ক্যাডেট কলেজের রুটিনমাফিক ব্যস্ত জীবনের ফাঁকে একটু সময় খুঁজে নিয়ে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া, আবার চূড়ান্ত পর্যায়ের জন্য পুরো বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হওয়া অবশ্যই বিশাল গৌরবের ব্যাপার। আর এই গৌরবের দাবিদার হচ্ছেন বরিশাল ক্যাডেট কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আবদুল তৈয়ব আকন।লন্ডনভিত্তিক সংস্থা ইংলিশ স্পিকিং ইউনিয়ন (ইএসইউ) প্রতিবছর আন্তর্জাতিকভাবে পাবলিক ইংলিশ স্পিকিংয়ের ওপর একটি প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তিন-চার বছর ধরে বাংলাদেশে এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই আয়োজন হয়ে থাকে। এবারই প্রথম ক্যাডেট কলেজগুলোকে এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এআইইউবি) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয় আবদুল তৈয়ব।প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনে ১৩-১৭ মে। মোট ৬০ দেশের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আর প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে আবদুল তৈয়ব আকন। এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ২৯ জনকে বাছাই করা হয়, যার মধ্যে ক্যাডেট ছিল ১২ জন। দ্বিতীয় রাউন্ডে ২৯ থেকে কমে এসে যা দাঁড়ায় ১৪ জনে। এক মাস পর তার পরের রাউন্ডে দুজনকে বাছাই করা হয় এবং চূড়ান্ত রাউন্ডে গিয়ে চ্যাম্পিয়ন হয় আবদুল তৈয়ব।তৈয়ব বলল, ‘প্রথমে আমাদের একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। বিষয়টির ওপর সঠিকভাবে প্রস্তুতি নিয়ে তা বিচারকদের সামনে উপস্থাপন করতে হয়েছে। তবে চূড়ান্ত পর্যায়ে আমাদের উপস্থিত বক্তৃতার মাধ্যমে নির্বাচন করা হয়েছে।’ এই সাফল্য অর্জনের অনুভূতি কেমন জানতে চাইলে সে বলল, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগীদের সঙ্গেও আমাদের প্রতিযোগিতা করতে হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই একটু ভয় কাজ করছিল পারব কি পারব না, এই নিয়ে। তাই নির্বাচিত হওয়ার পরের অনুভূতিটা খুবই ভালো।’ফাইনাল নিয়েও তৈয়ব যে খুব আত্মবিশ্বাসী, তা তার কণ্ঠস্বরেই প্রকাশ পাচ্ছিল। তার জন্য রইল শুভকামনা।