তৈদুছড়ার ঝরনাধারা
দূর থেকে দেখে মনে হবে, বুনো হাতির পাল ছড়ার পানিতে গা ভাসিয়ে আছে। কিন্তু কাছে যেতেই ভুল ভাঙবে। আসলে এগুলো বড় বড় সব পাথর। দেখতে অবিকল হাতির মতো। বিস্ময়ের এখানেই শেষ নয়। ছড়া ধরে সামনে এগোলে মূল আকর্ষণ তৈদুছড়া ঝরনা। তা-ও একটি নয়, দুটি। আদিবাসীদের ভাষায় তৈদু শব্দের অর্থ হচ্ছে পানির দুয়ার। আবার কারও কারও মতে পানির নিঃশ্বাস।ঝরনায় যাওয়ার পুরোটা পথ পাথর পরিবেষ্টিত। মাঝেমধ্যে সুড়ঙ্গের মতো। তৈদুছড়া ঝরনা দেখতে আসলে পাকা সিঁড়ির মতো—রয়েছে পাঁচটি ধাপ। শুধু ওপরেই উঠতে হবে। সব ধাপেই বসে ও শুয়ে পানিতে গা ভাসানো যায়। অবশ্য মাঝেমধ্যে পানির বেগ বেড়ে যায় এবং হঠাৎ ধাক্কা মারে। সে জন্য একটু বাড়তি সতর্ক হওয়া প্রয়োজন। ঝরনার নিচে একটি বড় হ্রদ। সাঁতরেও ঝরনায় যাওয়া যায়।তবে হ্রদে সাঁতরে না গিয়ে পাথরের ওপর দিয়ে হেঁটে যাওয়াই ভালো। প্রথম ঝরনাটা পার হওয়ার পর আরও ওপরে উঠলে পাবেন পাথরের গুহা। গুহায় প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বেঞ্চে একটু জিরিয়ে নিতে পারেন। গুহা পেরিয়ে এবার আরেক বিস্ময়—বড় ঝরনা। অবিরাম কলহাস্যে গড়িয়ে পড়ছে জল। মজার বিষয় হচ্ছে, এ ঝরনাও কয়েক ধাপে পাথরের সিঁড়ি। সেখানেও শুয়ে-বসে জলে গা ভাসিয়ে দেওয়া যায়। তবে এ ঝরনার বৈশিষ্ট্য হচ্ছে, এটি পিচ্ছিল নয়। আর সারা বছর সমান তালে প্রবাহিত হয়। ঝরনার পথে যাওয়ার সময় মুগ্ধ করবে আদিবাসীদের আতিথেয়তা। অতিথিকে সন্তুষ্ট করতে তাঁদের শত চেষ্টা।স্থানীয় বাসিন্দা মনবালা ত্রিপুরা বলেন, ‘পাহাড়ের ঝরনা আর সুন্দর পাথরের টানে এখন অনেক লোক আসে। ভালোই লাগছে, না হলে আমাদের কেউ দেখতেও আসত না। গ্রামের পথ দিয়ে কোনো মানুষ গেলে আমাদের কাছে অতিথি মনে হয়। তাঁকে সন্তুষ্ট করতে পারলে আমাদের পুণ্য হবে।’ঝরনা দেখে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সায়েম জানান, তৈদুছড়ার এ ঝরনা অন্য ঝরনা থেকে সম্পূর্ণ আলাদা। এটি মাধবকুণ্ড ঝরনার চেয়েও বেশি সুন্দর ও নিরাপদ।জেনে রাখা ভালোদীঘিনালা উপজেলা সদর থেকে তৈদুছড়া যাওয়ার জন্য হাঁটা ছাড়া কোনো উপায় নেই। হাঁটলেও কোনো অসুবিধা হবে না। কারণ, চলতে হবে ছড়া ধরে। তেমন কোনো পাহাড়ও বেয়ে উঠতে হবে না। আট থেকে ১০ জনের একটি দল হলে আনন্দ উল্লাস আর গল্পগুজবে কখন গন্তব্যে এসে পৌঁছাবেন, নিজেই বুঝতে পারবেন না। তবে যাওয়ার সময় একজন পরিচিত আদিবাসী গাইড নিলে ভালো হবে। তৈদুছড়ায় গেলে মন আর ইট-পাথরের শহরে ফিরে আসতে চাইবে না। পাহাড়ে নানা পাখির কলতান, ঝরনার পানির শব্দ, পাথরের নানা দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই।পর্যটকদের যাতায়াত ও থাকার সুবিধাখাগড়াছড়িতে আসার জন্য রয়েছে ঢাকা, চট্টগ্রাম থেকে বিলাসবহুল বাস। ভাড়াও তেমন বেশি নয়। থাকা-খাওয়ার জন্য রয়েছে আধুনিক পর্যটন মোটেল, আলুটিলায় রয়েছে ইমাং রিসোর্ট, শহরে রয়েছে হোটেল সুবর্ণ শৈল, হোটেল জিরানসহ আরও কয়েকটি হোটেল। কক্ষ ভাড়াও বেশি নয়। এ ছাড়া আগে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পার্বত্য উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং জেলা পরিষদের বিশ্রামাগারের (রেস্ট হাউস) কক্ষেও থাকা যায়।