তেলের তেলেসমাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: নিপু। ছবি: নকশা
মডেল: নিপু। ছবি: নকশা

তেল। রান্নায় লাগে। মানবদেহ সচল রাখতে যে খাদ্য উপাদানগুলো প্রয়োজন, তার মধ্যে এটি অন্যতম। রান্নায় সাধারণত সয়াবিন তেলের ব্যবহার বেশি প্রচলিত। তবে রান্নাকে সুস্বাদু করে তুলতে জলপাইয়ের তেল, বাদামের তেল, সূর্যমুখীর তেলের জুড়ি মেলা ভার। একেক রকম তেলের কাজ একেক রকম। একই রান্নায় দুই ধরনের তেলের ব্যবহার খাবারের স্বাদ ও পুষ্টি বাড়ায়। কোন রান্নায় কোন তেলের ব্যবহার স্বাদ আর পুষ্টি বাড়াবে, চলুন তা জেনে নিই।

.
.

বাদাম তেল

এই তেলে ফ্যাটের পরিমাণ বেশি। তাই রান্নায় এটি অল্প করে ব্যবহার করতে হয়। এই তেল হাত-পায়ের ব্যথা দূর করে। কোনো কিছু কড়া করে ভাজতে চাইলে বাদাম তেল ব্যবহার করতে পারেন।

.
.

সূর্যমুখী তেল

সূর্যমুখী ফুলের বীজ খুব পুষ্টিকর। এর থেকে যে তেলটি তৈরি হয়, তাতে আছে ভিটামিন এ, ডি ও ই। বেকিংয়ের জন্য এই তেল খুব ভালো। ড্রেসিংয়েও ব্যবহার করা হয়। এটি শক্তি বাড়াতে সাহায্য করে। ক্ষতিকর কোলস্টেরল কমায়। এই তেল ক্যানসার ও অ্যাজমা রোগের প্রতিষেধক।

.
.

সরিষার তেল

মাছ ভাজা, নানা রকম ভর্তা, মুড়ি মাখা, আচারের মতো মুখরোচক খাবারে সরিষার তেল যোগ করে আলাদা স্বাদ। ভাপ দিয়ে রাঁধতে হয় এমন পদে এই তেলের জুড়ি নেই। সরিষার তেল হার্টকে ভালো রাখে। ক্ষতিকর কোলস্টেরল কমায়। তা ছাড়া সরিষার তেলের ঝাঁজালো ঘ্রাণ মাছের আঁশটে গন্ধ দূর করতে সাহায্য করে।

.
.

জলপাই তেল

এতে আছে ওমেগা ৬ ও ওমেগা ৩। এ ছাড়া এই তেলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। যেকোনো ধরনের সালাদে এই তেল এনে দেয় বাড়তি স্বাদ। অল্প ভাজতে হয়, এমন রান্নার জন্য এ তেল উপযোগী। রান্না ছাড়া সালাদেও এ তেল ব্যবহার করা যায়।

.
.

তিলের তেল

তিলের তেলের আছে নানা আয়ুর্বেদিক গুণ। এ কারণে একে বলা হয় সব তেলের রানি। এটি প্রাকৃতিক জীবাণুনাশক হলেও, এই তেল অবশ্য রান্নায় ব্যবহার করা যায় না। তাপে এই তেলের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তবে স্যুপের ওপর বা সালাদে এটি ব্যবহার করা যায়। তিলের তেল চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। কোলন ক্যানসার, মাইগ্রেন, ডায়াবেটিস ও বিভিন্ন ক্রনিক রোগের প্রতিষেধকের কাজ করে এটি। তাই সুস্থ থাকার জন্য তিলের তেল খাওয়ার অভ্যাস করা উচিত।

.
.

পাম তেল

যেকোনো খাবার ম্যারিনেট করার জন্য এটি সেরা। গ্রিল ও কাবাব জাতীয় খাবার তৈরির পর ব্রাশ দিয়ে তার ওপর একটু আলতো করে পাম তেল বুলিয়ে নিতে পারেন।

.
.

কুঁড়ার তেল

এই তেল হৃৎপিণ্ড সুস্থ রাখে। ভিটামিন ই ও ডি-সমৃদ্ধ কুঁড়ার তেল মাঝবয়সী নারী, বিশেষ করে ৪৫-এর ওপর যাঁদের বয়স, তাঁদের জন্য বেশ উপকারী।

অনুলিখিত