তেলের দাম না কমানোর সম্ভাব্য কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারজুড়ে তেলের দাম কমেছে কবে

শুনেছিলাম কমবে দেশে, হয়নি তা বাস্তবে!

এই ছড়াতে আসুন সেটার কারণগুলো জানি

কারোর কাছে হয়তো সেসব লাগতে পারে ‘ফানি’!

মধ্যম আয়ের দেশ হয়েছি গরিব বলে কে আর?

সেই কারণেই বাড়তি দামে তেল কেনাটা ফেয়ার!

দাম কমালে খরচ কমে হতাম ধনী আরও

অর্থ থেকে অনর্থ হয়—এই অভিমত কারও!

দাম কমালেই কমত বুঝি রিকশা-বাসের ভাড়া?

লাখ অজুহাত সামনে এনে করত ওরা খাড়া!

এইটা নিয়ে যাত্রী-চালক ঝগড়াঝাঁটি হতো

তা এড়াতেই দাম না-কমা বোধ করি সংগত!

একটু ভেবে দেখেন, যদি কমত তেলের দাম

যানবাহনের সংখ্যা বেড়ে লাগত পথে ‘জাম’!

পুড়ত বেশি জ্বালানি তেল, দুষ্ট হতো বায়ু

অসুখবিসুখ বাড়ত লোকের, কমত পরমায়ু!

তেল চুরিতে রপ্ত যারা পড়ত সমস্যায়

কমলে তেলের দাম সে হারেই কমত তাদের আয়!

রোজ দুমুঠো পোলাও খাওয়া হতো কঠিন কাজ

দাম কমেনি তেলের বলে তারাও খুশি আজ!

তেল দেওয়াতে প্রশ্নাতীত দক্ষতা যে জাতির

‘তৈল’ দিয়ে বাগায় যারা পদ, ক্ষমতা, খাতির

দাম কমালে তেলের বলুন, উপায় হতো কী যে?

দেশটা বোধ হয় থাকত না আর শুকনো, যেত ভিজে!

শাস্ত্রে বলে, সস্তা জিনিস হয় না ভালো মোটে

অন্যথা কেন সস্তা তেলের প্রসঙ্গ যেই ওঠে?

দাম দিয়ে যা কিনবে তারই মূল্য দেবে লোক

তেল যে দামি চাইছি সবার এই বোধোদয় হোক!