তেলেঙ্গানা নিয়ে সংকটে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধ্র প্রদেশের সবচেয়ে পশ্চাত্পদ ও দারিদ্র্যপীড়িত তেলেঙ্গানার সমস্যা বহু পুরোনো। মোগল যুগ, ব্রিটিশ যুগ আর হায়দরাবাদের নিজামের আমলে তেলেঙ্গানার মানুষ তাদের অধিকার আদায়ে সংগ্রাম করেছে। ১৯৫৬ সালে অন্ধ্র প্রদেশ রাজ্যের সঙ্গে তেলেঙ্গানাকে জুড়ে দেওয়া হয়েছিল। তারপরই আঞ্চলিক প্রভাব, আলাদা তেলেঙ্গানা রাজ্যের দাবিসহ নানা ইস্যুতে বিভিন্ন সময় আন্দোলন দানা বাঁধে। কিছুদিন ধরে আলাদা রাজ্যের দাবিতে জোর আন্দোলন শুরু করেছে তেলেগুভাষীরা। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) নেতৃত্বে আমরণ অনশনসহ নানা কর্মসূচি দিয়েছে তারা। তাদের আন্দোলন, তেলেগুভাষী বিপুল জনগোষ্ঠী আর পুরোনো ইতিহাস চিন্তা করে কেন্দ্রের কংগ্রেস সরকার আলাদা তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এর পরই অন্ধ্র প্রদেশে শুরু হয় জটিল রাজনৈতিক সংকট। ওই সংকট নিয়ে এখন মহাসংকটে পড়েছে কংগ্রেস।অন্ধ্র প্রদেশে সাত কোটি ৭০ লাখ মানুষের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলায় তেলেগুভাষী মানুষের সংখ্যা প্রায় তিন কোটি ১০ লাখ। এই অঞ্চলের নাম হচ্ছে তেলেঙ্গানা। কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আলাদা তেলেঙ্গানা রাজ্য করার সিদ্ধান্ত নিলেও অন্ধ্র প্রদেশ রাজ্যের কংগ্রেস নেতারা বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত। কেউ কেউ কেন্দ্রীয় সিদ্ধান্ত সমর্থন করলেও অধিকাংশ স্থানীয় নেতা এর বিরুদ্ধে। কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এরই মধ্যে অন্ধ্র প্রদেশ বিধানসভার কংগ্রেসদলীয় ৭০ জন সদস্য পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে রাজ্যের ৩৩ সদস্যের মন্ত্রিসভার ২০ জন সদস্যও আছেন। আর রাজ্যের আইন সভায় বিরোধী দলের সদস্যরাও আছেন। এরই মধ্যে ৭০ জন এমএলএ পদত্যাগ করেছেন। মজার বিষয় হচ্ছে, তেলেঙ্গানায় কেন্দ্রীয় সরকারের ১২ জন মন্ত্রী তাঁদের অঞ্চলের নেতাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিধানসভায় তেলেঙ্গানার পক্ষে-বিপক্ষে স্লোগানের পর রাজ্যের বিধান সভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন স্পিকার। রাজ্যের প্রধান তিন দল কংগ্রেস, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও প্রজা রাজ্যম পার্টির (পিআরপি) নেতারা ‘অখণ্ড অন্ধ্র’-এর দাবিতে প্রতিবাদ বিক্ষোভ, বন্ধ বা ধর্মঘটে নেতৃত্ব দিচ্ছেন। একজন পুলিশ কর্মকর্তার মতে, ‘অখণ্ড অন্ধ্র’-এর পক্ষে রাজ্যের ৩৯৭টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেক জায়গায় বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে।আসলে অন্ধ্র প্রদেশের ভৌগোলিক অবস্থানের কারণেই তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা নিয়ে পক্ষ-বিপক্ষ সৃষ্টি হয়েছে। আঞ্চলিকতা বিবেচনায় অন্ধ্র তিন ভাগে বিভক্ত। এগুলো হচ্ছে—উপকূলী অন্ধ্র, রায়ালাসীমা ও তেলেঙ্গানা। এর মধ্যে তেলেঙ্গানা বেশ দারিদ্র্যপীড়িত ও অবহেলিত এলাকা। কয়েকদিন আগে তেলেঙ্গানা রাজ্যের পক্ষের নেতা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) নেতা কে চন্দ্রশেখর রাও হুমকির সুরে বলেন, উপকূলীয় অন্ধ্র ও রায়ালাসীমের কিছু লোক ‘অখণ্ড অন্ধ্র’-এর পক্ষে আন্দোলন করছে। তারা যদি এভাবে আন্দোলন চালাতে থাকে, তাহলে তাঁর দল স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলনে নামবে। তিনি বলেন, ‘পুলিশ বা সেনাবাহিনীর মতো শক্তিও তখন আমাদের থামাতে পারবে না।’ ডিসেম্বরের শুরুতে চন্দ্রশেখর তেলেঙ্গানা রাজ্যের দাবিতে ১১ দিন ‘আমরণ অনশন’ করেন। আট ও নয় ডিসেম্বর তাঁর স্বাস্থ্যের অবনতি হলে টিআরএস সমর্থকেরা রাজ্যের রাজধানী ও বাণিজ্যিক কেন্দ্র হায়দরাবাদে বনেধর ডাক দেয়। রাজধানীতে কড়া নিরাপত্তাবলয় গড়ে তুলেও কাজ হয়নি। তখন নিরাপত্তাবাহিনীর সঙ্গে চন্দ্রশেখরের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়। আরেক খবরে অবশ্য ২৫ জনের দাবি করা হয়েছে। এরপর চন্দ্রশেখর আবার ঘোষণা দেন, অবিলম্বে তাঁদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের বন্ধ ডাকা হবে।তেলেঙ্গানার আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের মধ্যেও ছিল। গত নয় ডিসেম্বর সন্ধ্যায় সোনিয়া গান্ধী, মনমোহন সিং ও জোট সরকারের কংগ্রেসের প্রভাবশালী মন্ত্রীরা জরুরি বৈঠক করেন। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম কোনো রাজনৈতিক প্রস্তুতি ছাড়াই ঘোষণা দেন, ভারতের ২৯তম রাজ্য হিসেবে তেলেঙ্গানাকে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার কাজ শুরু করেছে। সরকারের এই আকস্মিক ঘোষণার পর ভারতের সংবাদমাধ্যমে তুমুল সমালোচনা হয়। এমনকি রাজনৈতিক দল ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। ফলে তেলেঙ্গানা রাজ্যের পক্ষে-বিপক্ষে তুমুল আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এমনকি পরিস্থিতি আরও নাজুক হতে পারে। তেলেঙ্গানার পক্ষে আন্দোলনকারীদের কাছে সরকারের নতিস্বীকার অন্যান্য স্বাধীনতাকামী ও আঞ্চলিক শক্তির মধ্যে উত্সাহ জোগাবে। ফলে আরও অনেক অঞ্চলে শুরু হতে পারে আলাদা রাজ্য, আলাদা রাষ্ট্র গঠনের কিংবা বিচ্ছিন্নতাবাদের আন্দোলন—যার ফলে পুরো ভারত চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। বিশেষ করে বিদর্ভ আন্দোলন (মহারাষ্ট্রের পূর্বাঞ্চলীয় এলাকা নিয়ে গঠিত), গোরখাল্যান্ড (পশ্চিম বাংলার উত্তরাঞ্চলের গোরখা অধ্যুষিত এলাকা) ও বোরোল্যান্ড (আসামের বোরো সংখ্যাগরিষ্ঠ এলাকা) আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তেলেঙ্গানা রাজ্য গঠনের সিদ্ধান্তের ঘোষণার পর সংবাদপত্রের সম্পাদকীয় ও কলামে বার বার ‘প্যান্ডোরার বক্স’ শব্দটি ব্যবহার করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয়তে বলা হয়, ‘তেলেঙ্গানা রাজ্য হওয়ার অর্থ দৈত্য বাইরে বেরিয়ে আসা।’ সর্বভারতীয় কংগ্রেস পার্টি, বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি), কংগ্রেস পার্টির অন্ধ্র প্রদেশ শাখা, টিডিপি ও সম্প্রতি গঠিত পিআরপি নির্বাচনের সময় তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠায় সমর্থন দিয়েছিল। কিন্তু কাজের কাজ তারা কিছুই করেনি। মজার বিষয় হচ্ছে, তেলেগু অঞ্চলের বুর্জোয়ারা মনে করেন, তেলেঙ্গানা রাজ্য হলে জাতীয় রাজনীতিতে তাঁদের দর কষাকষির ক্ষেত্রটা দুর্বল হয়ে যাবে। সুতরাং তাঁরা তেলেঙ্গানা রাজ্য হলেও তথ্যপ্রযুক্তির (আইটি) কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত হায়দরাবাদ অঞ্চলকে হারাতে রাজি নন। তাই চন্দ্রশেখর, টিআরএস ও তেলেঙ্গানার পক্ষের অন্য সমর্থকেরা হায়দরাবাদকে রাজ্যের রাজধানী করতে সংকল্পবদ্ধ। আর এটা হলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে লোভনীয় চুক্তির ক্ষেত্রে নিজেদের ফায়দা লোটার সুযোগ থাকবে। তেলেঙ্গানা রাজ্যের জন্য আন্দোলনকারীরা এরই মধ্যে হুমকি দিয়ে রেখেছেন, হায়দরাবাদকে যদি কেটে ইউনিয়ন অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ‘গৃহযুদ্ধ’ বাধবে। চন্দ্রশেখর তাঁর বিরোধী কংগ্রেস ও টিডিপির বিরুদ্ধে তেলেঙ্গানাবিরোধী আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ আনেন। তবে চন্দ্রশেখর নিজেই কিন্তু বুর্জোয়া রাজনীতির একজন প্রতিনিধি। নব্বইয়ের দশকে তিনি অন্ধ্র প্রদেশে টিডিপি সরকারের শীর্ষপদে ছিলেন। তখন নব্য উদারপন্থী নীতি গ্রহণ করে তিনি বিশব্যাংকের প্রশংসা কুড়িয়েছেন। ২০০৪ সালে তিনি জাতীয় ও বিধানসভা নির্বাচনে নবগঠিত দল টিআরএস নিয়ে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধেন। শুধু তা-ই নয়, পরে তিনি বড় বড় ব্যবসায়ীর স্বার্থ রক্ষাকারী হিসেবে পরিচিত কংগ্রেস নেতৃত্বাধীন নয়াদিল্লি সরকারে যোগ দেন। তেলেঙ্গানা রাজ্য করতে ব্যর্থ হয়ে দুই বছর পর টিআরএস রাজ্য ও জাতীয় পর্যায়ে কংগ্রেস সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেন। সর্বশেষ জাতীয় ও রাজ্যের নির্বাচনে চন্দ্রশেখর ও তাঁর টিআরএস বিজেপির সঙ্গে আটঘাট বাঁধে।তেলেঙ্গানার পক্ষে এত সমর্থন থাকার পরও গত বিধানসভা নির্বাচনে রাজ্যে ১১৯ আসনের মধ্যে চন্দ্রশেখরের দল মাত্র ১০টি আসন পায়। চন্দ্রশেখর তেলেঙ্গানার গ্রামীণ জনপদ ও রাজ্যের অন্যান্য জনপদের আর্থসামাজিক বৈষম্যের কথা কেবল বক্তৃতায় বলেছেন। কিন্তু তেলেঙ্গানার দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব হ্রাস, সেচ সুবিধা বৃদ্ধিসহ নানা সমস্যার সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা তিনি নেননি। আসলে পুঁজিবাদ ও ভারতের অতীতের সামন্ততান্ত্রিক সমাজব্যবস্থার কারণে অন্ধ্র প্রদেশসহ পুরো দেশে বঞ্চনার এই চিত্র চোখে পড়ে। সুতরাং ভারতের বুর্জোয়া শাসক শ্রেণীর অধীনে নতুন রাজ্য প্রতিষ্ঠা কেবল বিভিন্ন অঞ্চলে পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করবে। অতএব পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে শ্রমজীবী ও নিগৃহীত মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে কেবল গণতান্ত্রিক ও সামাজিক ক্ষেত্রে প্রকৃত সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব।