তোর জন্য টেনশন, তোর জন্যই আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>তাঁদের ছেলেরা এখন পুরো দেশের। নাসির হোসেন, তাসকিন আহমেদ, সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমানের মায়েদের এ ভাবনা তো ঠিকই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই তরুণ ক্রিকেটাররা যখন মাঠে খেলেন, তখন তাঁদের মায়েরা কী করেন? ছেলের খেলা দেখেন, নাকি শুধু টেনশন আর টেনশন…
তাসকিনের জন্মদিনে মায়ের আদর
তাসকিনের জন্মদিনে মায়ের আদর

তাসকিনের খেলা স্টেডিয়ামে গিয়ে দেখেন না মা
ছেলের খেলা কখনো স্টেডিয়ামে গিয়ে দেখেন না তাসকিন আহমেদের মা সাবিনা ইয়াসমিন। ‘এমনিতেই যে টেনশনে থাকি, তার ওপর সামনাসামনি খেলা দেখা। অসম্ভব!’ তাই তো তিনি ঢাকার মোহাম্মদপুরের বাড়িতে বসে টিভিতে খেলা দেখেন। ছেলে বোলিং করলে বুক ঢিপঢিপ করতে থাকে তাঁর। যতক্ষণ ছেলের খেলা চলে ততক্ষণ দোয়া পড়েন তিনি।

মাঠে তাসকিন ও মুস্তাফিজ। ছবি: শামসুল হক
মাঠে তাসকিন ও মুস্তাফিজ। ছবি: শামসুল হক

সাবিনা ইয়াসমিন বলেন, তাসকিন আমার একমাত্র ছেলে। তিন ছেলেমেয়ের মধ্যে বড়। ছোটবেলায় ওর বাবা খেলার জন্য রাগারাগি করত। আমি কখনো ওকে বকা দিইনি, মারিওনি। সবার খুব আদরের।’
তাসকিন আহমেদের ডাক নাম তাজিম। কিন্তু বাড়িতে আদর করে দাদি ডাকে ধলা, মা-বাবা ডাকে ‘আব্বু, বাবু বা মানিক’ বলে। ছেলে লম্বা ছিল, তাই মা-বাবা ভেবেছিলেন, সেনাবাহিনীর কর্মকর্তা বানাবেন। তাসকিনের মা মনে করেন, ক্রিকেটার হয়েই ভালো হয়েছে। সবাই তো চিকিৎসক, প্রকৌশলী হয়। কজন এমন ক্রিকেটার হতে পারে। ছেলেকে নিয়ে তাঁদের গর্বের শেষ নেই। ছেলে যে দেশের জন্য খেলে, দেশের সম্পদ।

মুস্তাফিজুর রহমানের মা মাহমুদা খাতুন। ২১ জুন মুস্তাফিজের ভাই মাহফুজার রহমান ছবিটি তুলে পা​িঠয়েছেন
মুস্তাফিজুর রহমানের মা মাহমুদা খাতুন। ২১ জুন মুস্তাফিজের ভাই মাহফুজার রহমান ছবিটি তুলে পা​িঠয়েছেন

মুস্তাফিজ মায়ের মতো শান্ত
ভারতের সঙ্গে দ্বিতীয় ওয়ানডে চলছে বাংলাদেশের। মাত্রই উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। খুলনায় থাকা মা মাহমুদা খাতুনের কণ্ঠে তখন খুশির আবেগ। মুঠোফোনের তরঙ্গ বেয়ে ফোনের এপার থেকে তা টেরও পাওয়া গেল। মাহমুদা খাতুন বলেন, ‘ও আমার মতো। একটু চুপচাপ, শান্ত। চার ছেলের মধ্যে সবার ছোট। ভাইয়েরা ওকে খুব ভালোবাসে। অনেক কষ্ট করছে আমার ছেলেটা।’
দুশ্চিন্তার কারণে একনাগাড়ে ছেলের খেলা দেখতে পারেন না তিনি। কিছুক্ষণ পরপর উঠে যান। ১১ ছেলের জন্যই দোয়া পড়েন। বললেন, ‘সবাই তো আমার ছেলে। নিজের ছেলে ভালো করলে বেশি ভালো লাগে। কিন্তু বাকিরা ভালো যাতে করে, সে জন্য সবার জন্য দোয়া করি।’

মায়ের সঙ্গে নাসির
মায়ের সঙ্গে নাসির

নাসিরের খেলা দেখে আনন্দ পাই
ছেলের খেলা দেখলে আনন্দও যেমন হয়, দুশ্চিন্তাও হয়। খেলায় ভালো না করলে ছেলের মন খারাপ হবে। ছেলের মন খারাপ মানে তো মায়েরও মন খারাপ। নাসির হোসেনের মা মিরা খাতুনের কাছ থেকে জানা গেল এ কথা। তিনি বলেন, ‘শুধু নিজের ছেলের জন্য না, বাকি সব ছেলের জন্য দোয়া করি। সবাই ভালো করলে বেশি ভালো লাগে।’ আসলেই তো, সবাই ভালো না করলে বাংলাদেশ দল কীভাবে জিতবে।

মাঠে ন​াসির ও সাব্বির। ​ছবি: শামসুল হক
মাঠে ন​াসির ও সাব্বির। ​ছবি: শামসুল হক

রংপুরের বাড়িতে টেলিভিশনেই খেলা দেখেন মিরা খাতুন। ছেলের ব্যাটিং, বোলিংয়ের সময় দুশ্চিন্তা হয় তাঁর। বাংলাদেশ জিতলে খুব ভালো লাগে। না জিতলে নাসিরের মতো তাঁরও মন খারাপ হয়। কিন্তু নিজের মন খারাপ ছেলেকে বুঝতে দেন না। ছেলেকে ফোনে সান্ত্বনা দেন এই বলে, ‘খেলায় তো হার-জিত থাকবেই। মন খারাপ করে থাকলে চলবে না। কীভাবে আরও ভালো করা যায়, সেই চেষ্টা করতে হবে।’

মায়ের সঙ্গে সেলফি ত​ুলেছেন সাব্বির
মায়ের সঙ্গে সেলফি ত​ুলেছেন সাব্বির

সাব্বির প্রতিদিন মায়ের খোঁজ নেন
সাব্বির রহমান মায়ের কাছে রুম্মান। পরিবার ও কাছের মানুষেরা তাঁকে এ নামেই ডাকে। এসএসসি পরীক্ষা চলছিল, হঠাৎ ডাক পেল ঢাকার অনূর্ধ্ব-১৩ দলে খেলার। মায়ের মন একটু খারাপই হয়েছিল, ছেলেটা বাকি পরীক্ষাগুলো দিতে পারবে না। কিন্তু ছেলেকে আটকে রাখতেও চাননি। ছেলে তো তাঁর ক্রিকেটারই হতে চায়। সেই শুরু…
সাব্বিরের খেলা থাকলে মা হাজেরা খাতুন ব্যস্ততার মধ্যে টিভিতে খেলা দেখেন। অফিস থাকলেও ফাঁকে ঠিক ছেলের খেলা দেখা চাই-ই চাই। সাব্বির প্রতিদিন মায়ের খোঁজ নেন। মা ওষুধ ঠিকমতো খেল কিনা, খেয়েছে কিনা। হাজেরা খাতুন বলেন, ‘দুই ছেলের মধ্যে ও ছোট। খেলার আগে ফোন করলে বলি, ঠান্ডা মাথায় খেলবে। তাড়াহুড়া করবে না।’
রাজশাহীতে গেলে এখনো মাকে বাড়ির কাজে সাহায্য করেন। মায়ের লক্ষ্মী ছেলে সাব্বির।