তেলেঙ্গানায় তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে চরমে উঠেছে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের আন্দোলন। দক্ষিণী রাজ্য অন্ধ্র প্রদেশের তেলেঙ্গানা অঞ্চলকে একটি পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন চলছিল দীর্ঘদিন ধরেই। তেলেঙ্গানা অঞ্চলের অধিকাংশ মন্ত্রী, সাংসদ ও বিধায়ক গত সোমবার রাজ্যের দাবিতে ইস্তফা দেওয়ায় বিষয়টি পেয়েছে নতুন মাত্রা। তেলেগু দেশম, প্রজারাজ্যম পার্টিসহ অন্যান্য বিরোধী দল তো বটেই, শাসক দল কংগ্রেসের মন্ত্রী, সাংসদ, বিধায়কেরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। এই দাবিতে গত মঙ্গল এবং বুধবার বন্্ধ পালিত হয়েছে তেলেঙ্গানাজুড়ে। আজ শুক্র ও কাল শনিবার ডাক দেওয়া হয়েছে ‘রেলরোকো’ অর্থাৎ রেল অবরোধ আন্দোলনের। অন্ধ্র প্রদেশে রয়েছে এখন ২৩টি জেলা। এর মধ্যে তেলেঙ্গানা অঞ্চলে পড়েছে ১০টি। তেলেঙ্গানা মূলত তেলেগু ভাষাভাষীদের অঞ্চল। রাজ্যের ৮৬ শতাংশ মানুষই তেলেগু ভাষায় কথা বলে। তেলেঙ্গানা আন্দোলনের মুখে অনড় রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ইউপিএ সরকার। স্বাভাবিকভাবেই কেন্দ্রের আশঙ্কা, তেলেঙ্গানার দাবি মেনে নিলে বৈচিত্র্যে পরিপূর্ণ বিশাল ভারতের অন্যান্য স্থানেও পৃথক রাজ্যের দাবি উঠতে পারে। ভারতে সর্বশেষ বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় ২০০০ সালে তিনটি রাজ্য ভেঙে গড়া হয় নতুন তিনটি রাজ্য। ওই বছর মধ্যপ্রদেশ ভেঙে ১ নভেম্বর গড়া হয় ছত্তিশগড়, উত্তর প্রদেশ ভেঙে ৯ নভেম্বর গড়া হয় উত্তরাখন্ড এবং বিহার ভেঙে ১৫ নভেম্বর গড়া হয় ঝাড়খন্ড রাজ্য। ২০০৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে বিজেপি বলেছিল, ক্ষমতায় গেলে পৃথক তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার ব্যাপারে উদ্যোগী হবে তারা। এই লক্ষ্যে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের লোকসভা আসনে গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী করে বিজেপির নেতা যশোবন্ত সিনহাকে। তিনি বিজয়ীও হন। অন্যদিকে ২০০৪ সালে অন্ধ্র প্রদেশের বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময় প্রদেশ কংগ্রেস এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস তেলেঙ্গানা ইস্যু নিয়ে জোট বেঁধেছিল। কিন্তু পরবর্তী সময়ে কংগ্রেস পৃথক রাজ্য গড়ার দাবি থেকে সরে আসে। এখন চাপে পড়ে তেলেঙ্গানা রাজ্য গড়ার প্রশ্নে কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দিলে, এর প্রভাব পড়বে দার্জিলিংসহ ভারতের অন্য কিছু অঞ্চলেও। গোর্খা জনমুক্তি মোর্চা ইতিমধ্যেই বলেছে, কেন্দ্রীয় সরকার যদি তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার সবুজ সংকেত দেয়, তবে তারাও নতুন করে পৃথক রাজ্যের আন্দোলন শুরু করবে। তবে পশ্চিমবঙ্গের অন্য কোনো রাজনৈতিক দলই গোর্খাল্যান্ডের পক্ষে নয় বলে জনমুক্তি মোর্চার এই হুমকিতে বিশেষ কিছু আসে-যাবে না। তেলেঙ্গানায় এর বিপরীত চিত্র। সেখানে রাজ্যের ব্যাপারে রয়েছে সর্বদলীয় মতৈক্য।ভারতের আর যেসব অঞ্চলে পৃথক রাজ্য গড়ার আন্দোলন ও দাবি রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো মহারাষ্ট্রের নাগপুর অঞ্চল নিয়ে পৃথক বিদর্ভ রাজ্য, কর্ণাটকের মহীশুরকে নিয়ে মহীশুর রাজ্য, গুজরাট ভেঙে সৌরাষ্ট্র রাজ্য, উত্তর প্রদেশ আবার ভেঙে বুন্দেলখ রাজ্য, মধ্যপ্রদেশ আরেক দফা ভেঙে বিন্ধ্যপ্রদেশ, পাঞ্জাব ভেঙে পৃথক পেপসু রাজ্য, পশ্চিমবঙ্গ ভেঙে আরেকটি রাজ্য কামতাপুরি প্রভৃতি।