গুলশান ট্র্যাজেডি, হলি আর্টিজান, জঙ্গি, মদদদাতা, ঐকমত্য, জামায়াত পরিহার, ফিরে আয় বাবা, শিকড় উৎপাটন, সোশ্যাল মিডিয়া, অভিভাবকদের ব্যর্থতা, জঙ্গিবাদ মোকাবিলা, বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সম্পৃক্ততা—ইত্যাদি শব্দ যতক্ষণ জেগে থাকি ততক্ষণ, আর যদি চোখে ঘুম আসে ঘুমিয়ে পড়ার পরও মাথাটা যেন চিবিয়ে খাচ্ছে। পড়ার ঘরে, খাবার টেবিলে, শোবার ঘরে, টিভি খুলতেই, রেডিও চালাতেই একই কথা। বন্ধুদের বাড়িতে গেলে, বন্ধুরা বাড়িতে এলে একই আলোচনা। আলোচনা না হয়ে কি উপায় আছে? বাঙালি জাতি কি কখনো এ রকম একটা জঘন্য ঘটনার কথা ভেবেছিল?
সারা জীবন দেখেছি বাংলাদেশ একটি অতিথিপরায়ণ দেশ। একাত্তর সালে মা-চাচিরা গভীর রাতে মুক্তিযোদ্ধাদের রান্না করে খাবার মুখে তুলে দিতেন। মা-মামিরা চিড়া-মুড়ি বেঁধে দিতেন তাঁদের কাঁধের গামছায়। দূরপথে যদি তাঁদের শুকনো খাবার প্রয়োজন হয়।
বিদেশ থেকে অতিথিরা এলে তাঁদের আদর-যত্নের কখনো অভাব হয়নি। যে যাঁর সাধ্যমতো অতিথিদের সেবা করেছেন। যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে এ নিয়মটাই চলে আসছে।
কিন্তু কী ঘটে গেল? বিদেশ থেকে যে মানুষেরা এসেছিলেন আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা কিনা সেই মানুষদের মেরে ফেললাম। এটা কল্পনা করা যায় না। এটা কোন দেশ? এই খুনিরা কি মানুষ হতে পারে? এমন বাংলাদেশকে তো আমরা চিনি না, চিনতে পারি না, চিনতেও চাই না।
আমরা সবাই খুনকেই ঘৃণাভরে দেখি, তবে ১ জুলাইয়ের ঘটনাটা বুকে শেলের মতো বিঁধে আছে, বিঁধে থাকবে। আলোচনা হবে, আলোচনা থাকবে, তবে ঘুরেফিরে যে ছেলেটির কথা বারবার মনকে আচ্ছন্ন করে রাখে তার নাম ফারাজ আইয়াজ হোসেন। টগবগে একটা তরুণ, একটা ফুটন্ত ফুল, সোম্য, শান্ত ও রুচিশীল সভ্য একটা মানুষ। খুনিদের হাত থেকে ছাড়া পেয়েও সে বন্ধুদের একা ফেলে আসেনি। নিজের জীবনকে তুচ্ছ করে গেয়ে গেছে বন্ধুত্বের জয়গান। সবকিছুর ঊর্ধ্বে উঠে সে জয়গানের কথা সব প্রচার মাধ্যমে বারবার প্রচার করা উচিত। যে গল্প শুনে ছোটরা বড় হবে। তরুণেরা বিপথগামী না হয়ে ফারাজের মতো একজন মানুষ হয়ে বাঁচতে চাইবে। মাথা হেঁট নয়, সম্মানিত করবে অভিভাবকদের। আর কোনো অভিভাবককে যেন নিজ সন্তানের কুকর্মের জন্য বিশ্ববাসীর কাছে হাতজোড় করে মাফ না চাইতে হয়।
একটা ছোট খবরে দেখেছি ফারাজের মা বলেছেন, ফারাজকে উনি সব সময় শিক্ষা দিতেন নারী জাতিকে শ্রদ্ধা ও নিরাপত্তা দেওয়ার জন্য। নারীরা মায়ের জাতি, তাঁদের সম্মান দেওয়ার শিক্ষাই তিনি দিয়েছেন।
ফারাজ আইয়াজ হোসেন নিজের জীবনের বিনিময়ে মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। এমন মায়েরা কোথায়? যাঁরা সন্তানদের সুশিক্ষা দিতে চান? আবারও একাত্তরে ফিরে যাই।
মুক্তিযোদ্ধা আজাদের মা আজাদকে বলেছিলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী যত অত্যাচার করুক তুই তোর বন্ধুদের নাম বলিস না, বাবা।’ আজাদের মা এরপর কোনোদিনই আর তাঁর একমাত্র অবলম্বনকে বুকে ফিরে পাননি। যত দিন আজাদের মা বেঁচেছিলেন, তিনি আর কোনোদিনও ভাত স্পর্শ করেননি। কারণ জেলখানাতে বসে আজাদ মায়ের কাছে একটু ভাত খাবে বলে আবদার করেছিল।
৪০ বছর আগে মুক্তিযোদ্ধা আজাদের মা আর আজকের ফারাজ আইয়াজের মায়ের কোনো ফারাক আছে কি? দয়া করে এই মায়েরা ঘর থেকে বেরিয়ে আসুন, সন্তানদের বুকে টেনে নিন। ওদের চিৎকার করে বলুন, জঙ্গিত্ব নয়, খুন নয়, ধর্ষণ নয় ভালোবাসার পথে ফিরে আয় বাবারা। শুধু বাংলাদেশ নয়, সেই চিৎকার ছড়িয়ে যাক সারা পৃথিবীতে; আকাশ-বাতাস কেঁপে উঠুক সে চিৎকারে, সে কান্নায় ভেসে যাক জঙ্গিবাদ। সে কান্নায় ধুয়ে যাক অসহায় নিরীহ মানুষের বুকের ক্ষত, সে চিৎকারে ধ্বনিত হোক সারা বিশ্বে ফারাজ আইয়াজ হোসেন
তোমার মতো বন্ধু চাই
তোমার মতো মানুষ চাই
তোমার মায়ের মতো মা চাই
আবারও প্রমাণ করতে চাই বাংলাদেশ জঙ্গিরাষ্ট্র নয়
আমরা কেউই জঙ্গি খুনিদের সমর্থন করি না।
বাংলাদেশ ফারাজ আইয়াজ হোসেনের মতো দেশি-বিদেশি সব বন্ধুর জন্য একবুক ভালোবাসার দেশ।
বুকের রক্ত দিয়ে আমরা আগেও প্রমাণ করেছি। আবারও করব ইনশা আল্লাহ।
লেখক: ছড়াকার, শিশুসাহিত্যিক