তেলাপোকা
আমাদের এই বিশাল সাম্রাজ্যে কার আধিপত্য সবচেয়ে বেশি? সবার প্রথমে তেলাপোকা। এমন কোনো স্থান পাওয়া যাবে না, যেখানে তেলাপোকা নেই। এমন কোনো জায়গা নেই, যেখানে তেলাপোকা উঠতে পারে না। যেখানে-সেখানে উঠে পড়ে আর গোঁফ দুটি রাজার হালে নাড়তে থাকে। এক রাতের ঘটনা। আমরা সবাই ঘুমে বিভোর। পাশের কক্ষ থেকে হঠাৎ শুনি ‘উহ্-আহ্’ শব্দ। তাতে ঘুম ভেঙে গেল। ভয়ে সারা শরীর শিউরে উঠল। সাহস করে খাট থেকে নেমে এক পা, দুই পা করে এগিয়ে দরজাটা একটু ফাঁক করলাম। দেখি বাতি জ্বালানো। বাবুল কানে হাত দিয়ে ‘উহ্-আহ্’ করে পায়চারি করছে। বাবুল আমাকে দেখে বলল, ‘কানে কী যেন গেছে।’ আমি একটি টর্চ নিয়ে কানের ভেতর আলো ফেলতেই দেখি একটা তেলাপোকা ওর কানে অর্ধেক ঢুকে গেছে। আহা বেচারা তেলাপোকা, একেবারে ধরাশায়ী হয়ে গেছে। না পারে ঢুকতে, না পারে বের হতে। আমি একটা চিমটে নিয়ে তেলাপোকাটা আস্তে আস্তে বের করে আনলাম। তিন টুকরো হয়ে তেলাপোকাটা বের হলো কান থেকে। অপারেশন সাকসেসফুল। হাত-মুখ ধুয়ে শুতে যাব, এমন সময় দেখি একটি উড়ন্ত তেলাপোকা এসে বাবুলের পিঠে বসল। বাবুল খপ্ করে হাত দিয়ে তেলাপোকাটা ধরে বলল, ‘পাইছি তোকে। এইবার ব্যাটা যাবি কোথায়?’ এরপর জোরে আছাড় মেরে নিচে ফেলে দিল। ভোরবেলা উঠে দেখি মেঝেতে তেলাপোকাটা চিত হয়ে পা নাড়াচ্ছে। আর পিঁপড়ার দল তার একটি পাখা নিয়ে যাচ্ছে। তবুও সে মরেনি। শুনেছি, তার নাকি ১৩টা হূৎপিণ্ড। একেই বলে তেলাপোকার জান।শিরিন হক, ঢাকা।