তৈরি হচ্ছেন পর্যবেক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় গত ডিসেম্বরের পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছিল বলে ব্যাপক অভিযোগ রয়েছে। সেই একই ঘটনা যেন ৪ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে না ঘটে, সে জন্য স্বেচ্ছাসেবী পর্যবেক্ষক হতে এগিয়ে এসেছেন হাজারো রুশ।নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন ওই স্বেচ্ছাসেবীরা। কীভাবে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে—তা দেখার জন্য সম্প্রতি বিবিসির একজন সাংবাদিক একটি প্রশিক্ষণস্থলে গিয়েছিলেন। প্রশিক্ষণকেন্দ্রটির অবস্থান মস্কোর উত্তরে একটি কলেজে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে তুষারে ঢাকা পথ ঠেলে স্বেচ্ছাসেবীরা সেখানে গেছেন। রাত ১০টা পর্যন্ত প্রশিক্ষকদের বক্তৃতা চলল। এবার ওই স্বেচ্ছাসেবীরা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করার যোগ্য বলে বিবেচিত হবেন।বিরোধী দলের নেতারা আশা করছেন দেশের প্রতিটি ভোটকেন্দ্রেই নির্বাচন পর্যবেক্ষক থাকবেন। রাশিয়াজুড়ে এটা করা কঠিন হলেও অন্তত মস্কোর সব ভোটকেন্দ্রে পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবী রয়েছেন।যে পন্থায় গত ডিসেম্বরের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে, তাতে বেশ ক্ষুব্ধ ইগর কুচেরভ নামে প্রশিক্ষণ নেওয়া একজন। তিনি বিবিসির সাংবাদিককে বললেন, ‘কোনো কিছুই না করে বসে থাকলে পরিবর্তনও হবে না। আমাদের আরও বেশি সংখ্যায় এগিয়ে আসা উচিত। আরও দায়িত্বশীল হওয়া দরকার। ভোট কারচুপি হলে তা বন্ধ করতে হবে।’ ডিসেম্বরের নির্বাচনের সময় অনেক পর্যবেক্ষককে হুমকি দেওয়া হয়। কেউ কেউ গালমন্দ বা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। অনেককে ভোটকেন্দ্র থেকে বের করেও দেওয়া হয়।কুচেরভ বলেন, ‘জানি, আবার এ রকম কিছু হতে পারে। তবে আমি এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।’ এদুয়ার্দ লিমোনভ অনিবন্ধিত ‘এনাদার রাশিয়া’ ব্লকের একজন নেতা। রাশিয়ার কঠোর নির্বাচনীবিধি মানতে ব্যর্থ হওয়ায় তাঁকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। লিমোনভের অভিযোগ, রুশ কর্তৃপক্ষ আরেকটি নির্বাচনী কারচুপির জন্য প্রস্তুতি নিচ্ছে।মস্কোসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক পুতিনবিরোধী বিক্ষোভ লিমোনভের মনে কোনো ছাপ ফেলতে পারেনি। হবু নির্বাচন পর্যবেক্ষকদের এ জাতীয় তৃণমূল পর্যায়ের কর্মকাণ্ডের কোনো মূল্য আছে কি না—এ প্রশ্নের জবাবে লিমোনভ বলেন, আসল রাজনীতির স্থান দখল করে নিয়েছে কিছু ‘বোকাটে’ কার্যকলাপ।নির্বাচন পর্যবেক্ষকেরা বলছেন, তাঁরা গত ৪ ডিসেম্বরের নির্বাচনে শত শত কারচুপির ঘটনা প্রতিহত করতে পারেননি। ভিডিওতে ধারণ করা কারচুপির প্রমাণও জাল আখ্যায়িত করে তা নাকচ করে দিয়েছেন নির্বাচনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। এ জন্য পর্যবেক্ষক হিসেবে সাধারণ নাগরিকদের অন্তর্ভুক্তি অর্থহীন বলে মনে করেন অনেকেই। ৪ ডিসেম্বরের নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করা নাতালিয়া আলেক্সিভা তাঁদের একজন।ভোট গ্রহণ শেষ হওয়ার পর জালভোট ভরা একটি অতিরিক্ত ব্যালট বাক্স তাঁর কেন্দ্রে আনতে দেখেছিলেন আলেক্সিভা। তিনি তখন এর প্রতিবাদ জানান। আলেক্সিভা জানান, উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শেষ পর্যন্ত সন্দেহজনক ব্যালট বাক্সটি খোলা হয়। বাক্স খোলার পর দেখা যায় সেখানে ২৫০টি ব্যালট পেপার রয়েছে। সবগুলো ভোটই ক্রেমলিনপন্থী ইউনাইটেড রাশিয়া পার্টির পক্ষে। শেষ পর্যন্ত ব্যালট পেপারগুলো বাতিল ঘোষণা করা হয়। তার পরও কয়েক ঘণ্টা পরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আলেক্সিভা দেখতে পান, তাঁর কেন্দ্রে ইউনাইটেড রাশিয়া দলের ভোট প্রায় তিনগুণ বেড়েছে। আগামী ৪ মার্চের নির্বাচনে আলেক্সিভা নির্বাচন কমিশনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন। কারণ তাঁর ধারণা, বেশির ভাগ জালিয়াতি এই স্তরেই করা হচ্ছে। রুশ-ব্যবস্থায় নির্বাচন কমিশন একেকটি এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রের ফলাফল তুলনার কাজ করে। আলেক্সিভা বলেন, একে গতানুগতিক কথা বলে মনে হতে পারে। তবে কিছু ব্যবস্থা নিতেই হবে। জনগণের নির্বাচনের অধিকার রীতিমতো উদ্ধতভাবে হরণ করে নেওয়া হয়েছে। দূরে সরে থাকার মানে হচ্ছে অনিয়মের নীতিকে উৎসাহিত করা। এ নীতি ভোটের অধিকার কেড়ে নিচ্ছে।  দাউদ ইসলাম, বিবিসি থেকে