তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবারজগতে নতুন নতুন অপরাধের পরিধি বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নির্যাতনের ধারাতেও এসেছে পরিবর্তন। ডিজিটাল জগতে যৌন হয়রানি এসবের মধ্যে একটি। কারও সম্মতি ছাড়া তার ব্যক্তিগত বা গোপনীয় কোনো ছবি বা ভিডিও ইন্টারনেটসহ ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়া কিংবা ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়াও এই নির্যাতনের মধ্যে পড়ে। সামনাসামনি না হয়ে ডিজিটাল মাধ্যমে যে হয়রানি বা নির্যাতন হচ্ছে, সেটিকে ‘হালকা’ ধরনের নির্যাতন ভাবার কোনো কারণ নেই। যেকোনো যৌন নির্যাতন ও হয়রানির মতো ডিজিটাল জগতের এই নির্যাতনও অপরাধ এবং একই রকম অগ্রহণযোগ্য।
জোর করে ছবি তুলতে বাধ্য করা হয় নারীকে, আবার অনুমতি ছাড়া বা নারীকে না জানিয়ে ছবি তুলে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। এরকম ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। এই সবই একইরকম অপরাধ। আবার ধরা যাক, একজন নারীর ছবি যখন তোলা হলো, তখন হয়তো তার সম্মতি ছিল। কিন্তু ছবি তোলার সম্মতি মানে এই নয় যে, তা যেখানে–সেখানে প্রকাশ করার অনুমতিও দিয়ে দেওয়া হলো। তাঁকে না জানিয়ে যখন ইন্টারনেটে সেটি ছাড়া হলো, তখন অনেকেই বলে থাকেন, ‘মেয়েটা ওই ছবি তুলতে রাজি হলো কেন?’ খুব সতর্ক কাউকেও অনেক সময় বলতে শোনা যায়, ‘মেয়েটা কেন এমন কাজ করতে গেল?’
ব্যস, শুরু হয়ে যাবে ‘ভিকটিম ব্লেমিং’ বা নির্যাতনের শিকার নারীর ওপর দোষারোপ করার চর্চা। আর দশটা নির্যাতনের মতোই, নির্যাতনকারীর দিকে আঙুল না তুলে বিভিন্ন প্রশ্ন তোলা হয় সেই নারীকে নিয়ে। ভিকটিম ব্লেমিংয়ের যে সংস্কৃতি, তার সুযোগ নিয়ে থাকে নির্যাতক। এই সংস্কৃতি নির্যাতিত নারীকে নির্বাক করে তোলে এবং যার ফলে ব্যক্তিস্বাধীনতার পাশাপাশি সামগ্রিক প্রতিবাদের ভাষাটাও যেন কেড়ে নেওয়া হয়। তাই নারী যখন প্রচণ্ড সাহস সঞ্চয় করে তার বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদ করতে চায়, তখন তার ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এ রকম হুমকি দিয়ে বারবার যৌন নির্যাতন করার কিছু খবরও আমরা সংবাদমাধ্যমে দেখে থাকি। এর বাইরে আরও কতশত ঘটনা যে কখনোই খবর হবে না, তা–ও আমাদের অজানা নয়।
কীভাবে বন্ধ হবে এই যৌন নির্যাতন ও সহিংসতার চক্র?
প্রথমেই যে নারীর সঙ্গে এমন ঘটনা ঘটে যাবে, তাকে মনে রাখতে হবে এতে তার কোনো দোষ নেই। সামাজিক লজ্জা, মানসম্মান বা কলঙ্ক বলে যদি কিছু থাকে, তা সেই নির্যাতকের জন্য প্রযোজ্য। অনুমতি ছাড়া ছবি ছড়িয়ে এবং বল প্রয়োগ করে যৌন নির্যাতন করে নির্যাতক সমাজের কাছে তার অবস্থান পরিষ্কার করে তুলে ধরেছে।
অনলাইনে হোক কিংবা সামনাসামনি, নারীর প্রতি বৈষম্য ও নির্যাতন বন্ধ করতে ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধে কথা বলার চর্চা শুরু করতে হবে। তার জন্য ঘরে ও পাবলিক প্লেসে সব জায়গাতেই নারীর অবস্থান নিয়ে সামাজিক মনোভাব বদলাতে হবে।
নির্যাতন চুপ করে সয়ে যাওয়ার সংস্কৃতি আরও ভয়ানক ঝুঁকিতে ফেলে দেয় নারীকে। এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে পরিবার ও সমাজে সবাইকে একত্র হতে হবে। তৈরি করতে হবে প্রতিবাদের সংস্কৃতি। একটা শক্তিশালী এবং সংবেদনশীল সামাজিক বলয় তৈরি করতে হবে আমাদের চারপাশে। যেখানে সবাই সজোরে প্রতিবাদ করবে যৌন নির্যাতনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, চুপ করে অন্যায় সয়ে যাওয়ার সংস্কৃতির বিরুদ্ধে।
প্রশ্ন তুলতে পারেন, কেন করব এই প্রতিবাদ? উত্তরটাও খুব সহজ। কারণ, শুধু আইন প্রয়োগ করে এই নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আইনি বিচার নিশ্চয়ই কাম্য। কিন্তু এই সামাজিক সমস্যার সমাধানের জন্য প্রয়োজন প্রতিরোধ। তাই কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার পরে মামলাভিত্তিক না ভেবে, নারী নির্যাতন প্রতিরোধের জন্য পদ্ধতিগত সামাজিক পরিবর্তন প্রয়োজন।
একজন নির্যাতক কোন কারণে নির্যাতন ও হয়রানি করছে, তার মূল কারণটা বুঝতে হবে। নারীকে দুর্বল মনে করে তার ওপর কর্তৃত্ব ও আধিপত্য বিস্তারের মাধ্যমে নির্যাতক পুরুষ পিতৃতন্ত্রের খুব চেনা অস্ত্র প্রয়োগ করতে চায় বারবার। বছরের পর বছর নারীর প্রতি সহিংসতার চেনা ছবিরই আরেক রূপ ‘সাইবার বুলিং’। অস্ত্রটা যা–ই হোক না কেন, এটি প্রতিরোধ করতে হলে জানতে হবে নির্যাতক কেন সহিংস আচরণ করছে? পাশাপাশি নারীকে কথা বলতে দিতে হবে, তার কথা শুনতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে যেন সাইবার বুলিংসহ সব নির্যাতনকে আমরা অগ্রহণযোগ্য বলতে পারি। সহিংসতার চক্র বন্ধ করতে হবে। নির্যাতনের সংস্কৃতি বন্ধ করতে পরিবার ও সমাজকে প্রতিরোধের বলয় তৈরি করতে হবে। যেই বলয়ের ভেতরে নিশ্চিন্তে, নিরাপদে থাকতে পারবে নারী। নির্যাতনের শিকার হলে তাতে থাকবে না কোনো লজ্জা, মানসম্মান হারানোর কোনো ভয়।
ধর্ষণের পর ভিডিও ধারণে কঠিন শাস্তি
তানজিম আল ইসলাম
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
ধর্ষণের পর ভিডিও ধারণ করলে কিংবা এ ভিডিও দিয়ে নির্যাতনের শিকার নারীকে ব্ল্যাকমেল করলে ধর্ষণের সাজা তো পেতেই হবে, পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ীও শাস্তি পেতে হবে। এ ছাড়া কিছু ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ীও দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।
বর্তমান আইনে ধর্ষণের শাস্তি করা হয়েছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড । যদি ধর্ষণের সময় জোর করে ধর্ষণের শিকার নারীর কোনো ভিডিও ধারণ করে কিংবা কোনো প্রলোভন দেখিয়ে পর্নোগ্রাফির জন্য কোনো ভিডিও বা স্থিরচিত্র নির্যাতিতার জ্ঞাতে বা অজ্ঞাতে ধারণ করা হয়, তবে এই অপরাধের শাস্তি হবে ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড।
যদি কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে কোনো নারীর সম্মানহানি করে, ভয়ভীতির মাধ্যমে কোনো অর্থ বা সুবিধা আদায় করে কিংবা মানসিক নির্যাতন করে, তবে দায়ী ব্যক্তি ৫ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এ আইনে অপরাধ অজামিনযোগ্য।
যদি কোনো নারীকে ডিজিটাল মাধ্যমে কোনো আক্রমণ করার জন্য বা ভয় দেখাতে ভিডিও বা ছবি প্রকাশ–প্রচার করা হয়, তবে ডিজিটাল নিরাপত্তা আইনে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা ৩ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। ডিজিটাল মাধ্যমে মানহানিকর কিছু প্রকাশ করলে হতে পারে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড।