তেলেঙ্কারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার বয়স তখন পাঁচ কি ছয়। আমাদের পাশের বাসায় কাজল নামের একটা মেয়ে থাকত। আমার চেয়ে দেড়-দুই বছরের ছোট ছিল সে। আমরা রোজ একসঙ্গে খেলতাম। একদিন স্কুল থেকে বাসায় ফিরে শুনি, কাজল আম্মুর রুমে আমার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে দেখি সে আম্মুর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো। ফ্লোরে বেশ খানিক তেল পড়ে আছে। আম্মুর বকা খাওয়ার ভয়ে আমি তাড়াতাড়ি গিয়ে তেলটুকু মাথায় মাখাতে লাগলাম। এমন সময় আম্মু রুমে এল। আমি উৎসাহের সঙ্গে আগ বাড়িয়ে বললাম, ‘আম্মু, দেখো, কাজল তেল ফেলেছে আর আমি পরিষ্কার করে সব তেল তুলে চুলে লাগিয়েছি। দেখো, একফোঁটা তেলও ফ্লোরে নেই।’ জবাবে আম্মু যা বলল, তাতে আমার আক্কেলগুড়ুম! কাজল ছোট মানুষ, ঘরে হিসু করে দিয়েছে। নিচে যা পড়ে ছিল তা তেল নয়, কাজলের হিসু! রুহিমোহাম্মদপুর, ঢাকা।