থাকলেও পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। জ্বালানিভিত্তিক ভূরাজনীতির গতিধারায় এ রকম পরিবর্তন কয়েক বছর আগেও ছিল অকল্পনীয়। উত্তরের কানাডা থেকে শুরু করে দক্ষিণের কলম্বিয়া হয়ে ব্রাজিল পর্যন্ত জ্বালানি উৎপাদন শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। নতুন এই জ্বালানি-সমীকরণের মূলে রয়েছে অন্যতম শীর্ষ ভোক্তা মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তেলের জন্য অস্থিতিশীল মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনছে। তারা নিজেরাও তেলের উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে। সেখানে ২০০৫ সালের চেয়ে প্রতিদিন ১৭ লাখ ব্যারেল বেশি তেল ও অন্য ধরনের তরল জ্বালানি উত্তোলন করা হচ্ছে।আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলে তেল ও গ্যাসক্ষেত্রের উন্নয়নে কাজ করছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাস অ্যান্ড অয়েল অব নিউকেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রুবেন এচেভেরি বলেন, ‘জ্বালানিশিল্পে ভূ-রাজনৈতিক পরিবর্তন এসেছে। যেসব দেশ আগে কখনোই তেল-গ্যাস সরবরাহ করেনি, তারা এখন সেটা করতে পারছে। তেল খাতে যুক্তরাষ্ট্রের স্বনির্ভরতা অর্জনের কিছুটা হলেও সম্ভাবনা দেখা দিয়েছে।মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের অবস্থান বিশ্বের জ্বালানি বাজারে অটুট থাকবে। তবে মধ্যপ্রাচ্যের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা আগের মতো থাকছে না। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকভুক্ত একটি গুরুত্বপূর্ণ দেশ বাদে অন্য দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি ২০০৬ সাল থেকে কমে গেছে। নিট হ্রাসের পরিমাণ প্রতিদিন প্রায় এক কোটি ৮০ লাখ ব্যারেল। অথচ একই সময়ের মধ্যে কানাডা, ব্রাজিল ও কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি বেড়েছে প্রতিদিন সাত লাখ ব্যারেল। পারস্য উপসাগরীয় ছয় দেশ এখন যুক্তরাষ্ট্রের চাহিদার মাত্র ২২ শতাংশ তেল সরবরাহ করে। উত্তর ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের চাহিদার অর্ধেক তেল জোগান দিচ্ছে। পশ্চিম গোলার্ধের ওই দেশগুলো কয়েক বছর ধরেই সররবাহের এই পরিমাণ ধরে রাখতে পেরেছে। কারণ, তেলসম্পদে সমৃদ্ধ ভেনেজুয়েলা ও মেক্সিকোয় উৎপাদন কমে গেলেও এ অঞ্চলের অন্য দেশে তা বেড়েছে। কানাডার আলবার্টা প্রদেশের কয়েকটি অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা ও টেক্সাস অঙ্গরাজ্যের পাহাড়ি এলাকায় তেল উৎপাদন চোখে পড়ার মতো দ্রুতগতিতে বেড়েছে। দুর্গম এসব অঞ্চল থেকে খনিজ সম্পদ আহরণ ও পরিশোধন বেশ কঠিন। কিছু ক্ষেত্রে পরিবেশগত প্রভাব নিয়েও বিতর্ক আছে। তাই ওই অঞ্চলগুলোর অর্থনৈতিক গুরুত্ব সাম্প্রতিককাল পর্যন্ত বিবেচনার বাইরে ছিল। তেলের বড় আকারের খনির অনুসন্ধানে সুমেরুবৃত্তের চুকচি সাগরে অভিযান চলছে। এ ছাড়া দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব প্রান্তের সাগর উপকূল, গভীর আমাজন অরণ্য ও ফকল্যান্ড দ্বীপের আশপাশের উত্তাল সাগরও অনুসন্ধানের আওতায় রয়েছে।বিশ্লেষকদের মতে, তেলের ক্রেতার অভাব নেই। তাই পশ্চিম গোলার্ধে উৎপাদন বাড়লেই যুক্তরাষ্ট্র দাম নিয়ে নিশ্চিন্তে থাকতে পারে না। ইরান যদি পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, তাহলে মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। তখন গোটা বিশ্বের অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হবে জ্বালানির ব্যাপারে প্রতিবেশী কানাডার সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং ব্রাজিলের আরও বেশি আস্থা অর্জন করা। জীবাশ্ম জ্বালানির নতুন ভৌগোলিক বিন্যাস, প্রযুক্তি ও অর্থনৈতিক মন্দার কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রে তরল জ্বালানির আমদানি কমেছে। ২০০৫ সালে দেশটির চাহিদার ৬০ শতাংশ তেল আমদানি করা হতো। কিন্তু গত বছর আমদানির পরিমাণ ছিল ৪৫ শতাংশ। প্রযুক্তিগত কারণের মধ্যে রয়েছে মোটরগাড়ির দক্ষতা ও জৈব জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং তেলকূপ খননে বিশেষ প্রযুক্তির ব্যবহার। হাইড্রোলিক ফ্র্যাকচারিং প্রযুক্তি ব্যবহারের ফলে নর্থ ডাকোটায় তেল উৎপাদন বেড়েছে। এই পরিবর্তনকে ‘বৈপ্লবিক’ আখ্যা দিয়েছেন নিউইয়র্কের এনার্জি পলিসি রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক ল্যারি গোল্ডস্টাইন। জ্বালানিশিল্পে ৪৭ বছরের অভিজ্ঞতায় এমন আর কখনোই দেখেননি তিনি।লাতিন আমেরিকায় তেল উৎপাদনের পরিমাণ আরও বাড়ানোর জন্য বর্তমান পরিস্থিতি ইতিবাচক বলে মনে করেন জ্বালানি ও খনি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির বিশ্লেষক রোজ অ্যান ফ্রাংকো। তবে তেল আহরণের লক্ষ্যে অনুসন্ধান কার্যক্রমে রাজনৈতিক বাধা আসতে পারে। বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে এ ধরনের সম্ভাবনা বেশি। সে দেশে প্রাকৃতিক গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ ও রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফার্নান্দেজ কির্চনারের সরকার সে দেশের বেসরকারি জ্বালানি শিল্পপ্রতিষ্ঠান রেপসল-ওয়াইপিএফকে আবার রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে এলে তেলের বাজারে ধাক্কা লাগে। এসব সমস্যা সত্ত্বেও জ্বালানি কোম্পানিগুলোর লাভের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। রেপসলের হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার নিউকেন প্রদেশ থেকে প্রায় দুই হাজার ৩০০ কোটি ব্যারেল তেল ও গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের ইআইএর প্রতিবেদনে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্রের পর আর্জেন্টিনায় সম্ভবত বিশ্বের তৃতীয় বৃহত্তম ‘শেল’ গ্যাসের মজুদ রয়েছে। আশিস আচার্য