তেলাপোকার জীবন
জীবজগতে সবার স্থান এক নহে। তেলাপোকা আর হস্তী এক নহে। তবু অনেকে তেলাপোকা আর হস্তীকে এক করিয়া দেখে। তেলাপোকা পিষিয়া মারার জিনিস, কয়টি মারিল তাহা নিয়া কেউ মাথা ঘামায় না। অন্যদিকে হস্তীর পায়ের নিচে পিষ্ট হইলেও তাহা খবর হয়।তেলাপোকা আর হস্তীর মতোই মানুষে মানুষে পার্থক্য রহিয়াছে। সকল মানুষ সমান বলিয়া অনেকে বাহবা কুড়াইলেও বাস্তবে তাহা কখনো হয় না। আশরাফ-আতরাফ, সাদা-কালো, ধনী-গরিব, প্রথম বিশ্ব-তৃতীয় বিশ্ব কখনো এক হইতে পারে না। তৃতীয় বিশ্বের কালো আতরাফ আর প্রথম বিশ্বের আশরাফের ভেতরে তেলাপোকা আর হস্তীর মতনই পার্থক্য, স্বীকার করি আর না-ই করি। জীবজগতের হস্তীর মতোই হস্তীভুক্ত মানুষের জন্মসংখ্যা কমিয়া যাওয়ায়, প্রথম বিশ্বের হস্তীকুল এখন তেলাপোকা হইতে হস্তীশাবককে গ্রহণ করিয়া থাকে। কিন্তু তেলাপোকাদের অরণ্যে বসবাসকারী অধিকাংশ তেলাপোকা নিজেদের তেলাপোকা হিসেবে বুঝিতে পারে না, বুঝিতে চায়ও না। তাহারা বৃথাই নিজেদের নিয়া গর্ববোধ করে। তাহারা জানে না প্রথম বিশ্বের একখানা সাধারণ মানুষ যদি ঢাকা শহরে গাড়িচাপা পড়িয়া মরে, তবে তাহার সংবাদমূল্য তৃতীয় বিশ্বের কোনো দেশে সরকারপ্রধান বদলের চাইতে বেশি হইবে। তাহারা জানে না প্রতিদিন রাস্তায় চাপা পড়া অসংখ্য তেলাপোকার মৃত্যুতে কাহারও কিছু যায়-আসে না। তাহারা জানে না বিনা-বিচারে রাষ্ট্রযন্ত্রের গুলিতে মরিয়া যাওয়ার সঙ্গে রান্নাঘরে খাবারে মুখ দেওয়া তেলাপোকা পিষিয়া ফেলার সঙ্গে কোনো পার্থক্য নাই। তাহারা জানে না যেকোনো সময় তাহাদের মৃত্যু হইবে গাড়ির নিচে বা ভেতরে। তাহারা জানে না হয়তো বা তাহাদের মৃত্যু হইবে কোনো উন্মুক্ত মাঠে ক্রসফায়ারে বা বাসার নিরাপদ বেডরুমে।কিন্তু কে বুঝাইবে ইহাদের! ফুটবল খেলা দেখিতে গিয়া কতগুলা শিশু মারা গেল। সকলে ট্রাক ড্রাইভারের দোষ দিল। কিন্তু বেচারার দোষ কী? যাহারা প্রাইভেট কার কিনিতে পারিবে না, যাহারা বাস ভাড়া করিতে পারিবে না, তাহার ট্রাকের ওপরে ভ্রমণ করিবেই। ইহা আগেও ছিল, ভবিষ্যতেও থাকিবে। জীবনের মূল্যের চাইতে গাড়ির মূল্য এই তেলাপোকার দেশে অনেক বেশি। জীবন বিনা মূল্যে অবাঞ্ছিতভাবে এইখানে আপনা আপনি আসিয়া থাকে, তাহাকে বরং না আসিতে দেওয়ার জন্য বহু পয়সা খরচ হয়। বৈদেশিক মুদ্রার মূল্যে ক্রীত একখানা গাড়ির মূল্য জীবনের চাইতে বেশি। যদিও এই শিশুদের জীবনের মূল্য বাড়াইতে অভিভাবকদের বহু স্থান হইতে অর্থ দেওয়া হইল। কিন্তু আমি বুঝিতে অক্ষম যে যেই শিশুরা মারা গিয়াছে, তাহাদের পিতা-মাতাকে অর্থ দেওয়ার কী কারণ। তাহাদের অর্থ দেওয়া হইলে প্রতিদিন যে উপার্জনক্ষম ব্যক্তিরা মারা যাইতেছে, তাহারা কী দোষ করিয়াছে?তাহার পর দুজন চলচ্চিত্রকার মারা গেলেন। তাঁহাদের নিয়া মিডিয়া মহা হইচই শুরু করিয়া দিল। সরকারের মন্ত্রী বাহাদুররা বুঝতেই পারিলেন না যে প্রতিদিন এত লোক মারা যায় তাহা সবার গা সহা হইলে এই দুই মৃত্যুতে সরকারের নতুন করিয়া কী দোষ হইয়াছে! উহারা একসময় হস্তীদের সান্নিধ্যে ছিল বটে। কিন্তু এ দেশে তো তাহাদের তেলাপোকার নিয়তিই গ্রহণ করিতে হইবে। অগুনতি তেলাপোকার চাইতে বাজারমূল্য হিসেবে গরু-ছাগলের মূল্য বেশি। তাই আমাদের ড্রাইভাররা গরু-ছাগল চিনিলেই হইবে—এক মন্ত্রী মহোদয় সেই কথা বলায় সকলে বিষম চটিয়া গেল। চটিতেই পারে—বহুদিন পূর্বে একদা সংবাদপত্রে পড়িয়াছিলাম যে সীমান্তে একখানি বাংলাদেশি তরুণীর মূল্য ভারতীয় দুইখান গরুর সমান!সম্প্রতি এক সাংবাদিক দম্পতি নিজগৃহে খুন হইয়াছে। এ দেশে কত শত খুন হইতেছে। সব পত্রিকা পর্যন্ত আসেও না। কিন্তু তাহারা মিডিয়াকর্মী হওয়ায় স্বজন হারানোর বেদনায় মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা তাহাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তাহার বেশি করিল। এমনকি অতি উৎসাহে কভার করিতে গিয়া তাহারা হত্যাকাণ্ডের স্থানের অধিকাংশ আলামতও নষ্ট করিয়া ফেলিল। মিডিয়াকে হাতে রাখিতে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী সকলে এমন সব উল্টাপাল্টা বকিতে থাকিলেন যে তাহাতে মনে হইতে পারে যে, কেবল তাঁহারাই ভারসাম্যপূর্ণ, বাকি সকলেই ভারসাম্য হারাইয়া ফেলিয়াছে। প্রথম শুরু করিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আটচল্লিশ ঘণ্টা সময় বাঁধিয়া দিলেন। সাংবাদিকেরা আরেক ডিগ্রি সরেস। তাহারা চব্বিশ ঘণ্টার মধ্যে খুনির গ্রেপ্তার চাইলেন। মনে হইতেছিল যে খুনি যুদ্ধাপরাধীদের মতো চিহ্নিত ব্যক্তি, যাহাকে সবাই চেনে কিন্তু ভয়ে ধরিতেছে না। তদন্ত হইবে, সময় লাগিবে, কিন্তু কেহ তাহা মানিতে রাজি নহে। খুনি অত বোকা নহে যে স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছামতো আটচল্লিশ ঘণ্টার মধ্যে মরমের যাতনায় আসিয়া ধরা দিয়া তাহার মুখ রক্ষা করিবে। মুখ রক্ষা না হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী তাহার একমাত্র ভরসা প্রধানমন্ত্রীকে জড়াইলেন। প্রধানমন্ত্রী প্রথমে ভালোই ছিলেন, কিন্তু এই টানাটানির মধ্যে পড়িয়া তিনি মুখ খুলিলেন। তিনি মুখ খুলিলে যাহা হয় তাহাই হইল। প্রধানমন্ত্রীর এই পারফরম্যান্সে বিরোধীদলীয় নেত্রীর গাত্রদাহ শুরু হইল। প্রথমে তাহার সাঙ্গোপাঙ্গরা ইহাকে কেবল সরকারের ব্যর্থতা বলিয়াই ক্ষান্ত ছিল। তিনি জনসভায় সরকারের তথ্য জানিয়া ফেলায় সরকারই তাহাদের হত্যা করিয়াছে বলিয়া অভিযোগ করিলেন। সর্বাঙ্গে ষোলোকলা পূর্ণ হইল।মৃত সাংবাদিকের ছোট্ট সন্তানটি পর্যন্ত রক্ষা পাইল না। পারিলে তাহাকেও তাহারা টক শোতে লইয়া আসে। ছোট্ট শিশুটিকে নিয়া একদিকে পুলিশ আর একদিকে মিডিয়া এমন টানাহেঁচড়া শুরু করিল যে একমাত্র তাহা এই তেলাপোকার দেশেই সম্ভব। মৃত পিতা-মাতার সন্তানটিকে বাঁচাইতে তাহাদের আত্মীয়স্বজন জেরবার হইয়া গেল। কাক কাকের মাংস খায় না, বোধ করি তেলাপোকা খায়। কারণ সহকর্মী দুইজনকে লইয়া কিছু পত্রিকা এমন সব খবর বাহির করা শুরু করিল যে, উহারা জীবিত থাকিলেও তাহাদের আত্মহত্যা করা ছাড়া গতি ছিল না। প্রতিদিন পত্রিকার পাতা আর গুজবে দেশ ছাইয়া গেল। শুধু পুলিশ চুপ করিয়া রহিল। বিভিন্ন জায়গা হইতে প্যাঁদানি খাইয়া বেচারাদের অবস্থা খারাপ হইয়া গেল। তাহার মধ্যে তাহারা দ্বিতীয় একখানি জজ মিয়া নাটক করিবার পরিকল্পনা করিতেছে এমন খবরও বাহির হইয়া গেল। সব মিলিয়া এক লেজেগোবরে অবস্থার তৈরি হইল। তাহার পর বাংলাদেশে আজকাল সবকিছুর শেষ গতি হাইকোর্টে গিয়া বল দাঁড়াইল। এমনি মামলাজটে অস্থির দেশে এখন সবকিছুর জন্য হাইকোর্টে যাইতে হয়। অতএব যখন কেহই কিছু করিতে পারিতেছে না, সেই জন্য হাইকোর্টে বল গড়াইল। আমাদের হাইকোর্টও আরজিমাফিক এই হত্যাকাণ্ডে কী কী করিতে হইবে, তাহা সম্পর্কে হুকুম দিয়া দিলেন। ভালো সরকারের সকল কাজই যদি কোর্টের নির্দেশ অনুযায়ী হইতে হয়, তাহা হইলে প্রশাসনিক সারভেন্টগুলিকে বিদায় দিলেই তো হয়। সাগর-রুনির হত্যাকারী কবে ধরা পড়িবে জানি না, তবে তেলাপোকার জীবন হইতে কবে আমরা মনুষ্যস্তরে পৌঁছাইব, তাহাও আমি জানি না। মনুষ্যস্তরে না পৌঁছানো পর্যন্ত এই জিনিস চলিতেই থাকিবে।