তৈদুছড়া ঝরনার হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরা ভাষায় ‘তৈদু’ শব্দের অর্থ হচ্ছে পানির দুয়ার বা পানির দরজা। পাহাড়ের কোলে এ যে পানির রাজ্য যেখানে আনন্দের হাট বসে প্রতিদিন। আর হাতির মতো অলস পাথরগুলো হাতছানি দিয়ে ডাকে সবাইকে। দীঘিনালার তৈদুছড়া যেন আনন্দ দিয়ে গড়া, যেন প্রকৃতি নিজেই সাজিয়েছেন। কয়েকজন আদিবাসীর মুখে তৈদুছড়ার রূপের কথা শোনা হয়েছে অনেকবার। দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরাও তৈদুছড়ার রূপে মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নিলেন রূপসীকে দেখার। ৪ আগস্ট ভোর সাতটায় আট সদস্যের একটি দল উপজেলা সদরে হাজির। দলে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা, শিক্ষক রাজীব ত্রিপুরা, দাউদ, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, মফিজ আর অম্লান চাকমা। গাড়িতে করে উপজেলার চাপ্পাপাড়া পর্যন্ত যাওয়া যায়, এরপর কাঁচা রাস্তা, হাঁটা ছাড়া উপায় নেই। বোয়ালখালী ছড়ার পাশে ছোট গ্রাম বুদ্ধমাপাড়া। সেখানে আদিবাসীদের সঙ্গে গল্প হলো, সঙ্গে নেওয়া হলো অজিত ত্রিপুরাকে। পথে দেখা হলো জুমচাষি দুই ভাই—দিগন্ত চাকমা ও অনন্ত চাকমার সঙ্গে। পথ চলতে গিয়ে তাঁরাও তৈদুছড়ার রূপের বর্ণনা দিলেন। সামনে তৈদুছড়ার মুখ, এবার হাঁটতে হবে পানি আর পাথরের ওপর দিয়ে, আমরা ছুটে চললাম। চলতে চলতে চোখ আটকে গেল এক জায়গায়—ছড়ার মাঝে যেন বুনো হাতির পাল পানিতে গা ভাসিয়ে দিয়েছে। কাছে যেতেই ভুল ভাঙল—এগুলো হাতি নয় বড় বড় পাথর। কোনোটা দেখতে ফুটবলের মতো, কোনোটি হাতি। ছড়াটি পাথরবেষ্টিত, মাঝে সুড়ঙ্গের মতো। ছড়া দিয়ে পাক্কা এক ঘণ্টা হাঁটার পর শোনা গেল হঠাৎ তীব্র বেগে পানি গড়িয়ে পড়ার শব্দ। অজিত ত্রিপুরা জানালেন, আর ১০ মিনিট হাঁটলেই তৈদুছড়া জলপ্রপাত। হাঁটতে হাঁটতে একসময় সামনে এসে দাঁড়াল তৈদুছড়া। একমুহূর্ত দেরি নেই, সবাই গা ভাসিয়ে দিলেন জলধারায়। ছড়াটি দেখতে পাকা সিঁড়ির মতো, দ্রুত উপরে ওঠা যায়। প্রায় ১০০ ফুট ওপরের পাহাড় থেকে ছড়ায় নেমে আসছে জলধারা। এবার রওনা দিলাম তৈদুছড়া ঝরনার দিকে। প্রায় এক ঘণ্টা ছড়া দিয়ে এগিয়ে যাওয়ার পর আবার পানির শব্দ। প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে নেমে আসছে ঝরনাধারা। ঝরনাটি ঠিক সিঁড়ির মতো, পাঁচটি ধাপ। সব ধাপেই বসে ও শুয়ে পানিতে গা ভাসানো যায়। মাঝেমধ্যে পানির স্রোত বেড়ে গেলে হঠাৎ ধাক্কা খেতে হয়। ঝরনার নিচে বড় হ্রদ। পাথরের ওপর দিয়ে হেঁটেও হ্রদে ঘুরে বেড়ানো যায়। রাজীব ত্রিপুরা জানালেন,‘এ ঝরনায় সারা বছর একই নিয়মে পানি প্রবাহিত হয়। আশপাশে জুমের পাহাড়, ফসল তোলা শুরু হয়েছে। মনবালা ত্রিপুরা নামে এক আদিবাসী নারী বললেন,‘ঝরনা আর সুন্দর পাথরের টানে আপনারা এসেছেন। ভালো লাগছে, আমাদের তো কেউ দেখতে আসে না। গ্রামের পথ দিয়ে কোনো মানুষ গেলে আমাদের কাছে অতিথি মনে হয়।’ আদিবাসীরা খুবই অতিথিপরায়ণ। একজন দৌড়ে এসে জুমের শসা (স্থানীয় ভাষায় মারফা) খেতে দিলেন। আদিবাসী নারী গাছ থেকে পেড়ে পেয়ারা খেতে দিলেন। আশপাশে তিন-চারটি গ্রাম আছে, কিন্তু গ্রামের মানুষেরা চেনেন না নলকূপ। তৈদুছড়ার পাশে শিবছড়ি পাহাড়ে পাথরে গড়া শিবমূর্তি, হাতি ও বড় সাপ দেখে আসতে পারেন। ইউএনও মো. মনিরুজ্জামান মিঞা জানালেন, ‘দেখে মনে হচ্ছে, দীঘিনালাবাসী স্বর্গে বাস করেন। তৈদুছড়ায় পার্বত্য চট্টগ্রামের শ্রেষ্ঠ পর্যটন ও বিনোদন স্থান হয়ে উঠতে পারে। ইউএনও জানালেন, বোয়ালখালী ছড়ায় বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উত্পাদনের জন্য জরিপ করা হচ্ছে। বাঁধটি হয়ে গেলে তৈদুছড়ায় যাওয়া অনেকটা সহজ হয়ে উঠবে, তখন ইঞ্জিনচালিত নৌকায় তৈদুছড়া জলপ্রপাতের কাছাকাছি পৌঁছানো যাবে। কীভাবে যাবেন: ঢাকার কলাবাগান, কমলাপুর থেকে শান্তি পরিবহন, সৌদিয়া, এস আলম ও শ্যামলী পরিবহনে দীঘিনালা উপজেলা সদরে আসতে হবে। রওনা দেওয়ার আগেই পথপ্রদর্শক ঠিক করে রাখতে হবে। চাপ্পাপাড়া পর্যন্ত গাড়িতে গিয়ে হাঁটতে হবে বাকি পথ। আসা-যাওয়ায় সময় লাগবে পাঁচ ঘণ্টা। ভোরে রওনা দিলে তিনটার মধ্যে ফেরা সম্ভব হবে। চট্টগ্রামের অক্সিজেন থেকে শান্তি পরিবহনের গাড়িতে দীঘিনালা এসে একই পদ্ধতিতে তৈদুছড়া যাওয়া যায়।