
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বারমাসিয়া হিন্দুপাড়া যেন শোকে ডুবে আছে। পাড়ায় ঢুকে নিহত রিপন দের বাড়ি চিনতে অসুবিধা হলো না। বাড়ির আঙিনায় পা দিতেই কানে এল বিলাপের ধ্বনি। নিহত রিপন দের মা অঞ্জনা দেবী বিলাপ করে কাঁদছিলেন। মায়ের এই আহাজারি উপস্থিত লোকজনও সহ্য করতে পারছিলেন না। সান্ত্বনা দেওয়ার বদলে ক্ষণে ক্ষণে চোখ মুছছিলেন নিজেরাই।
গত মঙ্গলবার নিহত রিপনের (১৮) বাড়ি গিয়ে দেখা গেল এমন শোকাচ্ছন্ন পরিবেশ। কথা বলতে চাইলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বিলাপের সুরে যা বললেন তা এমন, ‘ছেলেকে আয়-রোজগার করার জন্য কাজ করতে পাঠিয়েছিলাম। অথচ ছেলে ফিরল লাশ হয়ে। আমি এখন কেমন করে চলব। আমার পরিবারের হাল ধরবে কে? তোমরা আমার ছেলেকে এনে দাও।’

রিপনের পরিবারের সদস্যরা জানান, উপজেলার বৈদ্যুরহাট বাজারে অটোরিকশার গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন তিনি। যে গ্যারেজে কাজ করতেন, তার অল্প দূরেই ১৪ আগস্ট সকালে তাঁর লাশ পাওয়া যায়। এর আগের রাতে গ্যারেজ থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। পুলিশের সন্দেহ, সেই রাতেই দুর্বৃত্তরা খুন করেছে তাঁকে। এ ঘটনার পরদিন পুলিশ সন্দেহভাজন গ্যারেজ মালিক হেলাল উদ্দিন ও অপর এক ব্যক্তিকে আটক করে। পরে এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় হেলাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়। গত মঙ্গলবার চট্টগ্রাম জেলা জজ আদালতে বিচারিক হাকিম মো. রেজার কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন হেলাল।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুল আলম আখন্দ এ তথ্য জানান। জবানবন্দিতে হেলাল উদ্দিন বলেছেন, রিপনের সঙ্গে বেতন নিয়ে তাঁর বনিবনা হচ্ছিল না। বাজারের ব্যবসায়ী সমিতি বিষয়টি মধ্যস্থতা করে। এরপর রিপনের বেতন বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছিল তিন মাস আগে। রিপন বেতন আরও বাড়ানোর কথা বললে গত এক মাস আগে থেকে এক হাজার টাকা বাড়ানো হয়। কিন্তু এই বেতনেও তিনি সন্তুষ্ট ছিলেন না। রিপন অন্য জায়গায় চাকরির চেষ্টা করলে হেলাল তাঁকে বাঁধা দেন। এই বিরোধের জের ধরেই তিনি রিপনকে খুন করান।
রিপনের বাবা গনেশ দে শোকে নির্বাক হয়ে গেছেন। স্বজনেরা কান্না থামাতে চাইলেও থামছিল না মায়ের কান্না। গনেশ দে ও অঞ্জনা দেবীর একমাত্র ছেলে ছিলেন নিহত রিপন। তাঁর একমাত্র বড় বোনের বিয়ে হয়েছে। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে অভাবের কারণে আর পড়তে পারেননি রিপন। সংসারের হাল ধরতে গত তিন বছর আগে গ্যারেজে কাজ নিয়েছেন। বৃদ্ধ বাবা-মা রিপনের আয়ের ওপর নির্ভরশীল। তিন বছর ধরে তিন হাজার টাকা বেতনে চাকরি করেছেন রিপন। গত মাস থেকে বেতন বেড়ে পাঁচ হাজারে দাঁড়িয়েছিল। সে টাকায় আর বাবার সামান্য সহযোগিতায় কোনোমতে চলত সংসার।
গনেশ দে বলেন, ‘আমার ছেলে রিপন শান্ত স্বভাবের ছিল। গ্যারেজের মালিক হেলাল উদ্দিনের কাছে কেবল ন্যায্য বেতনটাই চেয়েছিল। হেলাল রিপনকে অনেক কম টাকায় দীর্ঘ দিন খাটিয়েছে। বেতন বাড়ানোর দাবি করায় খুন হতে হয় তাকে।’
পুলিশের ধারণা, বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে রিপনকে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত রোববার গনেশ দে বাদী হয়ে ভূজপুর থানায় মামলা করেছেন। আটককৃত হেলাল উদ্দিনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রিপনের মা অঞ্জনা দেবীর আহাজারিতে আশপাশের বাতাস ভারী হয়ে ওঠে। বিলাপের সুরে তিনি বলতে থাকেন, ‘আমার ছেলেটার কী দোষ? এখন আমি কাকে নিয়ে থাকব? কে আমাকে মা বলে ডাকবে?’