তেলতেলে মানে ফ্রেশ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাবাকে কমপক্ষে হাজারবার বলেছি, ‘বাবা, এবার কিন্তু একটা সাদা গরু কিনবা।’ বাবা বার তিনেক মাথা ওপর–নিচ করেই খালাস। কিন্তু কেনার সময় ঠিকই একটা মিশমিশে কালো রঙের গরু নিয়ে হাজির! আমার মুখ বাংলা পাঁচের মতো না হয়ে অনেকটা ছয়ের মতো হয়ে গেল। বাবা আমাকে বোঝাতে শুরু করলেন, ‘সৌন্দর্য গায়ের রঙে নয়, ফ্রেশ মানেই সুন্দর। দেখ, আমাদের গরুটা কেমন ফ্রেশ, গা–টা কী সুন্দর তেলতেলে!’ আমি বললাম, ‘কচু! এটা অয়েলি স্কিনের লক্ষণ। আর এ রকম স্কিনে অনেক ব্রণ হয়। ফ্রেশ স্কিন একেবারে পরিষ্কার থাকে!’ 
বাবা আর কথা খুঁজে পেলেন না। যা হোক অনেক কষ্টে মন ভালো করে গরুর সঙ্গে সেলফি তুলব ঠিক করলাম। অন্তত ফেসবুকে তো একটা সেলফি আপলোড করতেই হবে। গরুটাকে গ্যারেজের বাইরে আলোময় স্থানে কিছুতেই আনা গেল না। কী আর করা, গ্যারেজের ক্ষীণ আলোতেই সেলফি তুললাম। ছবি দেখে আমার মুখ আবার বাংলা ছয়ের মতো হয়ে গেল। গ্যারেজের যেটুকু আলো ছিল তা–ও তেলতেলে গরুর বদৌলতে কালো হয়ে গেছে! খালি দেখা যাচ্ছে আমাদের বিড়ালটার জ্বলজ্বলে চোখ। মনের দুঃখে স্ট্যাটাস দিলাম, ‘কালো গরুগুলো ফ্রেশ না হয়ে তেলতেলে হয় কেন? ফিলিং: আমার সঙ্গেই কেন এমন হয়?’
ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট